কর্মেই তিনি বেঁচে থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ এম জাকেরিয়া চৌধুরী
এ এম জাকেরিয়া চৌধুরী

সৃজনশীল ও কল্যাণমুখী কর্মের মাধ্যমে কিংবদন্তিতুল্য মানুষেরা অমর হয়ে থাকেন। তাঁদের আদর্শ ও কর্মকাল অনুকরণীয় হয়ে থাকে প্রজন্ম–প্রজন্মান্তরে। ব্রিটিশ, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশে ত্রিকালের সাক্ষী এ রকম একজন ব্যক্তিত্ব ডা. এ এম জাকেরিয়া চৌধুরী। মানবকল্যাণ ও দেশের জন্য সব সময় কাজ করে গেছেন। কর্মই তাঁকে বাঁচিয়ে রাখবে চিরকাল।
১৯২৮ সালের ২৩ এপ্রিল রাউজানে ডাবুয়ার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জাকেরিয়া চৌধুরীর জন্ম। চট্টগ্রামের মুসলিম হাইস্কুল ও মেডিকেল কলেজে অধ্যয়নকালে জাকেরিয়া চৌধুরী অসাম্প্রদায়িক চেতনায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৪৬ সালে পাকিস্তান আন্দোলন ও ১৯৪৮ সালের পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগে যোগদান করেন। দিনে দিনে ঘনিষ্ঠ সহচর হয়ে ওঠেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ সৃষ্টির শুরুতেই রাউজান থানার শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন। এ ছাড়া ৬২–র শিক্ষা কমিশন আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ও ৬৯–এর বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা অব্যাহতির লক্ষ্যে গণ–অভ্যুত্থানে চট্টগ্রামের এম এ আজিজ, জহুর আহম্মদ চৌধুরী, এম এ হান্নান ও অধ্যাপক মোহাম্মদ খালেদের পাশাপাশি আন্দোলন–সংগ্রামের সক্রিয় সংগঠক ছিলেন।
১৯৭০ সালের নির্বাচনে তৎকালীন পাকিস্তানের স্পিকার মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর বিরুদ্ধে দৈনিক আজাদী পত্রিকার তৎকালীন সম্পাদক অধ্যাপক মো. খালেদের পক্ষে রাউজান-ফটিকছড়ি আসনে নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন তিনি। মহান মুক্তিযুদ্ধের সময় রিক্রুট চিকিৎসা ট্রেনিং ও রসদ জোগানোর দায়িত্ব পালন করেন তিনি। ডাবুয়া ইউনিয়ন পরিষদের ২৯ বছর প্রতিনিধিত্বের পাশাপাশি তিনি ছিলেন চট্টগ্রাম জেলা আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। এ ছাড়া বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। জাকেরিয়া চৌধুরী ২০১৩ সালের ২১ অক্টোবর নগরের আশকার দীঘির পাড়ের দোস্ত কলোনির নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। দোস্ত কলোনি মসজিদের উত্তর পশ্চিম পাশে তাঁকে সমাহিত করা হয়।