
বিতর্ক সংগঠন দৃষ্টি আয়োজিত আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতায় সেরা হয়েছে নগরের কলকাকলি বিদ্যালয়। ১৫ দিনব্যাপী এই প্রতিযোগিতা এবার রাঙামাটি, কক্সবাজার ও চট্টগ্রাম নগরের পঁাচটি আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের ২১৬ জন বিতার্কিক অংশ নেয়। ৬ আগস্ট প্রতিযোগিতা উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান। এই সময় উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। সভাপতিত্ব করেন প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান কলিম সরওয়ার। এটি ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-দৃষ্টি ২৩তম আন্তস্কুল প্রতিযোগিতা।
এরপর ২১ আগস্ট সেরা আটটি বিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হলো ফাইনালের প্রথম পর্ব। এতে অংশ নেয় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কলকাকলি উচ্চবিদ্যালয়, সিলভার বেলস গার্লস হাইস্কুল, সিডিএ পাবলিক স্কুল, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আইডিয়াল স্কুল, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
২২ আগস্ট শিরোপা নির্ধারণী প্রতিযোগিতায় শিরোপা অর্জন করে চট্টগ্রামের কলকাকলি বিদ্যালয়। রানার্সআপ হয় সিলভার বেলস গালর্স হাইস্কুল। শ্রেষ্ঠ বক্তা হয় কলকাকলি বিদ্যালয়ের সাব্বির আহমেদ। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং চতুর্থ হয় কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ইউনুস গনি চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রুপ চিফ কমিউনিকেশন অফিসার সামী আল হাফিজ।
মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। তাই দেশের সার্বিক উন্নয়নের জন্য সমগ্র চট্টগ্রামের উন্নয়ন সাধন করতে হবে। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ নারীদের ওপর নির্ভরশীল হবে। দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান বলেন, চ্যালেঞ্জ নাও, চ্যালেঞ্জই জীবন। নতুন চ্যালেঞ্জ নাও। তোমরা ভালো মানুষ হয়ে গড়ে উঠো এবং দেশকে এগিয়ে নিয়ে যাও।