কলম্বিয়ায় পরিবর্তনের আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার বিপ্লবী গোষ্ঠী রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) তাদের কাছে এক দশকেরও বেশি সময় ধরে জিম্মি থাকা ১০ সেনা ও পুলিশসদস্যকে মুক্তি দিয়েছে সম্প্রতি। ফার্ক বাহিনীর এই উদ্যোগকে দেশটির দীর্ঘদিনের এ বিদ্রোহে এক গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে বিবেচনা করা হচ্ছে। দশকের পর দশক ধরে গেরিলা যুদ্ধ চালিয়ে যাওয়া ফার্ক এখন সরকারকে শান্তি আলোচনার জন্য চাপ দিচ্ছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ১০ ব্যক্তি জিম্মি থাকাকালে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের শরীর ও মনের ওপর এখনো রয়ে গেছে তার ছাপ। তবে এই ১০ জিম্মির মুক্তির মধ্য দিয়েই হয়তো দেশে শান্তির পথ সুগম হবে। সত্যিই তা হয় কি না জানার জন্য অপেক্ষা করছে কলম্বিয়ার জনগণ। অনেক কিছুই এখন নির্ভর করছে সরকারের ওপর। প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ২ এপ্রিল ওই জিম্মিদের মুক্তির পর বলেছেন, ফার্কের সঙ্গে শান্তি আলোচনার ‘যথার্থ সময়’ এখনো আসেনি, যদিও আলোচনার দরজা সব সময়ই খোলা। তিনি বলেন, এটি (জিম্মিমুক্তি) খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং শান্তি প্রতিষ্ঠার পথে সঠিক উদ্যোগ। তবে দেশবাসী ও সারা বিশ্ব এখন ফার্ক বিদ্রোহীদের কবলে জিম্মি সব বন্দীর মুক্তির অপেক্ষা করছে। মুক্তিপণ আদায়ের জন্য ফার্ক অন্তত ৪০০ জনকে অপহরণ করেছে বলে ধারণা করা হয়। তবে তাদের হেফাজতে থাকা জিম্মির প্রকৃত সংখ্যা আরও কম হওয়াটাই স্বাভাবিক। কারণ বন্দিদশায় তাদের কারও কারও মৃত্যু হয়েছে। এ ছাড়া বেশি মুক্তিপণ আদায়ের লোভে গেরিলার বেশে দুর্বৃত্তপনা করে বেড়ানো অনেক গোষ্ঠী অনেক সময় ফার্কের কাছ থেকে জিম্মি ছিনিয়ে নিয়ে যায়।শিগগিরই শান্তি আলোচনার সম্ভাবনা নাকচ করে দেওয়াটা হয়তো প্রেসিডেন্ট সান্তোসের জনপ্রিয়তা বাড়াবে। ফার্কের সঙ্গে সংলাপে বসার জন্য বিভিন্ন মহলের চাপ বাড়লেও আসন্ন নির্বাচনের দিকেই মূলত নজর রাখবেন তিনি। প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার লক্ষ্যে ২০১৪ সালের গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সান্তোস। বিপ্লবী সংগঠন ফার্কের কর্মকাণ্ডে সম্প্রতি বেশ কিছু কৌশলগত পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়টি এসব পরিবর্তনের অন্যতম। সংগঠনটি সব ধরনের অপহরণ কর্মকাণ্ড থেকে সরে আসবে বলে গত ফেব্রুয়ারিতে ঘোষণা দেয়। এ থেকে ফার্ক গেরিলাদের কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। এভাবে তারা নিজেদের নেতাদের মুক্তির জন্য নিরাপত্তাবাহিনীর সদস্য ও রাজনীতিকদের জিম্মি করার পুরোনো কৌশল থেকে সরে আসার উদ্যোগ নেয়। মূলত ২০০৮ সালের জুলাই মাসেই ফার্ক তাদের অপহরণকৌশলের ইতি টানে। কলম্বিয়ার সেনাবাহিনী তখন দুঃসাহসী এক অভিযান চালিয়ে ফার্কের কাছে জিম্মি থাকা ১৫ জনকে উদ্ধার করেছিল। ওই জিম্মিদের মধ্যে ছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ইনগ্রিদ বেতানকোর্ত।অপহরণ ও মুক্তিপণ আদায় ছিল ফার্কের আয়ের বড় একটি উৎস। তবে সাম্প্রতিক বছরগুলোতে মাদক চোরাচালান ও চাঁদাবাজি করে তুলনামূলক বেশি অর্থ আয়ের পথ খুঁজে পেয়েছে তারা। কলম্বিয়া সরকার ফার্কের সঙ্গে সর্বশেষ আলোচনায় বসেছিল ১৯৯৯ সালে। সমঝোতার শর্তগুলো তখনকার চেয়ে বর্তমানে খুব একটা ভিন্ন নয়। তবে তখন পরিস্থিতি ছিল ভিন্ন। গেরিলাদের সঙ্গে সংঘর্ষে একের পর এক পরাজয়ে মনোবল ভেঙে গিয়েছিল কলম্বিয়ান সেনাবাহিনীর। ফার্কের প্রতিষ্ঠাতা ম্যানুয়েল মারুলান্দা (প্রকৃত নাম পেদ্রো মারিন) ৪০ হাজার বর্গকিলোমিটার আয়তনের বিশাল ভূখণ্ডে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ওই এলাকায় সেনাবাহিনীর কোনো প্রভাবই ছিল না। পাঁচ দশক পর ফার্কের সেই সুদিন এখন আর নেই। মার্কিন সমর্থনপুষ্ট কলম্বিয়ান সেনাবাহিনীর কাছে উপর্যুপরি পরাজয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে তারা। সেনাবাহিনীর অভিযানে ফার্ক বিদ্রোহীর সংখ্যা ১৬ হাজার থেকে গত এক দশকে অর্ধেকে নেমে এসেছে। একসময় কলম্বিয়ার এক-তৃতীয়াংশ অঞ্চল ফার্কের নিয়ন্ত্রণে ছিল। এখন পিছু হটে গিয়ে তারা অরণ্যসংকুল পার্বত্য এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। নেতৃত্বের শূন্যতাই সম্ভবত সংগঠনটির ওপর সবচেয়ে বড় আঘাত। সরকারি বাহিনীর বিমান হামলায় গত চার বছরে ফার্কের সর্বোচ্চ পরিষদের সাত নেতার মধ্যে পাঁচজনই নিহত হয়েছেন। এ ছাড়া গেরিলা যোদ্ধাদের নেতৃত্ব দেওয়া মধ্যসারির বেশ কয়েকজন নেতাও প্রাণ হারিয়েছেন। ফার্ক বিদ্রোহীদের বর্তমান নেতা রদ্রিগো লন্দনোর সামনে মূল সমস্যা হলো সংগঠনের তৃণমূল ও মধ্যপর্যায়ে নেতৃত্বসংকট। তবে সরকারের জন্য ফার্ককে পুরোপুরি দমন করা এখনো কঠিন কাজ। লড়াইয়ের রসদ ও অর্থ সংগ্রহের পাশাপাশি রাজনৈতিক অবস্থান ফিরে পাওয়ার জন্য সংগঠনটি সরকারের সঙ্গে শান্তিপ্রক্রিয়ায় অংশ নিয়েছে। নেতা রদ্রিগো লন্দনো হয়তো ঠিক এমনটাই চান। বিদ্রোহীদের হামলার ধরনেও গত তিন বছরে এসেছে পরিবর্তন। নব্বইয়ের দশকের মতো এখন তারা আর ইউনিফর্মে সুসজ্জিত দল নিয়ে বড় ধরনের হামলা চালায় না। বরং মূলত বেসামরিক পোশাকে ছোট ছোট দলে ভাগ হয়ে অভিযান চালায়। সরকারের সঙ্গে ফার্কের সংলাপ অদূরভবিষ্যতেই অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আশঙ্কার কথা হচ্ছে, আলোচনার দরকষাকষিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে ফার্কের সন্ত্রাসী হামলা বাড়তে পারে। সম্ভাব্য এই শান্তি আলোচনার বিষয়টি অবশ্য নির্ভর করছে প্রেসিডেন্ট সান্তোসের সিদ্ধান্তের ওপরই। অনেকে মনে করেন, ‘যথার্থ সময়ের’ জন্য তিনি যত অপেক্ষা করবেন ফার্ক ততই একটি সংঘবদ্ধ ও সশস্ত্র মাদক চোরাচালানি দলে পরিণত হবে। এরপর একটা সময়ে তারা হয়তো অস্ত্র নামিয়ে রাখার জন্য দলনেতার নির্দেশ পর্যন্ত অমান্য করতেও পিছপা হবে না। l আশিস আচার্য, সূত্র: বিবিসি