কলা অনুষদের কম্পিউটার ল্যাব বন্ধ, ইন্টারনেট সেবা পাচ্ছেন না শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের কম্পিউটার ল্যাব প্রায় দুই বছর বন্ধ রয়েছে। এ কারণে অনুষদের নয়টি বিভাগের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কর্তৃপক্ষ বলছে, অর্থ বরাদ্দ না থাকায় ল্যাবটি চালু করা সম্ভব হচ্ছে না।প্রশাসন সূত্রে জানা যায়, নির্ধারিত বাজেট ও জনবল ছাড়াই ২০০৬ সালে এ ল্যাবটি চালু করা হয়। এক্সিম ব্যাংক এ ল্যাব চালুর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৪টি কম্পিউটার দেয়। তখন একজন অফিস সহকারী দিয়ে ল্যাবটি চালু রাখা হয়। দীর্ঘদিন পার হলেও ল্যাবের জন্য কোনো অর্থবরাদ্দ দেওয়া হয়নি এবং জনবলও নিয়োগ করা হয়নি। প্রথম দিকে নিয়মিত কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ল্যাবটি ব্যবহার করতেন। নিয়মিত ব্যবহারের ফলে ল্যাবের কম্পিউটারগুলোতে বিভিন্ন ত্রুটি দেখা দেয়। কিন্তু বরাদ্দের অভাবে এ ত্রুটি সারানো হয়নি। ফলে একপর্যায়ে ল্যাবের অধিকাংশ কম্পিউটার নষ্ট হয়ে পড়ে। নিয়মিত মেরামত না করায় এসব কম্পিউটার ব্যবহার অনুপযোগী হয়ে যায়। এ অবস্থায় ২০০৯ সালে ল্যাবটি বন্ধ করে দেওয়া হয়।কম্পিউটার ল্যাব বন্ধ থাকায় হতাশ বাংলা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান প্রথম আলোকে বলেন, ‘এখন তথ্য-প্রযুক্তির যুগ। এ সময়ে আমাদের অনুষদের কম্পিউটার ল্যাব আরও আধুনিক হওয়ার কথা। উল্টো বন্ধ হয়ে গেল।’ল্যাব ব্যবহারকারী বাংলা বিভাগের শিক্ষার্থী বোরহান মাহমুদ বলেন, ‘এ ল্যাবের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম। কিন্তু ল্যাব বন্ধ থাকায় ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছি। এ অনুষদ ভবনে আর কোনো ল্যাব না থাকায় প্রতিনিয়ত বিভিন্ন ভোগান্তি পোহাতে হয়। এ জন্য অতিদ্রুত এ ল্যাব চালু করা উচিত।’এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে কলা অনুষদের ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ল্যাব চালু করার জন্য চেষ্টা করছি। কিন্তু এ জন্য আলাদা কোনো বাজেট নেই। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও এ ল্যাবটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে বাজেট পাওয়া গেলে, কম্পিউটার ল্যাবটি চালু করা হবে।’তিনি আরও বলেন, ‘কম্পিউটার ল্যাবটি কীভাবে চালু রাখা যায়, এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল ২০০৯ সালের প্রথম দিকে। কিন্তু কমিটি এখনো পর্যন্ত প্রতিবেদন জমা দেয়নি। কমিটি প্রতিবেদন দিলে ল্যাব চালুর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’জানা যায়, চালু থাকা অবস্থায় এ ল্যাবে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এতে প্রায় এক হাজার শিক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেন বলে জানা যায়।কলা অনুষদের জ্যেষ্ঠ এক শিক্ষক বলেন, ‘এভাবে ল্যাব বন্ধ হয়ে যাওয়া দুর্ভাগ্যজনক। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীদের স্বার্থে খুব দ্রুত পুনরায় এ ল্যাবটি চালু করা উচিত।’