কলাগাছ লাগিয়ে বাড়ির প্রবেশপথে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের হিন্দুপাড়ার দুটি হিন্দু বাড়ির প্রবেশপথে (রাস্তায়) পাশের বাড়ির লোকজন কলাগাছ লাগিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই বাড়ি দুটিতে ছয়টি পরিবারের বসবাস। কলাগাছ লাগানোর কারণে চলাচলে ভোগান্তিতে পড়েছেন ওই সব পরিবারের সদস্যরা। গত ৯ এপ্রিল লাগানো কলাগাছগুলো এ প্রতিবেদন পাঠানোর সময় পর্যন্ত সরানো হয়নি। সংখ্যালঘু ব্যক্তিদের অন্যতম আনন্দের দিন পয়লা বৈশাখও তাঁরা পালন করেছেন আতঙ্ক ও দুঃখ নিয়ে।বিষয়টি জানিয়ে এবং প্রতিকার চেয়ে গত ১০ এপ্রিল বাড়ির মালিক তপনচন্দ্র দে ও সুভাষচন্দ্র দে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দরখাস্ত পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘উভয় পক্ষ থেকে আবেদন পাওয়া গেছে। স্থানীয় চেয়ারম্যানকে সমাধান করে দেওয়ার জন্য বলা হয়েছে।’ তবে গতকাল এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সরেজমিনে গত ১০ এপ্রিল দুপুরে দেখা যায়, তপনচন্দ্র দে ও সুভাষচন্দ্র দের বাড়ির প্রবেশপথের (একমাত্র রাস্তা) মাঝখানে প্রায় ২০-২৫ গজ জায়গাজুড়ে ১৯টি কলাগাছ লাগানো হয়েছে। মঘাদিয়া ইউনিয়নের হাদীনগর গ্রামের আবুল কাশেম, তিনঘরিয়াটোলা গ্রামের বেলাল হোসেন, মো. আলাউদ্দীনসহ আরও অনেকে জানান, হিন্দুপাড়ার পাশের হোসেনের জমান প্রকাশ মহরির ছেলে আবুল খায়ের ও তাঁর ভাই মো. আজম গত ৯ এপ্রিল দিনের বেলায় গাছগুলো লাগিয়েছেন। এ সময় ভয়ে কেউ তাঁদের বাধা দিতে আসেনি। সুভাষ দে, তপনচন্দ্র দে, তাঁদের চাচাতো ভাইও একই বাড়ির বাসিন্দা স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ঝুলন দে জানান, ৫০-৬০ বছর আগে থেকে ওই ছয় পরিবারের লোকজন ওই রাস্তা ব্যবহার করতেন। প্রায় ১৭ বছর আগে হোসেনের জমানের ছেলেদের কাছ থেকে আট শতক জায়গা কিনে তাঁরা রাস্তাটি প্রশস্ত করেন। বর্তমানে হোসেনের জমানের ছেলেরা রাস্তার জায়গা তাঁদের বলে দাবি করছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সালিসের মাধ্যমে সুরাহার চেষ্টা করলেও হোসেনের জমানের ছেলেরা তাতে সাড়া দিচ্ছেন না। মো. আবুল খায়ের কলাগাছ লাগানোর কথা স্বীকার করে বলেন, ‘আমাদের জায়গায় গাছ লাগিয়েছি। এতে কারও অসুবিধা হলে কিছু করার নেই।’আবুল খায়েরের বড় ভাই ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. আবদুর রউফও রাস্তার জায়গা তাঁদের বলে দাবি করেন। তবে আট শতক জায়গা সুভাষ দের পরিবারের কাছে বিক্রি করার কথা স্বীকার করে তিনি জানান, সীমানা নির্ধারণ করে দেওয়ার জন্য তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন। এ ব্যাপারে বিচারে যে সিদ্ধান্ত দেওয়া হবে তা তাঁরা মানবেন।বিগত সময়ের সালিস বৈঠকের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. নুরুল মোস্তফা বলেন, ‘জায়গা কার তা মাপের পর ঠিক হবে, কিন্তু ওই রাস্তায় গাছ লাগিয়ে তাঁরা ঠিক করেননি।’ এ প্রসঙ্গে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন আহামদ প্রথম আলোকে বলেন, ‘উভয় পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সমস্যার সমাধান চেয়ে আবেদন করেছেন। তিনি সমস্যা সমাধানে আমার ওপর দায়িত্ব দিয়েছেন। আমি ২৫ এপ্রিল সরকারি সার্ভেয়ার ও কানুনগো চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি দিয়েছি। কানুনগো এবং সার্ভেয়ার পেলে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।’