কলাগাছের কী দোষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ে আছে মাথাকাটা কলাগাছ। এক-দুটি নয়, ২০০। কোনো কোনোটিতে আছে মোচা, কোনোটিতে আস্ত কলার ছড়া। দুর্বৃত্তদের কোপের হাত থেকে রেহাই পায়নি একটি গাছও। মাটির সঙ্গে মিশে গেছে বাগান।
মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর বাজার এলাকার একটি বাগানে দুর্বৃত্তরা হত্যা করে গাছগুলো। ১৯ মে রাতে এ ঘটনা ঘটে।
বাগানের মালিক মো. আলাউদ্দিন জানান, বামনসুন্দর বাজারসংলগ্ন তাজুল ইসলামের পুকুরপাড়ে এক বছর আগে ২০০ কলাগাছ রোপণ করেন তিনি। কিছু গাছ থেকে ফলও পাওয়া গেছে। কিন্তু কে বা কারা রাতের আঁধারে সব কটি গাছ কেটে দিয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে তাঁর। এ ঘটনায় মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
কেন এমন হলো প্রশ্ন করলে আলাউদ্দিন বলেন, ‘আমি নিজেই বুঝতে পারছি না কারা আক্রোশের বশবর্তী হয়ে কাজটা করেছে। এখান থেকে সবাই রাসায়নিকমুক্ত কলা খেতে পারতেন। এখন সেটা আর হবে না। গাছগুলো আদৌ আর লাগাতে পারব কি না, বলতে পারছি না।’ কাটাছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যাপারটি খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।