কলাবাগান-নাপিতাপাড়া সড়কে নিত্যদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপক চাকমা, খুশি চাকমা, হাসি চাকমা ও আনন্দ চাকমা পানছড়ি বাজার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। দুর্গম অক্ষয়পাড়া গ্রামে তাদের বাড়ি। রোজা ও ঈদ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকলেও কোচিং করার জন্য প্রতিদিন তাদের বিদ্যালয়ে যেতে হয়। কিন্তু পানছড়ি ইউনিয়নের কলাবাগান-নাপিতাপাড়া গ্রামের সাত কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় তাদের। একইভাবে বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক শিক্ষার্থীসহ এলাকার কয়েক হাজার মানুষকে নিত্য ভোগান্তির মধ্যে আসা-যাওয়া করতে হচ্ছে এই সড়ক দিয়ে। এটি পানছড়ি ইউনিয়নের রতন মুনিপাড়া, লম্বাপাড়া, অক্ষয়পাড়া, বৃষ মোহনপাড়া, নো আদামপাড়া, বড়তলপাড়া ও নাপিতাপাড়া গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। শিক্ষার্থীরা জানায়, কাদায় পিছলে পড়ে কিংবা ময়লা পানি ছিটকে পড়ে প্রায় সময় পরনের কাপড় নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন তারা বিদ্যালয়ে আসে অতিরিক্ত কাপড় নিয়ে। কিন্তু অতিরিক্ত পোশাক না থাকায় আর দুর্ভোগের কারণে অনেকে বর্ষাকালে স্কুলে আসে না। ৫ আগস্ট সরেজমিনে গিয়ে দেখা যায়, কাদা-পানিতে একাকার সড়কটি দিয়ে হেঁটে চলাচল করছে শিক্ষার্থীসহ এলাকার মানুষ। অক্ষয়পাড়ার বিবর্তন চাকমা ও নাপিতাপাড়ার কার্বারি কিরণ শশী চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা। কেউ ফিরে তাকাচ্ছে না। ইট বিছিয়ে হলেও এটি চলাচল উপযোগী করার জন্য উপজেলা প্রশাসনে অনেকবার ধরনা দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।’ তাঁরা জানান, এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে এ সড়কে ভুঁইয়ো ছড়ার ওপর একটি কালভার্ট ও বদাচোগীমার ছড়ায় একটি কাঠের সেতু স্থাপন করা হয়েছিল। চলতি বর্ষা মৌসুমে চেংগী নদীর ভাঙনের কবলে পড়ে সেগুলোও ভেঙে গেছে।স্থানীয় ওয়ার্ড সদস্য জটিল বিকাশ চাকমা বলেন, ‘সড়কটি সংস্কার করে ইট বিছানোর জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের কাছে আমিও অনেকবার বলেছি। কিন্তু তাঁরা আমাকে জানিয়েছেন, অর্থ বরাদ্দ না থাকায় কিছু করা যাচ্ছে না।’ বিষয়টি স্বীকার করে পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা বলেন, ‘এ ব্যাপারে পানছড়ি উপজেলা নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।’ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘সড়কটি ইট বিছিয়ে সংস্কারের ব্যাপারে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।’এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘উপজেলার কলাবাগান-নাপিতাপাড়া সড়ক, পূজগাং মুখ-যুবনাশ্বপাড়া সড়ক, লোগাং উচ্চবিদ্যালয়-শ্রীকুন্তিমা ছড়া সড়ক ও নালকাটা-শুকনাছড়ি সড়ক খুবই জন গুরুত্বপূর্ণ। এসব সড়ক পাকা করার জন্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে। তিনি কলাবাগান-নাপিতাপাড়া সড়ক ও পূজগাং মুখ-যুবনাশ্বপাড়া সড়ক নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।’