কলামিস্ট ভুলানাথ
গ্রামের কিছু ছেলে উদ্যোগ নিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। তো, তার জন্য কিছু টাকা-পয়সা দরকার। উদ্যোগ নেওয়া হলো কিছু কার্ড ছাপানো হবে, আর আমন্ত্রিত অতিথিদের কার্ড বিতরণের বিনিময়ে কিছু অনুদান সংগ্রহ করা হবে। কিছু বন্ধু নেমে পড়ল কার্ড বিতরণের জন্য। পথেই ভুলানাথের সঙ্গে দেখা। ভুলানাথ গ্রামের আর দশজন ছেলে থেকে একটু আলাদা। গ্রামে কোনো অনুষ্ঠান হলে সে বড় মাপের একজন সমালোচক হয়ে যায়। সব অনুষ্ঠানেই উপস্থিত থাকে এবং অনুষ্ঠান শেষে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে যে, এটা এমন হওয়া উচিত হয়নি, ওই কাজটা এভাবে করলে ভালো হতো ইত্যাদি। এক বন্ধু কার্ড বাড়িয়ে ভুলানাথের হাতে দিল। ভুলানাথ খুব খুশি। এই প্রথম তাকে কোনো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়া হচ্ছে। কিন্তু কার্ড পেয়ে ভুলানাথ হঠা ৎ রেগে উঠল। মনে হলো তেলে-বেগুনে জ্বলে উঠল। বলল, ‘এটা কেমন ফাজলামো। তোমরা একটা মানুষকে এখনো সঠিকভাবে মূল্যায়ন করতে শেখোনি।’ দাওয়াতকারী বন্ধুরাও থ হয়ে গেল। কোন দিক দিয়ে আবার তাকে অবমূল্যায়ন করা হলো। ভুলানাথ বলে উঠল, ‘কার্ডের ওপরে তোমরা শুধু আমার নাম লিখেছ, আমি যে কিছু একটা করি, তা কি তোমরা জানো না?’ সবাই তো আকাশ থেকে পড়ল। যে ছেলেটা সব সময় গ্রামের মধ্যে ঘুরে ঘুরে দিন কাটায়, ও আবার কী করে? এক বন্ধু বলেই ফেলল, ‘দাদা, আপনি কী করেন?’ ভুলানাথ উত্তর দিল, ‘তোমরা জানো না, আমি একজন কলাম লেখক আর আমি কলাম লিখি প্রথম আলোতে।’ সবার মাথায় যেন বজ্র পড়ল—কলাম লেখক! তাও আবার প্রথম আলোতে! একজন বিস্মিত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, ‘আপনি প্রথম আলোতে কলাম লেখেন? কিন্তু কোনো দিন তো আমরা আপনার লেখা পড়িনি।’ ভুলানাথ বলল, ‘ঠিক আছে, আগামী রস+আলোর পাঠক সংখ্যায় আমার একটা লেখা ছাপা হবে, পড়বে কিন্তু।’ পাঠকসংখ্যা ছাপা হলো কিন্তু ভুলানাথের লেখা নেই। ভুলানাথ হতাশ, ব্যাপার কী? ছাপা হলো না কেন? তারপর থেকে ভুলানাথ মানুষের কাছে আরও হালকা হয়ে গেল। কিন্তু ভুলানাথ হাল ছাড়েনি। সবাইকে আবার আশ্বাস দিল, আগামী রস+আলোর পাঠকসংখ্যায় তার লেখা অবশ্যই ছাপা হবে। মাস খানেক পর বের হলো রস+আলোর আরেকটি পাঠকসংখ্যা। সবাই আগ্রহের সঙ্গে চোখ বুলাল। কিন্তু কই? না, এবারও ছাপা হলো না। ভুলানাথও মানতে পারছে না। সে সরাসরি পোস্ট অফিসে চলে গেল। গিয়েই পোস্টমাস্টারের সঙ্গে ঝগড়া লেগে গেল। শুধু ঝগড়া নয়, তুমুল ঝগড়া। ভুলানাথের এক কথা, পোস্টমাস্টার এবং ডাক পিয়ন সারাক্ষণ বসেই থাকে। সময়মতো চিঠি পাঠায় না। ভুলানাথ এখন নিঃসন্দেহ, সব ঘাপলা ওই পোস্ট অফিসেই। ওরাই সময়মতো চিঠির ডাক পাঠায়নি। তা না হলে এই অতিসাধারণ লেখাগুলোর মধ্যে ভুলানাথের অসাধারণ লেখাগুলো ছাপা হয় না কেন! অবশ্য প্রথম দিকে ভুলানাথ বি.স. সাহেবকেই সন্দেহ করত। একবার তো বলেই ফেলেছিল, ‘এটা কেমন কাজ, সঠিক লেখা বাছাই করতে পারে না আবার সম্পাদকের পদ নিয়ে বসে আছে।’ তবে এত হতাশার মধ্যেও ভুলানাথ হাল ছাড়েনি। সে লেখা পাঠাতেই থাকল। অবশেষে একদিন সফল। এই যে, তার প্রমাণ। মো. এমরান হোসেইনজাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।