কলার জন্য ২০ বছর অপেক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই কলাগাছের সামনে ব্রিটেনের হেনরি ও নিদা মরডন্ট দম্পতি
সেই কলাগাছের সামনে ব্রিটেনের হেনরি ও নিদা মরডন্ট দম্পতি

সবুরে মেওয়া ফলে—এই প্রবাদ নিশ্চয় শুনেছেন। কিন্তু ব্রিটেনের হেনরি ও নিদা মরডন্ট দম্পতির জন্য প্রবাদবাক্যটি বুঝি একটু ঘুরিয়ে বলতে হবে—সবুরে কলাও ফলে! সাধারণত কলাগাছ রোপণের পর বছর ঘুরতেই ফল দিয়ে থাকে। কিন্তু এই দম্পতির একটি কলাগাছে কলা ধরতে সময় লেগেছে পাক্কা ২০ বছর? ভিরমি খেলেন বুঝি! ৬০ বছর বয়সী নিদা মরডন্ট একবার গিয়েছিলেন ফিলিপাইন। সেখান থেকে দেশে ফেরার সময় স্যুটকেসে তুলেছিলেন একটি কলাগাছের চারা। সেটা দুই দশকের বেশি সময় আগের কথা। কষ্ট করে বয়ে আনা সেই চারা তিনি বাড়ির ফাঁকা জায়গায় লাগলেন। যত্নআত্তি পেয়ে দিনে দিনে সে গাছ বাড়তে বাড়তে দুজনকে ছাড়িয়ে গেল। কিন্তু আবহাওয়ার তারতম্যের কারণে গাছে আর কলার দেখা মেলে না। এক বছর, দুই বছর করে করে তাঁদের কাটেছে ২০ বছর। তত দিনে নিজের গাছের কলা খাওয়ার আশা তাঁরা ছেড়েই দিয়েছেন। তবে এ বছর হালকা শীত ও গ্রীষ্মের আর্দ্রতা তাঁদের মুখে হাসি ফুটিয়েছে। কারণ, কলাগাছে এরই মধ্যে কলা ধরেছে। এখন এই দম্পতি দিন গুনছেন কবে পাকবে কলা। প্রতিবেশী আর বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে ‘বানানা পার্টি’ আয়োজনের চিন্তাও রয়েছে তাঁদের মাথায়। এদিকে অনেকের মনে অবশ্য প্রশ্ন, কলাগাছ কি আদৌ ২০ বছর বাঁচে?

মিরর অবলম্বনে