কলার রাজ্য ইছাখালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইট্টা, আনাজি, কাট্টলি, সবরি ও চাঁপা। নামের কী বাহার! চারদিকে কলা, কিছু কাঁচা, কিছু পাকা—যেন কলার রাজ্য। রাঙামাটি পার্বত্য জেলা ও রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকা থেকে কলা আসে প্রতিদিন। এখান থেকে কিনে নিয়ে যান চট্টগ্রাম শহরসহ সারা দেশের ব্যবসায়ীরা। কলার এ হাট বসে রাঙ্গুনিয়ার ইছাখালীতে। হাটের ইজারাদার মো. আইয়ুব জানান, প্রতিদিন বিকিকিনি চললেও সাপ্তাহিক হাট বসে বুধবার। রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকার হাজারের বেশি ব্যবসায়ী হাটে কলা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। জানা যায়, রাঙ্গুনিয়ার মরিয়মনগর, সরফভাটা, কোদালা, চন্দ্রঘোনা, পারুয়া ও পৌর এলাকার ব্যবসায়ীরা রাঙামাটি জেলার রাজস্থলি, ফারুয়া, বরকল, কাপ্তাই, বিলাইছড়ি ও লংগদু বাজার থেকে কলা আনেন। কর্ণফুলী নদীপথে নৌকায় করে আসে বেশির ভাগ কলা। ২০ বছর ধরে জমজমাট এই হাট। ব্যবসায়ীরা জানান, প্রথম দিকে দুই-একজন কলার ছড়া নিয়ে আসতেন ইছাখালীতে। দিনে দিনে হাট জমতে শুরু করে। ১৯৯০ দশকের শুরুর দিকে বাইরের ব্যবসায়ীরাও কলা কেনার জন্য এখানে আসতে থাকেন। স্থানীয়রা জানান, ব্যবসায়ীরা রাঙামাটির বিভিন্ন বাজার থেকে কলা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ইছাখালি ঘাটে পৌঁছেন। রাতের মধ্যে নৌকা থেকে কলা নামিয়ে ঘাটের পাশে সারি করে রাখা হয়। বুধবার সকাল ছয়টা থেকে শুরু হয় বেচাকেনা। মুরাদনগর পৌর এলাকার কলা বিক্রেতা আমির হামজা জানান, ‘একসময়ের নির্জন এলাকা ইছাখালি এখন কলার হাট হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হয় এখানে।বহদ্দারহাটের ব্যবসায়ী বদরুল ইসলাম জানান, চার বছর ধরে ইছাখালি থেকে কলা কিনে নিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বিক্রি করেন। সারা দেশে এই হাটের কলার চাহিদা আছে। ব্যবসায় লাভও হয় ভালো। পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, ইছাখালি হাটে প্রতিদিন প্রায় ১০ লাখ টাকা এবং বুধবারে হাটের দিন প্রায় ৪০ লাখ টাকারও বেশি কলা বেচাকেনা হয়। তবে হাটে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি। এতে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর মেয়র নুরুল আমিন তালুকদার বলেন, ২০০৯ সালের জুনে পাঁচ লাখ টাকায় এক বছর মেয়াদের জন্য হাট ইজারা দিয়েছে পৌরসভা। হাটের জায়গা বাড়িয়ে অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।