কলার হাটের জায়গা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের পাশে সারি সারি কলার ছড়া। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পাইকারি ব্যবসায়ীদের জন্য অপেক্ষায় থাকেন চাষিরা। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার খাগড়াছড়িতে বসে এ কলার হাট। চাষিরা জানান, কলা বিক্রেতাদের কাছ থেকে বাজার ফান্ড টোল আদায় করলেও তাঁদের বসার জন্য স্থায়ী জায়গা নেই। অথচ এখানে পাইকারি ব্যবসায়ীদের সংখ্যা দিন দিন বাড়ছে। কারণ পাহাড়ের বিভিন্ন বাগানে উৎপাদিত এসব কলার কদর দেশের সবখানে। বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা খাগড়াছড়িতে আসেন কলা কিনতে। প্রতি সপ্তাহে গড়ে ২০ থেকে ২৫ ট্রাক কলা বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। খাগড়াছড়ি বাজারের কলা ব্যবসায়ী ধনগুল চাকমা জানান, প্রতি বৃহস্পতিবার পানছড়ি, দীঘিনালা, ভাই-বোনছড়া, মাইচছড়িসহ বিভিন্ন এলাকা থেকে কলা বিক্রির জন্য নিয়ে আসেন চাষিরা। বড় ব্যবসায়ীরা এখান থেকে বিভিন্ন জেলায় নিয়ে যান।গত বৃহস্পতিবার কলা কিনতে আসেন কুমিল্লার বরুড়া উপজেলার ব্যবসায়ী মকবুল হোসেন (৪৮)। তিনি পাঁচ বছর ধরে এই ব্যবসা করছেন। তিনি বলেন, শুধু খাগড়াছড়ি বাজার থেকে প্রতি সপ্তাহে ২০-২৫ ট্রাক কলা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। এক ট্রাকে দেড় থেকে দুই লাখ টাকার কলা থাকে। আরেক ব্যবসায়ী আবু বকর সিদ্দিক (৩৬)। তিনি নোয়াখালীর চৌমুহনীতে কলা সরবরাহ করেন। তিনি বলেন, খাগড়াছড়ি থেকে চৌমুহনী পর্যন্ত কলা পৌঁছাতে অন্তত পাঁচ থেকে ছয় স্থানে বৈধ ট্যাক্স দিতে হয়। আর অবৈধ ট্যাক্স তো আছেই। ব্যবসায়ীরা জানান, খাগড়াছড়ি বাজারে প্রতি কলার ছড়াতে তিন টাকা বাজার ফান্ডকে, ট্রাকপ্রতি ৫০০ টাকা পৌরসভাকে, এক হাজার টাকা পাবর্ত্য জেলা পরিষদকে কর দিতে হয়। এ ছাড়া পুলিশ, ট্রাক সমিতি, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অনেক চাঁদা দিতে হয়।কলা ব্যবসায়ীদের অভিযোগ, বাজার ফান্ড, পৌরসভা ও পার্বত্য জেলা পরিষদকে কর দেওয়া সত্ত্বেও কলার বাজারের জন্য স্থায়ী কোনো স্থান দেওয়া হয়নি। অনেক অসুবিধার মধ্যে কলা গাড়িতে ওঠানো-নামানো হয়। তাঁরা কলা বাজারের জন্য একটি স্থায়ী জায়গা বরাদ্দের দাবি জানান।এ প্রসঙ্গে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম বলেন, কলা বাজারের জন্য একটি স্থান নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া খারাপ থাকায় উন্নয়নকাজ করা যাচ্ছে না। উন্নয়ন করা হলেই কলা বাজার নির্ধারিত স্থানে বসবে।