কলিং সাগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি জানি, এ কথাগুলো আমার লেখা উচিত হচ্ছে না। কারণ, এ সবকিছুর অধিকার আমি তোমার কাছ থেকে হারিয়ে ফেলেছি। তবু লিখলাম। জানি এই কথাগুলো তোমার নজরে পড়বে না। তুমি আমাকে অনেক ভালোবাসতে। কিন্তু সেই ভালোবাসাটা আমি ধরে রাখতে পারিনি। সম্ভবত সেখানে আমারই কোনো দোষ ছিল। সেই বৃষ্টির দিনের কথাগুলো মনে পড়লে নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হয়। তখন মনে হয় তুমি না, আমি তোমার কোনো দিক থেকেই যোগ্য ছিলাম না। এখন তোমাকে যখন-তখন ফোনকল বা মেসেজ দিতে পারি না। রাতে ফোন দেওয়ার সুযোগ থাকলেও ফোন দিতে পারি না। রাতে কখন যে কাঁদতে কাঁদতে পুরোনো দিনের কথাগুলো ভেবে ঘুমিয়ে পড়ি বুঝতে পরি না। প্রতিদিনের মতো কলেজের সেই রাস্তায় দুজনের হাঁটা, আমার জন্য সব সময় অপেক্ষা করা, আমাকে কলেজের গেট পর্যন্ত পৌঁছে দেওয়া—সবকিছুই মনে পড়ে। কিন্তু কিছুই করতে পারি না। প্রতিদিনের মতো বিকেলে বারান্দায় গিয়ে ছাদের সেই কোনাটায় তাকাই, বাসার সামনের রাস্তায় তোমায় খুঁজি, কিন্তু সবার দেখা পাই, শুধু পাই না তোমার দেখা। আমার জন্যই তোমার এই চিরপরিচিত বেড়ে ওঠা শহরটা ছেড়ে চলে গিয়েছ অনেক দূরে। আমি জানিও না যে তুমি কোথায় গিয়েছ। কিন্তু এটা জানি আমার জন্য তোমার জীবনে এখন অনেক ঘৃণা জন্মেছে। ক্ষমা করা সম্ভব না। তাও যদি পার একটুর জন্য হলেও আমাকে ক্ষমা করে দিয়ো।
বয়রা, সোনাডাঙ্গা, খুলনা