কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা, ত্যাগীদের না রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সাত বছর পর পটিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে এ কমিটিতে অনেক ত্যাগী কর্মীকে রাখা হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট একাধিক কর্মী। ত্যাগী কর্মীদের নিয়ে শিগগির নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে মন্তব্য করেন তাঁরা। সূত্র জানায়, ২ এপ্রিল পটিয়া সরকারি কলেজের বিবিএর ছাত্র আবদুল হান্নানকে সভাপতি, সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক ও নুরুল কবিরকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছরের জন্য ৬১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন এই কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত সভাপতি আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ সাত বছর পর প্রকৃত ছাত্রনেতাদের হাতে নেতৃত্ব ফিরে এসেছে। এতে কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং দলের ভাবমূর্তিম বেড়েছে। এই কমিটি সংগঠনের কর্মকাণ্ডে গতিশীলতা ফিরিয়ে আনার জন্য কাজ করবে।’নতুন কমিটি সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে স্নাতাক শেষ বর্ষের ছাত্র ছাত্রদলের কর্মী হাফিজুর রহমান বলেন, ‘এই কমিটিতে ছাত্রদলের দীর্ঘদিনের অনেক ত্যাগী নেতা-কর্মীকে রাখা হয়নি।’ দক্ষিণ জেলা ছাত্রদলের অনেক নেতা-কর্মীও এ কমিটির ব্যাপারে একমত নন। শিগগিরই ত্যাগী কর্মীদের নিয়ে নতুন কমিটি করা হবে বলে হাফিজুর রহমান মন্তব্য করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, ‘দক্ষিণ জেলা ছাত্রদলে ১৩ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী এর মধ্যে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরে কমিটি হবে বৈধ। কেন্দ্র থেকেও বলা আছে, কর্মিসভা করে কলেজ ও এলাকায় কাজ করেছেন এমন ছাত্রদের নিয়ে কমিটি করতে হবে। কিন্তু নতুন কমিটি সম্পর্কে আমি কিছু জানি না।’এ বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, যোগ্য কর্মীদের নিয়েই নতুন কমিটি গঠন করা হয়েছে। শহীদুল ইসলামের বক্তব্য খণ্ডন করে তিনি বলেন, ‘কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের এখতিয়ার দক্ষিণ জেলা কমিটির আহ্বায়কের। এ ছাড়া যাঁরা কর্মিসভা করে কমিটি করার কথা বলছেন তাঁদের কমিটিও কর্মিসভার মাধ্যমে করা হয়নি।’