
কক্সবাজারের টেকনাফ কলেজের একটি ভবন দুই বছর ধরে আনসার ফাঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে ব্যাঘাত হচ্ছে পাঠাদান। ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিবেশ। কলেজ কর্তৃপক্ষ নানাভাবে চেষ্টা করেও ফাঁড়িটি সরাতে পারছে না।
কলেজ সূত্র জানায়, ২০১২ সালের সেপ্টেম্বর মাসে রামু, টেকনাফ ও উখিয়ার বৌদ্ধপল্লি ও বিহারে হামলার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কথা বলে আনসার-ভিডিপি সদস্যদের এখানে আনা হয়। এর পর থেকেই কলেজের বিজ্ঞান ভবনের তিনটি ও প্রশাসনিক ভবনের দুটি কক্ষে অবস্থান করছেন তাঁরা। স্থানীয় লোকজনের ভাষ্য, টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগেও বড় কোনো ঘটনা ঘটেনি।
১৫ অক্টোবর বিকেলে কলেজ গিয়ে দেখা গেছে, দ্বিতল প্রশাসনিক ভবনসংলগ্ন একতলা বিজ্ঞান ভবনের তিনটি কক্ষ আনসার সদস্যদের দখলে। ভবনটির বারান্দায় এলোমেলোভাবে পড়ে রয়েছে জ্বালানি কাঠ। সামনের খোলা মাঠে পলিথিন দিয়ে তৈরি একটি রান্নার ঝুপড়ি ঘর। সেখানে রাতের খাবার রান্না হচ্ছে। প্রশাসনিক ভবনে উপাধ্যক্ষের কার্যালয় দখল করে থাকছেন আনসার বাহিনীর দায়িত্বে থাকা কর্মকর্তা খলিলুর রহমান।
কলেজের বিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, বিজ্ঞান ভবনের তিনটি কক্ষ আনসার সদস্যরা দখল করায় পাঠদান ব্যাহত হচ্ছে। তা ছাড়া কলেজের প্রশাসনিক ভবনেও দুটি কক্ষ দখল করে তাঁরা পুরো ক্যাম্পাসটি আবাসিক এলাকায় পরিণত করেছেন। অনেক সময় আনসার সদস্যরা ঝগড়া–বিবাদ, গান-বাজনা, হট্টগোল ও চিৎকার করেন। এতে ক্লাসে পাঠ নিতে সমস্যা হয়। কলেজ চলাকালে রান্নার কাজে জ্বালানি কাঠ ব্যবহার করায় ধোঁয়ায় পরিবেশ নষ্ট হচ্ছে। কলেজ সূত্র জানায়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত উপজেলার একমাত্র ডিগ্রি কলেজে বর্তমানে ৭৪৫ জন শিক্ষার্থী রয়েছে। ৩৪ জন শিক্ষক আর ১১ জন কর্মচারী যেখানে বসার জায়গায় পাচ্ছেন না, সেখানে ৩২ জন আনসার সদস্য থাকার জন্য পাঁচটি কক্ষ দুই বছর ধরে দখলে রাখা হয়েছে। তা ছাড়া ভবন ব্যবহারের বিপরীতে আনসার সদস্যরা কলেজ কর্তৃপক্ষকে কোনো ভাড়া বা অর্থ পরিশোধ করে না। উল্টো বিদ্যুৎ বিলও কলেজ কর্তৃপক্ষকে পরিশোধ করতে হচ্ছে।
কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শেখ জয়নাল আবেদীন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলে আনসার সদস্যদের অল্পÍ ¸সময়ের জন্য কলেজ ভবনে রাখা হলেও দীর্ঘ দুই বছর ধরে তাঁরা ভবনটি ফাঁড়ি হিসেবে ব্যবহার করে চলেছেন। এতে কলেজের স্বাভাবিক পরিবেশ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের অল্প সংখ্যক শ্রেণিকক্ষে গাদাগাদি করে পড়াতে হচ্ছে। কলেজ ভবন থেকে আনসার সদস্যদের অন্যত্র সরিয়ে নেয়ার জন্য বলা হলেও ফল পাওয়া যাচ্ছে না।
দুই বছর ধরে কলেজ ভবন থাকা প্রসঙ্গে জানতে চাইলে আনসার বাহিনীর কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘প্রশাসনের নির্দেশে আমরা কলেজ ভবনে থাকছি। নির্দেশ না পাওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে। রান্নাবান্নার জন্য শিক্ষার্থীদের একটু সমস্যা হলে জাতীয় স্বার্থে বিবেচনা করতে হবে। কারণ আমরা তো টেকনাফের আইনশৃঙ্খলা রক্ষা করতে এসেছি।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামু ও ৩০ সেপ্টেম্বর টেকনাফ-উখিয়ার বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় এই আনসার সদস্যদের টেকনাফে আনা হয়। এখন পর্যন্ত তাঁরা কলেজ ভবনে অবস্থান করছেন। দুর্গাপূজায় মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তাঁরা পুলিশকে সহযোগিতা করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আনসার সদস্যদের কলেজ ভবনে রাখা হয়েছে। এখন কলেজের সমস্যা হলে তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে।