কলেজ মাঠ নয় যেন চারণভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলার বরইছড়িতে অবস্থিত কর্ণফুলী ডিগ্রি কলেজের মাঠ কয়েক বছর ধরে গরু-ছাগল বিচরণের অন্যতম ক্ষেত্র হিসেবে ব্যবহূত হচ্ছে। প্রতিদিন শত শত গরু, ছাগল কলেজের মাঠে এসে জড়ো হয়। গরুর গোবরে কলেজের মাঠ এবং কলেজ ক্যাম্পাসের পরিবেশ দূষিত হয় বলে জানালেন কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।গত ১৩ মে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে গরুর পাল। মাঠ ঘুরে গরু, ছাগল ঘাস খাচ্ছে এবং চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে গোবর। অধ্যক্ষ বলেন, ‘বৃষ্টি হলে সব গরু গিয়ে কলেজের বারান্দায় আশ্রয় নেয়। মলমূত্র ত্যাগ করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করে।’ অধ্যক্ষ আরও বলেন, ‘১৯৭৮ সালে কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর কলেজ সড়কের আশপাশে কোনো ঘরবাড়ি ছিল না।পরে আস্তে আস্তে এক এক করে অনেক ঘর গড়ে ওঠে। এখন তো প্রায় প্রতিদিন নির্বিঘ্নে কলেজ সড়কের পাশে অবৈধ ঘরবাড়ি উঠছে। যাঁরা ঘরবাড়ি তৈরি করে বসবাস করছেন, তাঁরা সবাই গরু, ছাগল পুষছেন।’তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে প্রায় ১৫ হাজার টাকা খরচ করে বাঁশের বেড়া দিয়েছিলাম। কিন্তু গরু, ছাগল এবং মানুষের অত্যাচারে দুই মাসও সেই বেড়া টেকাতে পারিনি।’ কলেজের মাঠে অবাধে গরু, ছাগল বিচরণ বন্ধ করতে না পারলে এখানে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ পাওয়া যাবে না বলেও তিনি জানান। বিষয়টি নিয়ে তিনি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছেন বলেও জানান। কলেজের একাধিক শিক্ষার্থী জানান, গরু, ছাগলের ভিড়ে তাঁরা মাঠে যেতে পারেন না। মাঠের পাশে কিছু দৃষ্টিনন্দন গাছের চারা লাগানো হয়েছিল। গরু-ছাগল সব সাবাড় করেছে।