ফেনীর দাগনভূঞা উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা সদরের ইকবাল মেমোরিয়াল কলেজ সরকারি হওয়ায় ১৩ জুলাই আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন অংশ নেন।
আনন্দ শোভাযাত্রা দাগনভূঞা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। কলেজ ছাত্রলীগের সভাপতি আল রাশেদ ভূঞার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোজাম্মেল হক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মহি উদ্দিন, এয়াকুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল ফোরকান, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙালি, আওয়ামী লীগের স্থানীয় নেতা নুরুল হুদা, সাংবাদিক শাহাদাত হোসেন, ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী প্রমুখ। —ফেনী অফিস