কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় হামলার শিকার প্রতিবাদকারী
টেকনাফে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রতিবাদকারী। তাঁকে টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভিযোগে জানা যায়, ২২ জুলাই বিকেল পাঁচটায় উপজেলার সাবরাং ইউনিয়নের খয়রাতিপাড়া গ্রামের বাসিন্দা হাসান আলীর মেয়ে চট্টগ্রামের কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী আজিজা আকতার (১৯) ও তাঁর ছোট বোন ফরিদা আক্তার (১৭) টেকনাফ বাজারে কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে সাবরাং বড় মাদ্রাসার মোড়ে একই এলাকার জাফর আলমের ছেলে নবী আলম (২৩) ও মো. তৈয়বের ছেলে সাইদুর রহমান (২০) নানা ধরনের অশ্লীল কথা ও সংকেতের মাধ্যমে তাদের উত্ত্যক্ত করে। এ সময় সেখানে উপস্থিত হন মেয়েদের মামা রফিকুল আলম। তিনি ঘটনার প্রতিবাদ করলে উত্ত্যক্তকারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নবী আলম, সাইদুর, শফিকুল আলম ও আবু তৈয়ুবসহ তাদের স্বজনেরা এসে রফিকুল আলমের ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন আহত রফিকুলকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় উত্ত্যক্তের শিকার ছাত্রীটি বাদী হয়ে ২৩ জুলাই টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেছেন।টেকনাফ হাসপাতালের কর্মকর্তা বখতিয়ার আলম বলেন, ‘রফিকুল আলমকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’ এ ব্যাপারে বাদী আজিজা আকতার বলেন, ‘উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, ‘আজিজা আকতার অভিযোগ দায়ের করেছেন। আসামিদের খুঁজে আটক করার নির্দেশ দেওয়া হয়েছে।’