কলেজিয়েট স্কুলে আলোর মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজ আমলে ছেলেমেয়েরা পড়াশোনা করত পণ্ডিতের টোল (পাঠশালা) বা মক্তবে। আধুনিক শিক্ষা প্রসারের জন্য ইংরেজ সরকার ১৮৩৬ সালে চট্টগ্রামে একটি বিদ্যালয় চালু করে। চট্টগ্রাম কলেজের লাল দালানে (রেড বিল্ডিং) স্থাপন করা হয় পূর্ববঙ্গের প্রথম সরকারি বিদ্যালয়। তখন বিদ্যালয়টি ছিল ইংরেজি মাধ্যমের, নাম ছিল জুনিয়র স্কুল। প্রথম প্রধান শিক্ষক ছিলেন কুণ্ডু বাবু। ইংরেজ শিক্ষাবিদ উডসের সুপারিশে ১৮৩৮ সালে বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষাকার্যক্রম চালু হয়। এটির নাম হয় চট্টগ্রাম জেলা স্কুল। ১৮৬৯ সালে অবিভক্ত ভারতে আটটি কলেজিয়েট স্কুল চালু করার সিদ্ধান্ত হয় যেখানে কলেজ পর্যায় পর্যন্ত লেখাপড়া হবে। এর মধ্যে তিনটি পড়ে পূর্ববঙ্গের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে।১৮৬৯ সালে পড়ালেখার সুবিধার জন্য চট্টগ্রাম কলেজের কার্যক্রম পৃথক করা হয়। লাল দালান থেকে কলেজিয়েট স্কুল স্থানান্তরিত হয় পরির পাহাড়ের বিপরীতে (এখন যেখানে বর্তমান মুসলিম উচ্চবিদ্যালয়) তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেটের (ডিএম) পরিত্যক্ত বাংলোয়। ১৯২৫ সালে ডিএমের বাংলোয় গড়ে উঠল অন্য একটি নতুন বিদ্যালয়, সরকারি মুসলিম হাইস্কুল। কলেজিয়েট স্কুল পেল আইস ফ্যাক্টরি সড়কে নিজস্ব ঠিকানা। ১০ দশমিক ৮৮ একর জমির ওপর গড়ে উঠেছিল কলেজিয়েট স্কুলের মূল ভবন ও ছাত্রাবাস। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছুদিনের জন্য স্কুলের কার্যক্রম চলে দামপাড়া পুলিশ লাইন স্কুলে। সেই কলেজিয়েট স্কুল ১৭৫ বছর ধরে শিক্ষার আলোয় আলোকিত করছে বন্দরনগর চট্টগ্রামকে। এ শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ছাত্র অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস পেয়েছেন নোবেল পুরস্কার, কবিগুরু রবীন্দ্রনাথের পর বাঙালি জাতিকে বিশ্বসভায় আরেকবার মর্যাদার আসনে আসীন করেন তিনি। শুধু মুহাম্মদ ইউনূস নন এ স্কুলের আরও অনেক ছাত্র জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। কৃতী ছাত্রদের মধ্যে আছেন ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, সমাজবিজ্ঞানী অনুপম সেন, অধ্যাপক মোস্তফা নুরউল ইসলাম, অভিনেতা আবুল হায়াত, লেখক হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ প্রমুখ। এ স্কুলের খণ্ডকালীন শিক্ষক ছিলেন মাস্টারদা সূর্য সেন ও সাবেক শিক্ষামন্ত্রী খন্দকার আবুল ফজল। বর্তমানে বিদ্যালয়ে ছাত্র আছে দুই হাজার ১৮০ জন। শিক্ষক আছেন ৫৮ জন। প্রধান শিক্ষক মো. আজিজ উদ্দিন জানান, ‘গত ১০ বছরে এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম বোর্ডে আমরাই প্রথম। ছয় বছর ধরে সারা দেশে প্রথম। এ বছর পাসের হার ৯৯ দশমিক ১৭। ৪৫২ জন ছাত্রের মধ্যে ৩৫৪ জন জিপিএ-৫ পেয়েছে যা সব বোর্ডের মধ্যে সর্বোচ্চ।’এ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়েছেন নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত। ১৯৫৮ সালে এ বিদ্যালয় ছাড়েন তিনি। অর্ধশত বছর আগে এ বিদ্যালয়ে পড়ার কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। আবুল হায়াত বলেন, ‘এখনো শিক্ষক ও বন্ধুদের কথা আমার খুব মনে পড়ে। ষষ্ঠ শ্রেণীতে পেয়েছিলাম ওবায়দুল্লাহ স্যারকে। নবম শ্রেণীতে সাবের আহমেদ স্যার আমাদের ইংরেজি পড়াতেন। এ ছাড়া ড্রয়িং স্যার মোখলেস মিয়া ও ভূগোলের সৈয়দ আহমেদ স্যারের কথা খুব মনে পড়ে। তখন জুনিয়র ক্যাডেট কোরে আমরা আর্মি ট্রেনিং করতাম। আর আড্ডা দিতাম বন্ধু নাসিরের ঘরে। সে খুব ভালো ফুটবল খেলত। নালাপাড়ায় তার বাসা ছিল। আরও কত বন্ধু ছিল, কত স্মৃতি! সেই বন্ধুদের নামও ভুলে গেছি।’প্রধান শিক্ষক জানালেন বিদ্যালয়ের কিছু সমস্যার কথা। ‘বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নেই, মূল ভবনটিও ঝুঁকিপূর্ণ। কয়েকবার সংস্কার করা হলেও শিক্ষাকার্যক্রম চালানোর উপযুক্ত করা যায়নি। পাশের সড়কে ট্রাক চললে কেঁপে ওঠে ভবনটি। এটিকে ভেঙে নতুন করে গড়া দরকার।’ বলেন আজিজ উদ্দিন।