কলেজিয়েটে মেধাবীদের মানুষ হওয়ার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিগন্ত, সৌরেন, সুমিতেরা শুভ্রবসনে এদিক-ওদিক ঘুরছিল। আর মাঝেমধ্যে দিচ্ছিল হাততালি। মাঠভর্তি ছেলেদের মধ্য থেকে এ দলটিকে আলাদা করা যায় সহজেই। কারণ আজ যারা উল্লাসে মেতেছে তাদের পরনে আর শুভ্রতায় মোড়া বিদ্যালয়ের নিত্য পোশাকটি নেই। তারা যে ইতিমধ্যে বিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছে। আজ চলছে তারই স্বীকৃতি। নিজেকে এবং নিজের বিদ্যালয়কে সেরা করার আনন্দে তারা আত্মহারা। তাহলে সাদা পোশাক পরা দলটি! তারাও এই বিদ্যালয়েরই ছাত্র। তাদের দৃষ্টি ভবিষ্যতের দিকে। এরা চট্টগ্রাম কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এসএসসির ফল প্রকাশের দিন ক্লাস ছেড়ে ওরাও বিজয়মঞ্চের সামনে ভিড় করেছিল জ্যেষ্ঠদের আনন্দ দেখতে। চিরচেনা প্রাঙ্গণটা আসলে বিজয়মঞ্চ না বলে উপায় কী! ৪৪৪ ছাত্রের মধ্যে ৩৫৪ জনই পেয়েছে জিপিএ-৫। এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগের ১৭ জন। আর বিদ্যালয়ের পাসের হার ৯৯ দশমিক ২৩। পুরো মাঠ বিজয়মঞ্চ তো বটেই। ছাত্র, শিক্ষক, অভিভাবকেরা উল্লসিত। উল্লাসে ফেটে পড়েছে পুরো বিদ্যালয়টি। প্রতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সময় এরকম হয়। অন্তত গত ১০ বছর ধরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এমনটি ঘটছে। শুধু তাই নয়, টানা ছয় বছর ধরে দেশের সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে সেরা অবস্থান চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজিয়েট উচ্চবিদ্যালয়। তাই এই উল্লাস আর নতুন কী? কিন্তু প্রতিবছরের নায়কেরা নতুন। তাই তাদের উল্লাস সীমাহীন। হিমাদ্রী চৌধুরী, তানভির আহমেদ, মিসবাহ আহমেদ, দিবেন্দু দাশ—প্রত্যেকে উল্লাসের ফাঁকে জানাল তাদের স্বপ্নের কথা। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ চাটার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ বা উচ্চতর ডিগ্রি নিতে চায় অন্য কোনো বিষয়ে। তাদের এমন অর্জনের পেছনে নিজেদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথা স্বীকার করল। ‘আমাদের পরিশ্রম সার্থক হয়েছে অভিভাবক ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায়। শিক্ষকেরা এখানে খুব যত্ন নেন। যার জন্য প্রতিবার আমাদের বিদ্যালয়টি ভালো ফল করতে পারছে।’ সবাই প্রায় একই কথা বলল। শিক্ষকেরা জানান, কলেজিয়েট উচ্চবিদ্যালয়ে নির্দিষ্ট সময় পর অভিভাবকসভা হয়। কোন ছাত্র অমনোযোগী তাকে চিহ্নিত করে পরামর্শ (কাউন্সিলিং) দেওয়া হয়। পিছিয়ে পড়া ছাত্রকে মূলধারায় আনার জন্য শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টাও রয়েছে। যে কারণে প্রতিবার এমন ফল। ছেলেদের সাফল্যের দিনে বিদ্যালয়ের প্রশংসায় পঞ্চমুখ অভিভাবকেরাও। তাঁদেরই একজন ব্যাংকার মোহাম্মদ ইউসুফ বলেন, ‘বিদ্যালয়টি অসাধারণ। এখানে ভালো ছেলেরা ভর্তি হয়। শিক্ষকেরাও যত্ন নেন। তাই এমন ফল।’ তবে কলেজিয়েটের এবারের অর্জন সমর্পণ করা হয়েছে অকালে ঝরে যাওয়া ছাত্র সৌমেনের উদ্দেশে। কিছুদিন আগে ছাত্রনামধারী কিছু দুর্বৃত্তের হাতে সে খুন হয়।প্রধান শিক্ষক আজিজ উদ্দিন ফল ঘোষণার সময় ছাত্রদের মানবিক গুণসম্পন্ন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশের সূর্যসন্তানেরা আজ বিপথগামী। খুন, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাই তোমরা শুধু ভালো ফল করলে হবে না। তোমাদের নির্লোভ, নির্মোহ হতে হবে। ভালো মানুষ হতে হবে। যেন কোনো অহংকারের আস্ফাালন না থাকে।’ জিপিএ-৫ পাওয়া অমিত কুমার দাশ ও আশিক রহমানের মনোযোগও সেদিকে। ‘হ্যাঁ, আজকাল অনেকে বিপথগামী হচ্ছে। এটা কাঙ্ক্ষিত নয়। একই ফল বজায় রাখার জন্য নিয়মানুবর্তী, সৎ ও অধ্যবসায়ী হতে হবে। তাহলেই এসএসসির ফল ধরে রাখা সম্ভব হবে এইচএসসিতে।’ বড়দের আনন্দ উল্লাস দেখতে দেখতে মাঠের এক কোণে দাঁড়ানো দশম শ্রেণীর ছাত্রদের দৃষ্টিও যেন ভবিষ্যতের দিকে চলে গেল। ‘আগামীবার রসায়ন বিষয়টাতেও সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। বিষয়টি একটু কঠিনই।’ বলল দিগন্ত। তাহলে আগামী দিনে বড়দের ছাড়িয়ে যাওয়া হচ্ছে না? ‘অবশ্যই পারব। অবশ্যই আমরা আরও ভালো করব। ভালো করতে হবে। তার চেয়েও বড় কথা মানুষ হতে হবে।’ সমস্বরে জবাব দিল দশম শ্রেণীর ছাত্ররা।