কলেজে তেমন সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের সংবাদ উপস্থাপক। দন্ত চিকিৎসক। নৃত্যশিল্পী। যন্ত্রশিল্পী। নানা পরিচয় তাঁর। নাম নবনীতা। ভালোবেসে ঘর বেঁধেছেন সুরকার বাসুদেব ঘোষের সঙ্গে। তাঁর শুরুটা কিন্তু চট্টগ্রাম থেকেই। তাঁর নানা কথা বলেছেন শান্তনু চৌধুরীকেসংবাদ উপস্থাপনায় কীভাবে এলেন?আসলে সংবাদ উপস্থাপনা করব—এমনটি কখনো ভাবিনি। তবে যাঁরা সংবাদ উপস্থাপনা করেন তাঁদের আমার অন্য রকম ভালো লাগত। এর মধ্যে আমি ডাক্তারি পাস করলাম। একসময় মনে হলো আমিও উপস্থাপন করতে পারি। যেই ভাবা সেই কাজ। চুপিচুপি অডিশন দিলাম। বাসুও জানত না। এর আগে এক প্রযোজকের মাধ্যমে জীবনবৃত্তান্ত পাঠিয়ে দিয়েছিলাম। চ্যানেল আই আমাকে ডাকল। এভাবে শুরু। এখন তো উপভোগ করছি কাজটা। দায়িত্বের মধ্যেও পড়েছে কাজটা। ডাক্তার হিসেবে যেমন রোগীদের কথা মনে পড়ে, তেমনি খবর উপস্থাপক হিসেবে মনে পড়ে দর্শকের কথাও। সংসার কেমন চলছে?বর্তমানে সংবাদ উপস্থাপনার পাশাপাশি ডাক্তারি আর সংসার নিয়ে ব্যস্ত। এক দিন নাচ শেখাই সংগীতা নিকেতনে। মাঝেমধ্যে সেতার বাজাই। আমার একটা ছেলে মধ্যমণি কর্ণ। সে প্রথম শ্রেণীতে পড়ে। বলা যায়, সংসারজীবন চলছে দৌড়ে ঝাপটে। নানা ব্যস্ততা। আসলে আমার সংসার শুরুই হয়েছে প্রথম বর্ষে, যখন আমি সংসারের কিছুই বুঝি না। আপনার শুরুটা তো চট্টগ্রামেই। সেখানেই হাতেখড়ি। আমাদের বাড়ি চট্টগ্রাম শহরের পাথরঘাটায়। বাবা পার্থ সারথি চক্রবর্তী ও মা রত্না চক্রবর্তী। পরিবারের মেজ মেয়ে আমি। ছোটবেলা থেকে নাচ-গানের সঙ্গে সম্পৃক্ত। বাবা ছিলেন জাদুশিল্পী। বোনেরা সবাই নাচ করতাম।পাথরঘাটা বালিকা উচ্চবিদ্যালয়ে আমার পড়ালেখা শুরু। প্রাথমিক ও উচ্চবিদ্যালয়—দুটোই ওখানে। এরপর চট্টগ্রাম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পাস করা। পরে ঢাকা পাইওনিয়ার ডেন্টাল কলেজে পড়ালেখা করেছি। ওই কলেজের দ্বিতীয় ব্যাচে ছিলাম আমি।বিদ্যালয় বা কলেজের অনুষ্ঠানগুলোতে আপনার সম্পৃক্ততা কেমন ছিল?বিদ্যালয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলেই আমি ও আমার বোন সংগীতার ডাক পড়ত। সবকিছু আমাদেরই করতে হতো। দেখা গেছে আমরাই নাচ করাচ্ছি বড় বড় ক্লাসের মেয়েদের দিয়ে। বিভিন্ন প্রতিযোগিতায় আমি ঢাকায়ও আসতাম। এমনও গেছে ঢাকায় এসেছি কিন্তু পরদিন পরীক্ষা। রাতের ট্রেনে আবার ফিরে গেছি। বাবা-মা আমাদের উৎসাহ দিতেন, ভাবতেন—লেখাপড়া ঠিক রেখে যদি কিছু করি তাহলে ক্ষতি কি!কলেজের স্মৃতি?কলেজের স্মৃতি তেমন একটা নেই। আসলে চট্টগ্রাম কলেজে তেমন কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল না। এ ছাড়া পরিবার থেকে এমন একটা তাড়া ছিল যে—বিজ্ঞান বিভাগে পড়ছ, লেখাপড়া কোরো। সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্লাস, ব্যবহারিক ক্লাস আর শিক্ষকদের কাছে পড়া। তবে কলেজে পড়া অবস্থায় কলেজের বাইরে বিভিন্ন অনুষ্ঠান করতাম। বন্ধু বা দুষ্টুমিতে কেমন ছিলেন?বিদ্যালয়ে আমরা নাচ-গান নিয়ে এতটা ব্যস্ত থাকতাম যে দুষ্টুমি বা অন্য কিছু করারই সময় পেতাম না। আসলে খেলাধুলারও তেমন সুযোগ পাইনি। যতটুকু সময় পেতাম মা বলতেন নাচের এটা কোরো, ওটা কোরো। আর বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান থাকত। হৈমন্তিকা, পথিকৃৎ, খেলাঘর, পুষ্পচয়ন—এমন সব সংগঠনের সঙ্গে এত বেশি যুক্ত ছিলাম, দেখা গেল প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান থাকছে। প্রায় দিন থাকত মহড়া-অনুশীলন। সেই সময় রাজশ্রী নামে আমার এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল। এখন সে কোথায় আছে জানি না। আসলে অধিকাংশ নাচের মেয়ে যখন সংসারে ঢোকে তখন নাচটা হারিয়ে যায়। বিশেষ করে বিয়ের পর। রুনা চৌধুরী নামে একটা মেয়ে ছিল, সে এখনো নাচের সঙ্গে আছে। এ ছাড়া যাঁরা বিজ্ঞান বিভাগে পড়ালেখা করে তাদের নাচের সময়-ই হয় না। চট্টগ্রামে কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বেশি? বেশি সম্পৃক্ত ছিলাম নালাপাড়ার সানি টিউটোরিয়ালের সঙ্গে। সেখানে আমার বড় বোন আর আমি নাচ শেখাতাম। সেখানকার প্রতিটা আয়োজন অনেক মানসম্পন্ন ছিল। ঢাকার সঙ্গে যোগাযোগটা কখন থেকে? অষ্টম শ্রেণীর পর থেকে আমার নাচ শেখাটা ঢাকামুখী হয়ে গেল। কারণ তখন চট্টগ্রামে আমি যাঁদের কাছে শিখতাম তাঁরা দেখা গেল সেভাবে শেখাচ্ছেন না। তাঁদের মধ্যে নানা ব্যস্ততাও ছিল। আমি প্রথম যখন ঢাকায় আসি তখন নতুন কুঁড়িতে গান দিতে আসতাম। আমরা দুবোন একজন ‘ক’, আরেকজন ‘খ’ বিভাগে। বাবা ট্রেনে উঠিয়ে দিতেন। মা-ই নিয়ে আসতেন। তিনিই সব করতেন। আমরা তখন উঠতাম মিলন দাদুর বাসায়।টেলিভিশনে নাচ করার সময়ের কোনো ঘটনা মনে পড়ে?টেলিভিশনে আমার সম্পৃক্ততার শুরুর দিকটাতে বড় ধরনের কষ্ট পেয়েছিলাম। অনেক নোংরামিও আমি দেখেছি। যেমন আমি যখন ‘খ’ বিভাগে অডিশন দিতে চাইলাম আমাকে কিছুতেই সে সুযোগ দিতে চাইলেন না কর্মকর্তারা। আমি দেখতে একটু ছোটখাটো ছিলাম বলে তাঁরা মনে করতেন আমি ‘ক’ বিভাগের প্রতিযোগী। আমাদের চট্টগ্রামেরই একজন প্রতিবাদ করে বললেন, ‘না, এ মেয়ে এইটে পড়ে না।’ আমি এইটে পড়ি অথচ এঁরা বলছেন পড়ি না। আমি যখন কেঁদে কেঁদে বললাম, ‘সত্যি বলছি, আমি এইটের সব পড়া পারি।’ তখন রওশন জামিল আমাকে ডেকে এইটের পড়া জিজ্ঞেস করলেন। পরে তিনি চট্টগ্রামের ওই বিখ্যাত (!) মানুষটিকে বললেন, ‘আপনি চট্টগ্রামে থেকেও জানেন না। এ মেয়ে আসলে এইটেই পড়ে।’ ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছিল। নাচের হাতেখড়ি কার কাছে?‘চট্টগ্রামে আমার নাচে হাতেখড়ি হয় দীপান্বিতা ভট্টাচার্যের কাছে। উনি এখন ব্যাঙ্গালোরে। আমরা তখন বাড়ির ছাদে নাচ করতাম। ঋতুভিত্তিক অনুষ্ঠান হতো। ছাদে মঞ্চ তৈরি হতো। আশপাশের লোকজনও দেখতে আসতেন।’সুরকার বাসুর সঙ্গে পরিচয়-প্রণয়ের কথা বলুন। ‘বাসুর সঙ্গে প্রথম পরিচয় সানি টিউটোরিয়ালে। তখন আমি ক্লাস সেভেনে পড়ি। সে সময় তাদের একটি অনুষ্ঠানে নাচ করার জন্য মেয়ে দরকার। নাচটি ছিল একটু কঠিন। অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী ছিল বাসু। সে সময় সানি টিউটোরিয়ালের অধ্যক্ষ পূরবী সরকার আমাকে নিয়ে আসেন। সেখানেই পরিচয়। আমরা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যেতাম। ঢাকায়ও আসতাম। আমাদের আসলে আনুষ্ঠানিক কোনো প্রেম ছিল না। একসময় মনে হলো, একজন আরেকজনকে পছন্দ করি। বাসুকে আসলে আমার ভালো লাগে তার গুণের জন্য। যেহেতু সে ঘর পালানো, ব্যবসায়ও সফল না। পারিবারিক দিক থেকে নানা সমস্যা ছিল। তাই আমাদের বিয়েটাও আনুষ্ঠানিক হয়নি। আমার ভাশুর বিকাশ ঘোষ সে সময় খুব সহযোগিতা করেছেন। এখনো তিনি ছায়ার মতো আছেন।’