কলেজের নাম মার্টিন লুথার
দোতলার সিঁড়ি বেয়ে তিনতলায় উঠতেই কানে ভেসে আসে হারমোনিয়ামের শ্রুতিমধুর সুর। সেই সঙ্গে সমবেত কণ্ঠে সংগীত। ডিসেম্বরের শীতের এক সকালে এগিয়ে যাই সুরের পিছে পিছে। ক্লাস শেষ, পরীক্ষাও শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষ হলেও তমা, মোহনা, রফিক, রকি ও তাদের বন্ধুরা কিন্তু তখনো ফিরে যায়নি বাসায়। এত দিন জানতাম, পরীক্ষা শেষ হলে সবাই নাকি বাড়ি ছুটে যায়, এখন দেখি এরা কলেজে থাকতেই বেশি পছন্দ করে! অবশ্য করবেই বা না কেন, কলেজেই যদি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সমৃদ্ধ পাঠাগার, বিনোদনের ব্যবস্থা থাকে, তবে কলেজ ছেড়ে বাসায় ফিরতে চাইবে আর কে! তমা ও মোহনারাও গানের অনুশীলন শুরু করেছে গানের শিক্ষকের তত্ত্বাবধানে। বলছিলাম মার্টিন লুথার কলেজের কথা।রাজধানীর বারিধারায় গড়ে ওঠা একটি ব্যতিক্রমধর্মী কলেজ এটি।নরওয়ের নরমিশন ও নরওয়েজিয়ান খ্রিষ্টেলিগ জিমনেশিয়ামের (অসলো) সহয়তায় বাংলাদেশের কিছু নিবেদিতপ্রাণ ব্যক্তির যৌথ প্রচেষ্টার ফল হলো এই কলেজ। ২০১০ সালের জুন থেকে শুরু হয়েছে এর কার্যক্রম। কলেজের শিক্ষার্থীদের প্রথম ব্যাচ এ বছর (২০১২) উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। দ্বাদশ শ্রেণীর রকি লামিনের কাছে জানতে চাই তাঁর নিজের কলেজ সম্পর্কে। ‘এই কলেজের শিক্ষকেরা অনেক বেশি আন্তরিক। পড়াশোনার ব্যাপারে সব সময় সাহায্য পাই তাঁদের কাছ থেকে, তাই আমাদের বাইরে কোথাও কোচিং করতে হয় না। তা ছাড়া আমাদের সুন্দর লাইব্রেরি আছে, মিলনায়তন আছে, পর্যাপ্ত ক্লাসরুম আছে, তাই পড়াশোনা করতেও ভালো লাগে।’ রকির সঙ্গে তাল মিলিয়ে তার বন্ধু প্যাট্রিক চিসিম বলল, ‘যাদের আর্থিক অবস্থা খুব ভালো নয়, তারা নামমাত্র খরচে এখানে পড়াশোনা করার সুযোগ পায়। আমাদের এমন অনেক বন্ধু আছে, যারা হয়তো অর্থের অভাবে পড়াশোনা করতে পারত না। কিন্তু এখন তারা এ রকম অত্যাধুনিক পরিবেশে পড়াশোনা করতে পারছে শুধু মার্টিন লুথার কলেজের জন্যই।’কলেজের অধ্যক্ষ রীনা দাস বলেন, ‘আমরা এই কলেজটি মূলত গড়ে তুলেছি সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ দেখাতেই। আমাদের দেশে এমন অনেক শিক্ষার্থী আছে, যারা এসএসসিতে ভালো ফল করার পরও শুধু অর্থাভাবে ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় না। আমরা চাই, সেসব সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে।’ সমাজকল্যাণের শিক্ষক কাওছার আহমদ বললেন, ‘এ কলেজে শুধু পড়াশোনাই নয়, শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক দল, বিতর্ক দল এসব রয়েছে। কারণ আমরা মনে করি, এসব বিশেষ গুণ ছাড়া শুধু পুঁথিগত শিক্ষাই সব নয়।’ কলেজের শিক্ষার্থীদের কণ্ঠেও একই সুর। তাদের এখন একটাই লক্ষ্য, সামনের দিনগুলোতে ভালো ফল করে সবার কাছে এ কলেজের নাম তুলে ধরা। আর অধ্যক্ষ রীনা দাসের লক্ষ্য হলো, আরও যত দূর সম্ভব দরিদ্র কিন্তু মেধাবীদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা।