কলোরেক্টাল ক্যানসারের প্রকোপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কোলন ও রেক্টামের ক্যানসারকে একসঙ্গে কলোরেক্টাল ক্যানসার বলে। উন্নত দেশে এ রোগ তৃতীয় প্রধান ক্যানসার এবং ক্যানসারজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। কলোরেক্টাল ক্যানসার সাধারণত বয়স্কদের হয়। বয়স ৫০ বছর পেরোলে এ রোগের ঝুঁকি বাড়তে থাকে। বেশির ভাগ রোগীর ক্যানসার শনাক্ত হওয়ার বেশ কয়েক বছর আগে থেকে কোলনে পলিপ (যা ক্যানসার নয়) গজিয়ে থাকে। পরবর্তী সময়ে তা ক্যানসার হয়ে যায়। গবেষণায় দেখা গেছে, প্রতি চারজনের মধ্যে একজনের এ ধরনের পলিপ থেকে কোলন ক্যানসার হয়ে থাকে। পুরুষদের পলিপ বেশি হওয়ায় ক্যানসার হওয়ার ঝুঁকিও বেশি।
এ ক্যানসারের জন্য প্রধানত দায়ী অলস জীবনযাপন, উচ্চ ক্যালরির খাবার, অতিরিক্ত ওজন, পরিবেশ এবং বংশগত প্রভাব। পঞ্চাশোর্ধ্বদের ক্যানসার নিরীক্ষণ (স্ক্রিনিং) করে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা যাচ্ছে এবং উপযুক্ত চিকিৎসায় এ রোগের নিরাময় হচ্ছে। গত ১৫ বছরে উন্নত দেশে তাই বয়স্কদের এ রোগজনিত মৃত্যুর হারও বছরে ৩ থেকে ৪ শতাংশ হারে কমে আসছে।

ইদানীং দেশে দেশে কম বয়সীরা অধিক হারে কলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে কলোরেক্টাল ক্যানসারের প্রকোপ তুলনামূলক কম হলেও দিন দিন এ রোগের হার বেড়ে যাচ্ছে। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অনকোলোজি বিভাগের ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৯৫৭ জন কলোরেক্টাল ক্যানসারের মধ্যে ৬০ শতাংশের বেশি রোগী ৫০ বছরের চেয়ে কম বয়সী। এমনকি ২০ বছরের নিচেও ২ শতাংশ এ রোগে আক্রান্ত হয়। বিশেষ কলোরেক্টাল ক্যানসার কম বয়সীদের হয়ে থাকে। অজ্ঞতা ও অসচেতনতার কারণে প্রায় সবারই অনেক দেরিতে রোগ শনাক্ত হয়ে থাকে।

কলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি বাড়ে
* দীর্ঘদিন অলস জীবন যাপন করলে কোলন ক্যানসারের ঝুঁকি দ্বিগুণ বাড়ে। প্রতিদিন ১১ ঘণ্টা শুয়ে-বসে কাটালে কোলনে পলিপ হওয়ার ঝুঁকি বাড়ে ৪৫ শতাংশ।
* প্রতিদিন ১০০-১২০ গ্রাম লাল মাংস (গরু, খাসি, ভেড়া) খেলে কোলন ক্যানসারের ঝুঁকি ১৭ শতাংশ বাড়ে। প্রতিদিন ২৫-৫০ গ্রাম প্রক্রিয়াজাত মাংস খেলে কোলন ক্যানসারের ঝুঁকি ১৮ শতাংশ বেড়ে যায়। প্রক্রিয়াজাত খাবার হলো সসেজ, বেকন, বিফ জারকি, ধোঁয়ায় রান্না করা খাবার বা স্মোকড ফুড, লবণ বা রাসায়নিকে সংরক্ষিত খাবার।
* অতিমাত্রায় উচ্চ ক্যালরির খাবার যেমন ফাস্ট ফুড, কোমল পানীয় পান করলে ঝুঁকি বাড়ে।
* আগুনে ঝলসানো মাংস (কাবাব, গ্রিল মাংস, বারবিকিউ ইত্যাদি) থেকে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামক রাসায়নিক যৌগ কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
* আঁশজাতীয় খাবার যেমন শাকসবজি, তরকারি, ফল, শস্যদানা ইত্যাদি খাবার কম খেলে ঝুঁকি বাড়ে।
* অ্যালকোহল পানে অভ্যস্তদের ঝুঁকি বাড়ে ৭ শতাংশ।
* বিএমআই ৫ (ওজন বেড়ে গেলে) বেশি হলে পুরুষদের কোলন ক্যানসারের ঝুঁকি ২৪ শতাংশ বেড়ে যায় এবং
নারীদের ক্ষেত্রে এই হার ৯ শতাংশ।
* ডায়াবেটিস মেলাইটাস কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ায় ৩৮ শতাংশ, রেক্টাল ক্যানসারের ঝুঁকি বাড়ায় ২০ শতাংশ।
* ধূমপান ঝুঁকি বাড়ায়। বিশেষ করে নারীদের।

কলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি কমে
* প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করলে ঝুঁকি কমে ১৫-৩০ শতাংশ।
* প্রতিদিন ১০০-২০০ গ্রাম ফল ও শাকসবজি কোলন ক্যানসারের ঝুঁকি কমে ১০ শতাংশ।
* ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে ২২ শতাংশ।
* প্রতিদিন মাছ খেলে কলোনি ক্যানসারের ঝুঁকি কমে।
* ঝুঁকি কমায় ভিটামিন বি, খনিজ লবণ, সেলেনিয়াম, ফলেট, জিংকসমৃদ্ধ খাবার।

কোলন ক্যানসার প্রতিরোধে ন্যূনতম তিনটি বিষয়
* সারা জীবন দেহের স্বাভাবিক ওজন বজায় রাখা।
* সুষম খাবার খাওয়ার অভ্যাস করা।
* প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট দ্রুত হাঁটা।

কোলন ক্যানসারের অন্তত পাঁচটি সংকেত
* পায়ুপথে রক্তক্ষরণ বা মলত্যাগের পরপরই মলে রক্তের ফোঁটা দেখতে পাওয়া। কিংবা পায়খানার প্যানে রক্ত দেখা।
* পায়খানার অভ্যাসের পরিবর্তন। যেমন কিছুদিন খুবই কষা পায়খানা আবার কিছুদিন পাতলা পায়খানা। পায়খানার আকার সরু হয়ে যাওয়া। মলের রং গাঢ় লাল (কালচে) বা কালো হওয়া।
* পায়খানার বেগ চাপার মতো অনুভূতি কিন্তু কোনো পায়খানা করার প্রয়োজন নেই। অস্বস্তিকর অনুভূতি।
* নিচের পেটে কামড়ানো ব্যথা
কোনো কারণ ছাড়া দুর্বলতা অনুভব করা।
এসব উপসর্গ বা সংকেত দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

প্রাথমিক পর্যায়ে রোগনির্ণয়
প্রাথমিক পর্যায়ে কলোরেক্টাল ক্যানসার রোগনির্ণয়ের ব্যবস্থার নাম ক্যানসার স্ক্রিনিং। স্ক্রিনিংয়ের জন্য বিভিন্ন রকম পরীক্ষা আছে। সবার জন্য সব পরীক্ষা উপযুক্ত না-ও হতে পারে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তা নির্ধারণ করা উচিত।
* বছরে একবার মল পরীক্ষা (মলে রক্ত শনাক্ত করা)। এর পরীক্ষার নাম অকাল্ট ব্লাড টেস্ট।
* পাঁচ বছরে একবার সিগমোয়ডস্কোপি পরীক্ষা করা।
* ১০ বছরে একবার কলোনোস্কপি পরীক্ষা করা।
ঝুঁকিপূর্ণ হলে চিকিৎসকের পরামর্শে আরও ঘন ঘন পরীক্ষার প্রয়োজন হতে পারে।

চিকিৎসা
কলোরেক্টাল ক্যানসারের প্রধান চিকিৎসা অপারেশন বা শল্য চিকিৎসা। কেমোথেরাপি ও রেডিওথেরাপি সহায়ক চিকিৎসা। তবে সফল চিকিৎসার জন্য প্রয়োজন পরিকল্পিত চিকিৎসার সফল প্রয়োগ।

অধ্যাপক, মেডিকেল অনকোলোজি
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা