কল্পজাহাজের আলোয়...

মাতামুহুরী নদীর দুই তীরে হাজারো মানুষ। সন্ধ্যা নামতেই অন্য রকম পরিবেশ। উড়ছে ফানুস। নদীতে ভাসছে দুটি বড় কল্পজাহাজ। কাঠ, বাঁশ-বেত আর রঙিন কাপড়ে মোড়ানো জাহাজে আলোর ঝলকানি। সেই আলো ছড়িয়ে পড়ছে চারপাশে। সঙ্গে আশপাশে শাপলা ফুলের আদলে তৈরি কাগজের নৌকায় বিন্দু বিন্দু অসংখ্য বাতি।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে গত সোমবার কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে জাহাজ ভাসানো উৎসবের আয়োজন করা হয়। নদীপােরর মানিকপুর থেকে মাতামুহুরী সেতু পর্যন্ত অন্তত পাঁচ কিলোমিটার কল্পজাহাজ আর কাগজের নৌকার আলোয় আলোকিত হয়ে ওঠে। প্রতিবছর রাখাইন সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করেন।
সন্ধ্যা সাতটায় প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম। মানিকপুর প্রবারণা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি মংহৃ রাখাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক, সাংবাদিক এম জাহেদ চৌধুরী, কাকারা ইউপির চেয়ারম্যান শওকত ওসমান, সমাজসেবক অংহ্লা থোয়াই রাখাইন, উবাছেং রাখাইন ও ছানা অং রাখাইন। আলোচনা পর্ব শেষে রাখাইন তরুণীরা নৃত্য পরিবেশন করেন। এর আগে গত রোববার সন্ধ্যায় উপজেলার হারবাং, পৌরসভার মগবাজার রাখাইনপাড়া, বিনামারার বৌদ্ধপল্লিতে প্রবারণা উৎসব পালন করা হয়।
ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, প্রত্যেক ধর্মাবলম্বীর উৎসব এখন অসাম্প্রদায়িক উৎসবে রূপ নিয়েছে। এখানে প্রত্যেক সম্প্রদায়ের লোকজন এসেছেন। এতেই প্রমাণিত হয় ধর্ম যার যার উৎসব সবার। তিনি আরও বলেন, আগামী প্রবারণা উৎসবের আগেই সরকারি বরাদ্দে রাখাইনপাড়ায় মাতামুহুরী নদীতে ‘প্রবারণা ঘাট’ তৈরি করা হবে। হারবাং বৌদ্ধ প্রবারণা পূর্ণিমা উদ্যাপন পরিষদের সভাপতি মং রাখাইন বলেন, ‘ভালোকে সম্মান প্রদর্শন ও দেশের মঙ্গল কামনায় কল্পজাহাজ ভাসানো হয়। পূর্বপুরুষদের পরম্পরায় আমরা এই উৎসব উদ্যাপন করে আসছি।’