কল্পনা চাকমার খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতদৃষ্টিতে একটু অদ্ভুত-অর্থহীন মনে হতে পারে ছবিগুলোকে। ওড়নার বুনন, চুলের ফিতা, পাতা কিংবা বরইগাছের বাকলের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ...কোনো আলোকচিত্রীর খামখেয়ালিপনা ভাবতে পারেন। কিন্তু পেছনের গল্পটা জানলে এই সাধারণ ছবিগুলোই আপনাকে টেনে নেবে আবার, বারবার! বরইগাছের বাকলের ক্ষুদ্র অংশের ছবিটার কথাই ধরুন। এই সেই বরইগাছ, যা ১৭ বছর আগের এক অবিচারের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে যখন চোখ বাঁধা অবস্থায় তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, এই বরইগাছের সামনে দাঁড়িয়েই কল্পনা চাকমা চিৎকার করে বলেছিলেন, ‘দাদা, মোরে বাঁচা!’ এমনটাই বলছে ছবির ক্যাপশন।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আদিবাসী নেত্রী কল্পনা চাকমা। ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক। নিউ লাইল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর কেটে গেছে ১৭ বছর। তদন্ত, পুনঃ তদন্ত, পুনঃ পুনঃ তদন্ত চলছেই। প্রতিবাদী সাহসী মেয়েটির সে রাতে কী হয়েছিল, তা আজও জানা যায়নি। অপরাধীরাও থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। এতকাল আগের কথা, অনেকে ভুলে গেলেও ভোলেননি আলোকচিত্রী শহিদুল আলম। ‘কল্পনা আমার বোনের মতো। কিন্তু ১৭ বছর আগে যে বোনকে অপহরণ করা হলো, তাঁর জন্য আমি কিন্তু কাঁদিনি। কীভাবে এই কান্নাটা প্রকাশ করা যায় সেটা আমি শিল্পী হিসেবে খুঁজেছি।’ বলেন তিনি।শহিদুল আলমের তোলা ছবি নিয়ে ‘কল্পনা চাকমার সন্ধানে’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে দৃক গ্যালারি। আয়োজকেরা প্রদর্শনীটিকে বলছেন একটি ‘আলোকচিত্র-ফরেনসিক স্টাডি’। আজ বিকেল ছয়টায় এর উদ্বোধন করবেন কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা। কল্পনা চাকমাকে ঘিরে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করতে গিয়ে শহিদুল আলমকে কল্পনার আশ্রয় নিতে হয়েছে। আলোকচিত্র, মৌখিক ইতিহাস এবং ফরেনসিক গবেষণাপদ্ধতির সাহায্যে সে রাতের দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছেন শহিদুল আলম ও সায়দিয়া গুলরুখ। প্রদর্শনীটি চলবে ২১ জুন পর্যন্ত।