কল্পনাতেও ছিল না এই বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ভাবনায় যে বাংলাদেশ ছিল, বাস্তবের বাংলাদেশ তার থেকে সম্পূর্ণ আলাদা। আমেরিকার গণমাধ্যমে বাংলাদেশ খুব একটা আসে না। যখন আসে তখন তা কেবলই নেতিবাচক ঘটনার উপস্থাপন। বাংলাদেশে এসে দেখলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র। আমার কল্পনায়ও ছিল না যে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষ এতটা উদার ও সেক্যুলার দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে পারে’—এ অভিজ্ঞতা বাংলাদেশ সফরে আসা সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির নৃবিজ্ঞানের শিক্ষার্থী লিসা পাওয়েলের।২৮ ডিসেম্বর—১০ জানুয়ারি ২০১০ বাংলাদেশ ঘুরে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীসহ ১৮ সদস্যের একটি দল। বাংলাদেশের সামাজিক উন্নয়নে এনজিও, সরকার ও বেসরকারি খাতের উন্নয়ন-উদ্যোগ পর্যবেক্ষণ করাই ছিল দুই সপ্তাহের এ সফরের উদ্দেশ্য।সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল ওয়ার্কের উদ্যোগে এ সফরে আরও অংশ নেয় ইউনিভার্সিটি অব মিসিসিপি এবং কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সফরের ‘লোকাল হোস্ট’ ছিল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)।উন্নয়ন কর্মকাণ্ড হাতে-কলমে দেখতে মার্কিন শিক্ষার্থীরা গ্রামীণ ব্যাংকের সিঙ্গাইর, ব্র্যাকের মানিকগঞ্জ এবং আশার সাভার কেন্দ্র পরিদর্শন করেন। এ ছাড়া বেসরকারি উদ্যোক্তাদের কর্মকাণ্ড হিসেবে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঘোড়াশাল কেন্দ্র এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে বিআরডিবির লিংক মডেল পরিদর্শন করেন। তাঁরা বাংলাদেশের উন্নয়ন-উদ্যোগ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস, ফজলে হোসেন আবেদ ও সফিকুল হক চৌধুরীর সঙ্গে।এ ছাড়া তাঁরা সৌজন্য সাক্ষাত্ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও এটিএন বাংলার প্রধান মাহফুজুর রহমানের সঙ্গে।বাংলাদেশের এই সফর মার্কিন শিক্ষার্থীদের একের পর এক বিস্ময় উপহার দেয়। কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মনতেরেসা ওয়াশিংটন বলেন, ‘বাংলাদেশের শহরে ও গ্রামের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ দেখে আমি অভিভূত। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও মানবাধিকার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি কোনো কোনো ক্ষেত্রে আমেরিকান নারীদের থেকেও অগ্রসর।’সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির পিএইচডি গবেষক আবু নাসের অনুষ্ঠানটি সমন্বয় করেন। তিনি জানান, ‘বাংলাদেশ সম্পর্কে আমেরিকানদের মধ্যে আগ্রহ বাড়ছে। বাংলাদেশ যে ধর্মনিরপেক্ষ উদার গণতান্ত্রিক দেশ, তা পশ্চিমা বিশ্বকে জানানো জরুরি। এ ধরনের শিক্ষাসফর বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে নতুন করে পরিচয় করে দেওয়া সম্ভব।’কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির দরোতা পরাস্কা বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষের আতিথেয়তা আমি কখনোই ভুলব না। আগামী গ্রীষ্মে আমি আবারও বাংলাদেশে আসতে চাই।’ এ সফরের নেতৃত্ব দেন সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির অধ্যাপক মিজানুর রহমান মিয়া। এ সফরে আরও ছিলেন কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি অধ্যাপক মাইকেল ওয়াইস, অধ্যাপক দেবোরা জেকবসন, ওয়েসলি উইলিয়ামস, মন্ত্রেসা ওয়াশিংটন, অ্যাঞ্জেনা অরুনান, কিথ অরুনান, স্মৃতি বসু, এমেলিয়া ক্যান্ডওয়েল, কিমবার্লি ইয়র্ক, ওমর গুটিরেজ, মিশেল উদেম, মেগান স্কালসটাড, সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির জো বেথ সুইনসন ও ইউনিভার্সিটি অব মিসিসিপির হূজয়া রায়।