কল্পনার মাধ্যমে শিশুদের বিকাশে সৃষ্টিশীল চরিত্র নির্মাণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ধ্রুপদি, কালজয়ী সাহিত্য আর কার্টুন একসঙ্গে যায় না। সায়েন্স ফিকশন আর বিজ্ঞান এক জিনিস নয়। কমিকস আর কার্টুনধর্মী লেখা শিশুদের কল্পনার জগৎকে ক্রমশ সংকুচিত করছে। তাদের কল্পনা ও ভাবনার জগৎটাও বিকশিত হচ্ছে না। এ জায়গায় শিশুসাহিত্যিকদের গভীরভাবে ভাবতে হবে। কল্পনার মাধ্যমে শিশুদের বিকাশে সৃষ্টিশীল চরিত্র নির্মাণ করতে হবে।
চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম সমিতি-ঢাকা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। এ ভবিষ্যৎ মানবিক ও নিষ্ঠুর আচরণের মধ্য দিয়ে বেড়ে উঠছে। উন্নয়ন ও সভ্যতার নামে শিশুদের অবজ্ঞা করা হচ্ছে। নিষ্ঠুর হাতে তাদের উদ্বাস্তু করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছড়াশিল্পী লুৎফর রহমান রিটন, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি রেজাউল হক মুশতাক ও সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির। একাডেমির মহাপরিচালক নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন একাডেমির পরিচালক অরুণ শীল, রমজান মাহমুদ, আবুল কালাম বেলাল ও রাশেদ রউফ। অনুভূতি ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আহসান মালেক ও বিএম বরকতউল্লাহ। স্বাগত বক্তব্য দেন পুরস্কার উপকমিটির আহ্বায়ক জিন্নাহ চৌধুরী।
এবার পদ্যে মেঘের সঙ্গে এ মন মাতে গ্রন্থের জন্য আহসান মালেক ও জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্প গ্রন্থের জন্য বি এম বরকতউল্লাহ পুরস্কার পেয়েছেন। তাঁদের হাতে প্রধান অতিথি ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সংস্কৃতি হচ্ছে একটি নদীর মতো। বহু পলি আবর্জনা গ্রহণ–বর্জনের মাধ্যমে পরিশীলিত হয়ে এগিয়ে চলে। অনেক কিছু ঝরে যায়, অনেক কিছু নিয়ে সমুদ্রে মিশে যায়। বিজ্ঞপ্তি