কল্পলোকের বাসযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাচিন্তায় পড়ে গেছে অর্ক। সামনে বাংলা পরীক্ষা ওর। এত্ত এত্ত পড়া। এর মধ্যে রচনাও আছে বেশ কটা। কোনো কিছুই পড়া হয়নি। পড়তে ওর একদম ভালো লাগে না, খাতায় লিখতে বসলে হাত ব্যথা করে। আর লিখবেই-বা কী করে, অর্কের তো পড়াই মুখস্থ হয় না। বই নিয়ে পড়তে গেলে কেবল ভাবতে ভালো লাগে বারো বছর বয়সের ছেলেটির। আর পড়ার সময় কল্পনার জগতে হারিয়ে যেতে ইচ্ছা করে।
যা হোক, ষষ্ঠ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার জন্য রচনা তো লিখতেই হবে। খালি খাতায় নম্বর পাবে শূন্য। স্কুলে স্যার বলেছেন, ‘রাজধানীতে বাসভ্রমণ’ রচনাটি ভালো করে পড়তে। এখানেও অর্কের মহাসমস্যা। বাবার পাজেরো মডেলের গাড়ি থাকায় সে বাসে চড়ার সুযোগ পায়নি। খুলনায় দাদাবাড়িতেও গেছে রঙিন কাচে ঘেরা গাড়ির শীতল বাতাসের ছোঁয়া নিয়ে। উত্তরায় স্কুলে আসা-যাওয়াও করতে হয় ছোট্ট টয়োটা এলিয়নে চড়ে। সব মিলিয়ে ‘রাজধানীতে বাসভ্রমণ’ রচনা মুখস্থ করার সময় চিন্তায় ক্লান্ত হয়ে গেল সে।
পড়তে পড়তে মায়ের কাছে ছুটে গেল অর্ক। আবদার করে বলল, ‘আম্মু, এটা বাদ দিই? “গরু” রচনাটা পড়ি। কোরবানির ঈদে তো এবার তিনটা গরু কিনেছিল বাবা। কালো গরুটা আমার খুব পছন্দের ছিল। তাই গরু নিয়ে অনেক লিখতে পারব। গরু রচনাটা সিলেবাসেও আছে।’
ছেলের বায়না শুনে মা বললেন, ‘না বাবা, ক্লাসটিচার তোমাকে “রাজধানীতে বাসভ্রমণ” পড়তে বলেছেন। সেটাই পড়তে হবে। এটাও তুমি লিখতে পারবে। তুমি তো গাড়ি চড়ো। গাড়িতে যেভাবে যাতায়াত করো, সেভাবেই লিখবে। শুধু গাড়ির জায়গায় বাস লিখবে, কেমন? আর গ্যারেজ না লিখে বাসস্টপেজ লিখবে।’
নিজের ঘরে ফিরে অর্ক আবার পড়তে বসল ‘রাজধানীতে বাসভ্রমণ’। কিন্তু পড়তে পড়তে চোখ জুড়িয়ে ঘুম এসে গেল ওর। ঘুমের মধ্য স্বপ্ন দেখতে লাগল অর্ক—
সকালবেলা সায়েন্স ল্যাবরেটরির সামনে বাস কাউন্টারে এসেছে অর্ক। সঙ্গে ওর বন্ধু তূর্য, সৌমেন আর হাবিব। সময় তখন আটটা হবে। কাউন্টারেই সামনে ঘড়িতে সময় দেখা যাচ্ছে। টিকিটম্যানকে টাকা দিতেই কম্পিউটার বাটনে চাপ দিলেন। চারটি টিকিট হাতে নিয়ে ওরা সবাই লাইনে দাঁড়াল।
‘বাস কখন আসবে?’ জিজ্ঞেস করতেই কাউন্টার থেকে একজন বললেন, ‘পাঁচ মিনিট পরপর আমাদের বাস আসে। এলেই দেখতে পাবে।’
ঠিক পাঁচ মিনিট অপেক্ষার পর বাস চলে এল। আকাশি রঙের বাস। সামনে চালককে দেখা যাচ্ছে। কাউন্টারে আসতেই বাসের সামনের দরজা খুলে গেল। অর্কও বন্ধুদের নিয়ে বাসের ভেতরে চলে গেল। বাসে ওঠার সময় টিকিটের একটি অংশ ছিঁড়ে রেখে দিলেন একজন।
ওদের ঠিক পেছনে এক বৃদ্ধা লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হাঁটার সময় পা কাঁপছিল। তাঁকে দেখে বাসের টিকিটম্যান নিজে নেমে বৃদ্ধকে তাঁর হাত ধরে বাসে তুলে নির্ধারিত আসনে বসিয়ে দিলেন।
বাসে করে অর্করা যাবে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম। কয়েক মিনিট পর বাসটি কলাবাগানে এল। সেখানে একইভাবে বাস থামল।
এবার অর্কের বন্ধুরা বাসের আসন গুনতে শুরু করল। হাবিব একটু চেঁচিয়ে ১, ২, ৩ করে সংখ্যা গুনছিল। টিকিটম্যান কাছে এলেন ওদের। বয়স ত্রিশের মতো হবে লোকটির। সাদা রঙের হাফশার্ট আর কালো প্যান্ট পরা। হাসিমুখে জানতে চাইলেন, ‘চাচ্চুরা, তোমরা কিছু জানতে চাইছ?’
‘আঙ্কেল, এই বাসে কয়টা সিট?’ কথাটা বলতে বলতে সৌমেন দাঁড়িয়ে গেল।
টিকিটম্যান বললেন, ‘চলন্ত বাসে দাঁড়াতে হয় না, বাবা! আমাদের বাসে ৪০টা আসন আছে। তবে ৬টা আসন ফাঁকা রাখা হয়। মতিঝিল থেকে আশুলিয়া পর্যন্ত ১৫টা স্টপেজ। সব স্টপেজে বাস থামবে।’
তূর্য জিজ্ঞেস করল, ‘আঙ্কেল, দুয়েকটা স্টপেজে না থামলেই তো আমরা অল্প সময়ে ফ্যান্টাসি কিংডমে যেতে পারব। ড্রাইভার চাচ্চুকে একটু বলেন না।’
তূর্যর কথা শুনে বাসের চালক মুখ ঘুরিয়ে হাসি দিলেন অর্কদের দিকে তাকিয়ে। টিকিটম্যানও আবার তাঁর কাজে চলে গেলেন। একটা স্টপেজ ছাড়ার পর আবার এসে অর্কদের বললেন, ‘দেখো বাবা, তোমরা যেমন নিয়ম করে খাওয়াদাওয়া করো, আমাদেরও সরকারের দেওয়া নিয়মে ভাড়া নিতে হয়। বাস থামাতে হয়। আর যাত্রী নিতে হয়। না হলে বছর শেষে রুট পারমিট নেওয়ার সময় জরিমানা দিতে হয়। নিয়মের বাইরে গেলে রুট পারমিট বাতিলও হতে পারে।’
ঠিক এক ঘণ্টা পর আশুলিয়ায় পৌঁছাল অর্ক, তূর্য, সৌমেন আর হাবিবদের বাসটি। নামার সময় টিকিটম্যান বললেন, ‘এই বাসটা ঠিক বিকেল চারটার সময় এখানে থাকবে। তোমরা এলে এই বাসেই ফিরতে পারবে।’
সকাল ১০টা থেকে সারা দিন হইহুল্লোড় করে কাটিয়ে দিল অর্করা। বিকেলে ওই বাসে চড়ে ধানমন্ডি এল ওরা। এর মধ্যেই অর্কের শরীর দোলা দিয়ে উঠল। তাকিয়ে দেখল মা ওর সামনে। মা বললেন, ‘উঠে পড়ো, বাবা। সকাল ১০টায় না তোমার পরীক্ষা।’
স্বপ্নে দেখা বাসভ্রমণের বর্ণনাটাই পরীক্ষার খাতায় লিখল অর্ক। ওর আশা ছিল রচনার পুরো ১০ নম্বরই পাবে। কিন্তু খাতায় দেখল শূন্য! অর্ক স্যারকে জিজ্ঞেস করতেই স্যার চোখ গরম করে বললেন, ‘লোকাল বাসে কখনো উঠেছ? যত্তসব আজগুবি!’