মিররসাইয়ের ছয় নম্বর ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী থেকে নিদারঘোপাট চরের পুরোনো বেড়িবাঁধ পর্যন্ত তিন কিলোমিটারের একটি সংযোগ সড়কের কাজ উদ্বোধন করা হয়েছে। কাবিখার (কাজের বিনিময়ে খাদ্য) টাকায় নির্মিত এই সড়কের পুনর্নির্মাণের ফলে কমপক্ষে ২০ হাজার মানুষের কষ্ট অনেক কমে যাবে। শুক্রবার (৯ মার্চ) সকাল ১০টায় এই প্রকল্পের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল, স্থানীয় চেয়ারম্যান নুরুল আফসার, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, জাহাঙ্গীর আলম ও আবু বকর।এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, ‘এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এটি। তাই অগ্রাধিকার ভিত্তিতে এটি নির্মাণ করা হচ্ছে।’স্থানীয় চেয়ারম্যান নুরুল আফসার জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কারের জন্য সরকারকে অবহিত করা হয়েছে। কিন্তু সঠিক সময়ে কাজটি বাস্তবায়ন হয়নি। রাস্তাটির নির্মিত হলে কমপক্ষে ২০টি গ্রাম এই সড়কের সাথে সংযোগ পাবে। ফলে যোগাযোগব্যবস্থা সহজ হবে। আর যোগাযোগব্যবস্থা যদি সহজ হয় তাহলে সাগরের মৎস্য আহরণ, গবাদিপশু পালন, ধান শস্য ইত্যাদির উৎপাদন, বাজারজাতকরণও সহজ হবে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল জানান, কাবিখার ৪০ টন চাল দিয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে। এই সড়কের দৈর্ঘ্য হবে তিন কিলোমিটার।