কষ্টে আছে চকরিয়ার পাঁচ শ রাখাইন পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়ার রাখাইন নারীদের হাতের তৈরি থামি লুঙ্গি, চাদর, বেডসিটসহ নানা রকম কাপড় একসময় কক্সবাজারের ঘরে ঘরে জনপ্রিয় ছিল। কিন্তু সেসব কাপড় এখন তেমন চোখে পড়ে না। এখানকার হাটবাজার দখল করে নিয়েছে মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে আসা নানা কাপড়। জানা গেছে, কাপড় তৈরির উপকরণের দাম বৃদ্ধি, মূলধন-সংকট, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ইতিমধ্যে উপজেলার চারটি রাখাইন পল্লির প্রায় এক হাজার তাঁতের মধ্যে ৮০০টি বন্ধ হয়ে গেছে। অবশিষ্ট ২০০টিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে ৫০০-এর বেশি রাখাইন পরিবারের প্রায় তিন হাজার নারী-পুরুষ বেকার হয়ে পড়েছেন। বর্তমানে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি উ মং চে হ্লা জানান, ঐতিহ্য অনুযায়ী একজন রাখাইন নারী মানে একটি তাঁত। আগে চকরিয়ার বিভিন্ন গ্রামে প্রায় এক হাজার তাঁত চালু ছিল। এর মধ্যে বর্তমানে টিকে আছে মাত্র ২০০টি। এসব তাঁতে কাজ করছেন দুই শতাধিক নারী। অন্য তাঁতগুলো বন্ধ হয়ে যাওয়ায় কয়েক হাজার নারী বেকার হয়ে পড়েছেন। এতে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী তাঁতশিল্প। স্থানীয় রাখাইন নারীরা জানান, দুই দশক আগেও তাঁরা বংশানুক্রমে তাঁদের নিত্যপ্রয়োজনীয় কাপড় বুনতেন তাঁতে। পুরুষের লুঙ্গি, মেয়েদের থামি, নানা রকমের নকশা করা চাদর, ওড়না, গামছা ও থলে নিজেদের ব্যবহার ছাড়াও অন্যদের চাহিদা পূরণ করত। এখন নিজেদের পরনের কাপড়ও বাইরে থেকে কিনতে হচ্ছে।জানা গেছে, বর্তমানে উপজেলার হারবাং ইউনিয়নে ২৭০ পরিবার, মানিকপুরে ৭৫ পরিবার, মগবাজারে ৫৫ পরিবার, বমুতে ৩৫ পরিবার ও গয়ালমারায় দুই রাখাইন পরিবার বসবাস করছে। আগে হারবাংয়ে প্রায় ৮০০, মানিকপুরে ১০০, মগবাজারে ৫০ ও বমুতে ২০টি তাঁত চালু থাকলেও বর্তমানে সব মিলিয়ে তা ২০০টিতে নেমে এসেছে।চকরিয়া উপজেলা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী উন্নয়ন কমিটির সদস্য মাস্টার মং য়াই জানান, রাখাইনেরা প্রায় ৩০০ বছর ধরে চকরিয়ার বিভিন্ন এলাকায় বসবাস করে আসছে। শুরু থেকে রাখাইন পল্লির ঘরে ঘরে হস্তচালিত তাঁতশিল্প চালু হয়। নারীরা কাপড় তৈরি করতেন আর পুরুষেরা তা হাটে-বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ১৯৯০ সালের পর থেকে একে একে শিল্পটি বন্ধ হয়ে যেতে থাকে। বর্তমানে পল্লির বেশির ভাগ পরিবারের সদস্যদের ভিটেবাড়ি ছাড়া অন্যকোনো জমিজমা নেই। ফলে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন এসব পরিবারের সদস্যরা। কয়েকজন তাঁতশিল্পী জানান, কাপড় তৈরির উপকরণের (সুতা, রং) দাম বৃদ্ধি, মূলধন-সংকট, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব এবং মিয়ানমার থেকে আসা কাপড়ে দেশীয় বাজার ছেয়ে গেছে। ফলে স্থানীয় তাঁতপণ্যের চাহিদা কমে গেছে। লোকসানের কারণে অনেকে তাঁত বন্ধ করে দিয়েছেন। অনেকে জীবিকার সন্ধানে বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার শহরে পাড়ি জমিয়েছেন। তাঁতশিল্পের সঙ্গে যুক্ত উ খিং ছ রাখাইন বলেন, তাঁতশিল্পকে বাঁচিয়ে রাখতে হলে যুগের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে কাপড় উৎপাদন করতে হবে। এ জন্য দরকার উপযুক্ত প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা। ব্যাংকগুলো সহজ শর্তে ঋণ দিয়ে ঐতিহ্যবাহী শিল্পটিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারে।