‘গুচ্ছগ্রামের প্রতিটি পরিবারে অভাব-অনটন নিত্যসঙ্গী। অধিকাংশ পরিবারে নারীদের কোনো কাজ নেই। অনেকটা বেকার পুরুষেরাও। খণ্ডকালীন ভ্যান চালানো ছাড়া তাদের তেমন কোনো কাজ নেই। পর্যাপ্ত আয় না থাকায় পরিবারের সদস্যরা খেয়ে না খেয়ে মানবেতর জীবন-যাপন করছে।’ আক্ষেপ করে কথাগুলো বলছিলেন রাঙ্গুনিয়া পৌর সদর ইছাখালি জাকিরাবাদ গুচ্ছগ্রাম আবাসন প্রকল্পের বাসিন্দা আবদুল হামিদ। তাঁর মতো কর্মসংস্থান ছাড়াও নানান অভাব-অভিযোগ ও ক্ষোভের কথা জানা গেল প্রকল্পের বাসিন্দা দিদারুল আলম (৪৭), রাবেয়া খাতুন (৩২) ও হালিমা বেগমের (২৪) কথায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউনিয়নের নদীভাঙা ছিন্নমূল পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে ১৯৮৬ সালে তৎ কালীন সরকার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া পৌর সদরের ইছাখালি থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে জাকিরাবাদ পাহাড়ি এলাকায় গুচ্ছগ্রাম আবাসন প্রকল্প গড়ে তোলে। প্রকল্পের আওতায় প্রায় ২৫ একর টিলা ভূমিতে তিন পর্যায়ে টিনের ঘর তৈরি করে ১৮০টি পরিবারকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হয়নি। কোনো রকম আর্থিক সাহায্যও পায়নি তারা। অথচ প্রতিটি পরিবারকে একটি করে ঘর ছাড়াও পরিবারের নারী-পুরুষকে আত্মকর্মসংস্থানের জন্য সরকারিভাবে আর্থিক সাহায্য দেওয়ার কথা। দিদারুল আলম (৪৭) জানান, সরকার প্রতিটি পরিবারকে একটি টিনের ঘর করে দিলেও আয়ের কোনো পথ করে দেয়নি। অর্থের অভাবে কর্মহীন অবস্থায় মানবেতর দিন কাটাতে হচ্ছে পরিবারের সদস্যদের। সরেজমিনে দেখা যায়, কাপ্তাই সড়ক থেকে গুচ্ছগ্রামে যাওয়া-আসার পথটি কাঁচা। আবাসন কক্ষ ও শৌচাগারের দরজা ভাঙা। নেই পয়োনিষ্কাশন-ব্যবস্থা। সামান্য বৃষ্টি হলে গ্রামের রাস্তা কাদাজলে একাকার হয়ে যায়। প্রকল্প এলাকায় কোনো সীমানা-প্রাচীর না থাকায় বাইরের বখাটে ও সন্ত্রাসীদের উৎ পাত লেগেই আছে। গ্রীষ্মকালে রোদের তাপে টিনের ছাউনির ঘরের ভেতর থাকা যায় না। একমাত্র নলকূপটি অকেজো হয়ে গেছে অনেক আগে। স্থানীয় পুকুরটি ভরাট হয়ে যাওয়ায় পানির অভাবে ধোয়া-মোছার কাজও করতে পারে না গ্রামবাসী। তবে এসব অভাবের মধ্যেও কর্মসংস্থানের অভাবটাই এ মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রকল্পের বাসিন্দা রাবেয়া খাতুন বলেন, ‘পুঁজি পেলে ঘরে বসে বাঁশ-বেতের কাজ করে অথবা গরু-ছাগল ও হাঁস-মুরগি লালন-পালন করে রোজগার করতে পারতাম।’ হালিমা বেগম বলেন, ‘টাকা থাকলে সেলাই যন্ত্র কিনে সেলাইকাজ করে সংসারের খরচ জোগাতে পারতাম।’তাঁরা জানান, এনজিওগুলোও (বেসরকারি উন্নয়ন সংস্থা) কোনো ঋণ দিতে চায় না। টাকা চাইলে প্রশ্ন করা হয়, ‘তোমাদের আয় নেই, টাকা ফেরত দেবে কীভাবে?’ আনোয়ার হোসেন বলেন, ‘খণ্ডকালীন কাজ হিসেবে কাপ্তাই সড়কে ভ্যান চালানো ছাড়া স্থায়ী কোনো আয়ের ব্যবস্থা নেই। কিন্তু কোমরে ব্যথার জন্য নিয়মিত ভ্যানও চালাতে পারি না। এক দিন চালিয়ে দুই দিন বিশ্রাম নিতে হয়। এ অবস্থায় চার সন্তান নিয়ে খেয়ে না-খেয়ে কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে।’ এলাকার পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন শাহ এ প্রসঙ্গে বলেন, ‘গুচ্ছগ্রামের বাসিন্দারা খুবই অভাবগ্রস্ত। একসময় তাদের মাথা গোঁজার ঠাঁইও ছিল না। পরবর্তী সময়ে থাকার মতো ঘর হলেও কাজকর্ম না থাকায় তারা কষ্টে আছে। সরকারিভাবে ঋণ-সহায়তা পেলে তারা উপার্জন করে ভালোভাবে বেঁচে থাকার পথ খুঁজে পেত।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রকল্পের বাসিন্দারা প্রশিক্ষণ নিলে ঋণ পাওয়া সহজ হবে।’ প্রশাসনের পক্ষ থেকে রাস্তা ও পুকুর সংস্কার এবং নলকূপ মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।