‘খুব বিপদে না পড়লে বিদ্যালয়ের শৌচাগারে যাই না আমি। কারণ, অনেক দিন শৌচাগার পরিষ্কার করা হয় না, আশপাশে গেলে দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। ওই পরিবেশের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ে।’ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী কথাগুলো বলল। নাম জানতে চাইলে দৌড় দেয়, যেতে যেতে বলে, ‘আমি যে এসব বলছি, তা শিক্ষকেরা জানলে সমস্যা হবে।’ একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীর মা নাহিদা খানম বলেন, ‘বাচ্চা সকাল সাতটায় বিদ্যালয়ে আসে, সাড়ে ১২টায় ছুটি হয়। এর মধ্যে তার একবার টয়লেটে যাওয়া খুব স্বাভাবিক। কিন্তু নোংরা হওয়ায় সে কিছুতেই টয়লেটে যায় না। এসব কারণে বাচ্চাদের অনেক সময় ইউরিন ইনফেকশন হয়ে যায়। আমি একজন ভুক্তভোগী মা, এসব লেখা দরকার, সমস্যার সমাধান হওয়াও দরকার।’নগরের বিভিন্ন বিদ্যালয়ের শৌচাগার নিয়মিত পরিষ্কার করা হয় না। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাঁদের অভিযোগ, ময়লার কারণে শৌচাগারের পাশেও যাওয়া যায় না, পানি থাকে না। দীর্ঘক্ষণ প্রাকৃতিক কাজ সারতে না পারায় অনেকের প্রস্রাবে সংক্রমণ হচ্ছে। বাজেট কম ও সুইপার না থাকায় শৌচাগার নিয়মিত পরিষ্কার করা সম্ভব হয় না বলে বিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে। এ ব্যাপারে খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, ‘দুই পালায় প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। টয়লেট আছে ১০-১২টি, সুইপার আছে একজন, সে-ও অসুস্থ। বিভিন্ন কারণে অনেক সময় শৌচাগার পরিষ্কার করা হয় না। আমরা লোক চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি কিন্তু কোনো লাভ হয়নি।’জানা যায়, সরকার শৌচাগার ব্যবস্থাপনায় ১৫-২০ হাজার টাকা বরাদ্দ দেয়। ওই টাকায় অন্য টুকিটাকি মেরামতের কাজও করতে হয়।দামপাড়ার নীলা আসলাম ও ব্যাটারি গলির লুনা বড়ুয়ার মেয়ে পড়ে নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। তাঁরা জানান, মেয়েরা প্রায় সময়ই অভিযোগ করে বিদ্যালয়ের শৌচাগারগুলো নোংরা, ফলে শৌচাগারের আশপাশ দিয়েই যায় না তারা। এতে তাদের কষ্ট হয়। সরেজমিনে খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ের শৌচাগারের বেহাল অবস্থা দেখা গেছে। প্রতিটি বিদ্যালয়ে ১০-১২টি শৌচাগার রয়েছে। তবে অবস্থা খুব খারাপ। কোনোটাতে দরজা ঠিক নেই, কোনোটার ছিটকিনি নেই। কোনোটাতে পানি নেই, দীর্ঘদিন পরিষ্কার করা হয় না।২ মে হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অনেক অভিযোগ পাওয়া গেল শৌচাগার নিয়ে। এখানকার সব শৌচাগারের অবস্থা খারাপ বলে ছাত্ররা জানায়। তবে কেউ নাম বলতে চায়নি। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক মো. আবদুল লতিফের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি, কথা বলতে পারব না। পরের বার এলে দেখবেন সব পরিষ্কার হয়ে গেছে, তখন এক কাপ চা-ও খেয়ে যাবেন।’নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহনলাল বিশ্বাস বিদ্যালয়ের শৌচাগারগুলো কিছুটা নোংরা—এ কথা স্বীকার করে বলেন, ‘আমাদের সুইপারের পদ আছে একটি, কিন্তু লোক নিয়োগ দেওয়া হয়নি। তাই শিক্ষার্থীদের চাঁদায় একজন সুইপার রাখা হয়েছে। দেড় হাজার শিক্ষার্থীর বিপরীতে একজন সুইপার আছে।’ তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে শিক্ষার্থীদেরও সচেতন হতে হবে। আমরা আমাদের প্রাত্যহিক সমাবেশে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা দিয়ে থাকি। তবে আমরা কেউই সরকারি জিনিস ব্যবহারে সচেতন নই।’সিভিল সার্জন মো. আবু তৈয়ব জানান, ‘সুস্বাস্থ্যের প্রধান শর্ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি ও সুষ্ঠু স্যানিটেশন ব্যবস্থা। বিদ্যালয়ে প্রতি ৫০ জন শিক্ষার্থীর জন্য একটি পরিষ্কার শৌচাগার থাকা প্রয়োজন। অপরিষ্কার শৌচাগারের কারণে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, আমাশয়সহ নানা ধরনের রোগ হতে পারে। এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষকে সচেতন হতে হবে।’