কষ্টে আছেন প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর সরকারি হওয়া ফেনী জেলার ছয়টি উপজেলার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। একই সঙ্গে সম্প্রতি সরকার ঘোষিত ১০ শতাংশ মহার্ঘ ভাতাও জোটেনি তাঁদের ভাগ্যে। ফলে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে এসব শিক্ষকের।
শিক্ষকেরা জানান, গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে সর্বশেষ বেতন-ভাতা পেয়েছেন। এরপর তিন মাস পার হলেও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাঁদের বেতন-ভাতা দেওয়া হয়নি।
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোহাডুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (রেজিস্টার্ড) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মহিউদ্দিন খোন্দকার বলেন, বেতন-ভাতা না পাওয়ায় প্রত্যেক শিক্ষক পরিবার-পরিজন সীমাহীন কষ্টে আছেন। কবে নাগাদ বেতন-ভাতা দেওয়া হবে, সেই তথ্যও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কোনো কর্মকর্তা দিতে পারছেন না।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১২৯টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ৪৪টি, সোনাগাজীতে ২৫টি, দাগনভূঁঞায় ২০টি, ছাগলনাইয়ায় ১৬টি, ফুলগাজীতে ১৩টি ও পরশুরাম উপজেলায় ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ৫১৭ জন।
জানতে চাইলে তিন মাস ধরে শিক্ষকেরা বেতন না পাওয়ার কথা নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ। তিনি বলেন, বিদ্যালয়গুলো সরকারি করার পর প্রয়োজনীয় সব কাগজপত্র তৈরি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে কিছু সময় যাচ্ছে। শিক্ষকদের বেতন-ভাতা মন্ত্রণালয় অনুমোদন করার পর মহাপরিচালকের কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়। কিন্তু এ-সংক্রান্ত কোনো চিঠি এখনো পাওয়া যায়নি। ফলে শিক্ষকেরা বেতন পাচ্ছেন না।