বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার চার শতাধিক মাছ ধরার নৌকা গত দুই সপ্তাহ ধরে ঘাটেই নোঙর করে আছে। মাছ শিকারে যেতে পারছে না। জীবিকা বন্ধ থাকায় জেলেদের দিন কাটছে কষ্টে। এদিকে হাটবাজারেও মাছের আকাল দেখা দিয়েছে।
জনা গেছে, ১৪ জুন থেকে সাগরে মাছ ধরা বন্ধ রয়েছে। এতে উপজেলার পৌর এলাকা, ছোট মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নে জেলেপল্লিতে দুর্দিন চলছে। অনেকে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।
জেলারা জানান, দুই মাস আগেই সাগরে জলদস্যুর ভয়ে স্থানীয় জেলেরা মাছ শিকার করতে যেতে পারেনি। এখন বৈরী আবহাওয়ার কারণে মাছ শিকার বন্ধ রয়েছে।
স্থানীয় ঘটিভাঙা এলাকার জেলে মোহাম্মদ নুরুল কাদের জানান, এক সপ্তাহ সাগরে মাছ শিকার করে এক থেকে দেড় হাজার টাকা আয় করে কোনো রকম সংসার চালাচ্ছেন। সেই টাকাও এখন শেষ। ধার-কর্জ করে সংসার চালাতে হচ্ছে।
ঘটিভাঙার মাছ ধরা নৌকার মালিক নুরুল আমিন বলেন, সাগরে মাছ শিকার করে এই এলাকার ২০ হাজার জেলে জীবিকা নির্বাহ করেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাণহানির আশঙ্কায় মাছ ধরা বন্ধ।
মহেশখালী উপজেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক ওচমান গণি বলেন, সাগরে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের পাশাপাশি ফিশিং বোটের মালিকেরাও ভালো নেই। হাটবাজারেও মাছের আকাল দেখা দিয়েছে।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ে সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, মৌসুমি বায়ু ও সঞ্চারণশীল মেঘমালার কারণে কক্সবাজারে ৩ নম্বর সর্তকসংকেত এখনো বহাল রয়েছে। সংকেত প্রত্যাহার না হওয়া পর্যন্ত সাগরে গিয়ে মাছ ধরা সম্ভব না। তবে আবহাওয়া অনেকটা উন্নতির পথে। আশা করছি এই অবস্থা শিগগির কেটে যাবে।