বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সাগর। তাই কক্সবাজারের মহেশখালী উপজেলার চার শতাধিক মাছ ধরার নৌকা তীরেই পড়ে আছে। এক মাস ধরে ধরে সাগরে মাছ ধরতে যেতে পারেননি জেলেরা। উপজেলার বিভিন্ন হাটবাজারেও মাছের আকাল চোখে পড়ছে। পরিবার–পরিজন নিয়ে কষ্টে আছেন এই এলাকার অন্তত ২০ হাজার জেলে।
জানা গেছে, গত ২০ জুন থেকে বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরা বন্ধ রয়েছে। এতে উপজেলার পৌর এলাকা, ছোট মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নে জেলেপল্লিতে দুর্দিন চলছে।
৬ জুলাই সরেজমিনে দেখা যায়, গোরকঘাটা, ঘটিভাঙা ও তাজিয়াকাটা ঘাটে দুই শতাধিক মাছ ধরার নৌকা তীরে নোঙর করা রয়েছে। এসব ঘাটে কোনো জেলেকেও দেখা যায়নি।
তাজিয়াকাটা ও ঘটিভাঙায় কথা হয় কয়েকজন জেলের সঙ্গে। তাঁরা জানান, সাগরে ডাকাতি বেড়ে যাওয়ায় এমনিতেই জেলেরা মাছ ধরতে যেতে ভয় পান।
মাস খানেক আগে এমন আতঙ্কে জেলেরা কিছুদিন মাছ ধরা বন্ধও রেখেছিলেন। এরপর বাগড়া দিল খারাপ আবহাওয়া। লঘু চাপের কারণে ফুঁসছে সমুদ্র। তাই আবারও প্রায় এক মাস ধরে বেকার বসে থাকতে হচ্ছে তাঁদের। ×পরিবারের সদস্যদের নিয়ে অনেকে এক বেলা-আধপেটা খেয়ে দিন কাটাচ্ছেন।
স্থানীয় ঘটিভাঙা এলাকার জেলে আমান উল্লাহ ও রহিম বক্স বলেন, সাগরে মাছ ধরলে সপ্তাহে এক থেকে দেড় হাজার টাকা আয় হয়। এতে টেনেটুনে সংসার চলে। কিন্তু কয়েক সপ্তাহ ধরে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সংসার চলছে না। বিকল্প কোনো আয়েরও পথ নেই। এ কারণে দিনে এক বেলার খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে।
তাজিয়াকাটা এলাকার বাসিন্দা ও মাছ ধরার নৌকার মালিক নজরুল আলম বলেন, সাগরে মাছ ধরে এই এলাকার ২০ হাজার জেলে জীবিকা নির্বাহ করেন। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় এখন সাগরে মাছ ধরা বন্ধ রয়েছে। এ কারণে জেলে পরিবারের মধ্যে অভাব–অনটন লেগেই আছে।
মহেশখালী উপজেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি আবু বকর ছিদ্দিক বলেন, সাগরে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের পাশাপাশি ফিশিং বোটের (মাছ ধরার নৌকা) মালিকেরাও ভালো নেই। আর সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বিভিন্ন হাটবাজারে মাছের আকাল দেখা দিয়েছে।
এতে ক্রেতারা বাজারে এসে মাছ না কিনে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন।