কষ্টে কাটছে ৪৮ শিক্ষকের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালার দিল চান কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদৃষ্টি চাকমা (৩৫)। এলাকাবাসীর উদ্যোগে ২০০৯ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিনা বেতনে পাঠদান করে আসছেন। আশা ছিল বিদ্যালয় জাতীয়করণ হলে একসময় দুঃখ ঘুচে যাবে। কিন্তু বিদ্যালয় জাতীয়করণ হলেও সুদৃষ্টির দিন বদল হয়নি। ২৮ মাস পেরিয়ে গেলেও বেতন পাচ্ছেন না।
সুদৃষ্টি চাকমা বলেন, ‘মা-বাবা, স্ত্রী ও এক সন্তান নিয়ে সংসার। আয় বলতে টিউশনির সামান্য টাকা আর চাষাবাদ। প্রায় সময় ধার করতে হয়। ইতিমধ্যে অনেক টাকা ঋণ হয়ে গেছে। মুদির দোকানে বাকি পড়েছে। দোকানিও আর পণ্য দিতে চান না। এই কষ্টের িদন কবে যে শেষ হবে বুঝতে পারছি না।’ তাঁর মতো একই অবস্থা বিদ্যালয়ের অন্য তিন শিক্ষকেরও। দিল চান কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২০১৩ সালে দ্বিতীয় পর্যায়ে জাতীয়করণ হওয়া দীঘিনালার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ শিক্ষক ২৭ মাস ধরে বেতন পাচ্ছেন না।
বিদ্যালয়গুলো হলো খেঙত্যা কারবারিপাড়া, নেত্রজয় কারবারিপাড়া, ডিপি পাড়া, চমড়াছড়ি সুশীল জীবন হেডম্যানপাড়া, মনিন্দ্র কারবারিপাড়া, পূর্ব বাঁচামরুং, দিল চান কারবারিপাড়া, রঞ্জনমনি কারবারিপাড়া, পাগলা মহাজনপাড়া, পূর্ণ চন্দ্র কারবারিপাড়া, চন্দ্রমোহন কারবারিপাড়া ও পূর্ব উদাল বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেঙত্যা কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী প্রভা চাকমা বলেন, ‘২০০২ সাল থেকে বিনা বেতনে আমরা চারজন শিক্ষক পাঠদান করে যাচ্ছি। এখনো এক টাকাও বেতন পাইনি।’ পূর্ব উদাল বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবন চাকমা বলেন, ‘বিদ্যালয় জাতীয়করণ হওয়ার পর আমাদের সব তথ্য ও কাগজপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জমা দিয়েছি। কিন্তু তারপরও বেতন-ভাতা আসছে না।’
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালের ৬ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ আবুল কালামের সই করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিভাগের ২১৬টি নিবন্ধিত ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। এতে উল্লেখ করা হয়, ১ জুলাই থেকে বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয়েছে। এর আওতায় খাগড়াছড়ির দীঘিনালার ১২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও আছে। ১২টি বিদ্যালয়ে চারজন করে শিক্ষক রয়েছেন ৪৮ জন।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝরনা চাকমা বলেন, বিদ্যালয় জাতীয়করণ করা হলেও শিক্ষকদের জাতীয়করণের গেজেট এখনো আসেনি। তাই ১২টি বিদ্যালয়ের ৪৮ জন শিক্ষক বেতন-ভাতা পাচ্ছেন না।