কষ্টে ফোটানো ফুল ঝরল বাগানেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড সদরের মৌলভীপাড়ায় বাগানে ফুল দেখছেন চাষি ইমরান খান । প্রথম আলো
সীতাকুণ্ড সদরের মৌলভীপাড়ায় বাগানে ফুল দেখছেন চাষি ইমরান খান । প্রথম আলো

দিন-রাত পরিশ্রম করেন ফুলবাগানের পেছনে। বেকারত্ব দূর করে সফল ফুলচাষি হিসেবে স্বীকৃতিও পেয়েছেন। এক যুগের বেশি সময় ধরে বাগানের ফুল বিক্রি করে লাভের মুখ দেখলেও এবারই প্রথম লোকসান হলো তাঁর। এক বছর ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ফুল বিক্রি করতে পারেননি তেমন। বাগানেই ঝরে গেছে বেশির ভাগ ফুল।
সম্প্রতি সীতাকুণ্ডের একমাত্র ফুলচাষি ইমরান খানের মৌলভীপাড়ার ফুলের বাগানে গিয়ে এমন তথ্যই পাওয়া গেল। চোখের সামনে গাছের ফুল শুকিয়ে ঝরে পড়তে দেখে ভীষণ হতাশ তিনি। হরতাল অবরোধের সময় ফুল সরবরাহ করতে না পেরে রাগে ক্ষোভে বাগানের অনেক গাছ কেটেও ফেলেছেন।
ইমরান বলেন, হরতাল, অবরোধসহ সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দেশে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কমে গেছে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে ফুল ব্যবহার হয় আগের তুলনায় অনেক কম। বিশেষ করে গত কয়েক মাস ধরে মহাসড়কে চোরাগোপ্তা হামলা হয়েছে। এই সময় ফুল বিক্রি একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। তবে এর পরও ফুলের চাষ চালিয়ে যাবেন বলে তিনি জানান।
২০০১ সালে উচ্চমাধ্যমিক পাশের পর পাহাড়ের ধারে ২০ শতক জায়গায় পরীক্ষামূলকভাবে ফুলের চাষ শুরু করেন ইমরান। সেবার বীজ, চারাসহ সব মিলিয়ে খরচ হয়েছিল ৩০ হাজার টাকা।
প্রথমবারই লাভের মুখ দেখেছিলেন তিনি। এরপর আর থেমে থাকেননি। উপজেলার বিভিন্ন দোকানে ফুল সরবরাহ শুরু করেন। ধীরে ধীরে চাষের পরিধি বাড়িয়ে চট্টগ্রাম শহরেও সরবরাহ শুরু করেন। এ বছর তিনি দেড় একর জমিতে হলুদ ও কমলা রঙের গাদা ফুলের চাষ করেছেন। ১০ শতক জমিতে লাগিয়েছেন গ্লাডিওলাস ফুল। এতে প্রায় দেড় লাখ টাকা খরচ হলেও এখন পর্যন্ত তিনি ৬০ হাজার টাকার ফুল বিক্রি করেছেন।
তিনি আরও বলেন, চারা লাগানোর তিন মাসের মাথায় ফুলগাছে ফুল ধরে। মৌসুমে বাজারে এক হাজার ফুল বিক্রি হয় ২০০ থেকে ২৫০ টাকায়। অন্য সময়ে তা বেড়ে দাঁড়ায় ৫০০ টাকায়। তিনজন শ্রমিক স্থায়ীভাবে কাজ করেন তাঁর বাগানে। মৌসুমে আরও দুই তিনজন শ্রমিক নিয়োগ করতে হয়। এ বছর খরচ কমাতে অতিরিক্ত কোনো শ্রমিক কাজে লাগাননি। তবু ফুল বিক্রি করে চাষের খরচ তুলে আনা যায়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম বলেন, ‘ইমরান অক্লান্ত পরিশ্রম করে ফুলের বাগান তৈরি করেছেন। তাঁকে আমরা কৃষকদের কাছে মডেল হিসেবেও উপস্থাপন করি। কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁকে সব রকমের সাহয্যও করা হয়। রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি এবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা এই ক্ষতি পুষিয়ে ওঠার ক্ষেত্রে তাঁকে পরামর্শসহ সব ধরনের সহায়তা দিচ্ছি।’