কষ্টের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকের কাছেই এই মানুষগুলো অচেনা। অচেনা এদের জীবনযাপন পদ্ধতি। কীভাবে এরা বেঁচে আছে দিনের পর দিন, তা নিয়ে আগ্রহ নেই কারও। সত্যিই, এরা যেন অন্য জগতের মানুষ। এদের চিনতেই হবে, এমন কোনো কথাও নেই। সুতরাং আড়ালের মানুষগুলো আড়ালে থেকে গেলে কারও কোনো ক্ষতি হতো না। কিন্তু প্রথম আলোর বিশাল বাংলায় ৭ সেপ্টেম্বর প্রকাশিত হওয়া সংবাদটির শিরোনাম সবকিছু ভুলিয়ে দিল। ‘ঈদ না আইলেই ভালো অইতো’। ছ্যাঁৎ করে উঠল না বুক! কত কথাই তো বলা যায়, কষ্টের কথা নিবেদনের রয়েছে হাজারো উপায়। কিন্তু ঈদের আনন্দ একেবারে অগ্রাহ্য করার এই কষ্ট যারা প্রকাশ করল, তারা অনায়াসেই ঢুকে গেল মনের গভীরে। আর, এক ধরনের হাহাকার ছড়িয়ে পড়ল পুরো সত্তায়।ছবির মানুষগুলোর দিকে তাকাই আর অবাক হই। একজনের চোখেও নেই আনন্দের ঝিলিক। একজনের মুখেও নেই হাসি। যেন বিশাল এক একটা দীর্ঘশ্বাস বুকে নিয়ে ফ্রেমবন্দী হয়েছে ওরা। ঈদের মতো সর্বজনীন উৎসবের পরশও দোলা দেয় না ওদের মনকে। পরিবার-প্রধানের ক্ষমতা নেই বাড়ির শিশুদের জন্য নতুন জামা-কাপড় উপহার দেওয়ার। সারা দিনের পরিশ্রমে যে অর্থ জোটে, তা নিয়ে দুই কেজি চালও কেনা যায় না। তাই জামা-কাপড়ের ভাবনা—দূর অস্ত।ফনদারডেইল গ্রামটি কক্সবাজার শহরের সমুদ্র উপকূলে। এই গ্রামের হাজার হাজার মানুষের শরীরে যেন ‘দুঃখ, কষ্ট, অসহায়ত্ব’ ইত্যাদি শব্দগুলো লেপ্টে আছে। একই অবস্থা কুতুবদিয়াপাড়া, নাজিরাটেক, ঝাউবাগান বস্তি ও চেয়ারম্যান কলোনির মানুষের। কোনো ধরনের মায়াকান্না দিয়ে এই অসহায়ত্ব থেকে তাদের মুক্তি দেওয়া যাবে না। মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, তা এদের দিকে তাকিয়ে বিদ্রূপ করে। পাঁচ বছর পরপর সংসদ নির্বাচন হয়, এরাও নিশ্চয় ভোট দেয় নতুন কোনো দিনের আশায়। কিন্তু নতুন সূর্য এসে ওদের কষ্টটা কেড়ে নিতে পারে না, শরীরে জড়িয়ে দিতে পারে না রৌদ্রের রং, যার মধ্যে বসতভিটা গড়বে আশা-আকাঙ্ক্ষা, একটুকরো হাসি।জা. রে. নূ