কষ্টের দিন
আমি সুমাইয়া আযম পারমিতা, মা-বাবার আদরের ‘বুবুন’। আট মাস ধরে আমার কষ্টের মধ্যে বসবাস। স্কুলে যেতে পারি না, পারি না স্বাভাবিকভাবে ঘুরতে, বেড়াতে। কারণ অন্যের রক্ত ও প্ল্যাটিলেট নিয়ে আমি বেঁচে আছি। এ প্লাস্টিক অ্যানিমিয়ার রোগী। আমার বোনম্যারো অকেজো। কোনো কিছুই তৈরি হয় না আমার শরীরে। আমার ‘ইনফেকশন’-এর ভয় থাকে সব সময়। সাবধানতার মধ্যে বেঁচে থাকা আমার।গত বছরের মে মাসে আমার অসুখ ধরা পড়ে। চিকিত্সক প্রাথমিক চিকিত্সার সবই দিলেন। পরে জানালেন, আমার অসুখের চূড়ান্ত চিকিত্সা বোনম্যারো ট্রান্সপারেন্ট। নিজের ভাই অথবা বোনের ‘বোনম্যারো’ নিয়ে আমাকে সুস্থ হতে হবে। কিন্তু আমি তো মা-বাবার একমাত্র সন্তান। এটিজি ইনজেকশন নিতে দেশের বাইরে যেতে হবে। প্রচুর অর্থ ব্যয় হবে। বাবার চাকরি নেই, টাকা নেই। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল আকুল আবেদন জানিয়ে। ভিউকার্ড বিক্রি ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। দেশের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আমার সুচিকিত্সার জন্য।আমি, মা-বাবা, মামা মাদ্রাজের ভেলরে অবস্থিত সিএমসি গিয়েছিলাম জুনের ৪ তারিখ, ডা. মোমেন চণ্ডী আমাকে দেখলেন। সব পরীক্ষা করালেন এবং ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আমাকে ভর্তি করানো হলো। সিট পেতে দেরি হয়েছিল। প্রচুর রোগী দেশ-বিদেশ থেকে আসে এখানে চিকিত্সা করাতে। প্রতিদিন সিটের জন্য ওয়ার্ডের সামনে বসে থেকেছি, আর চিকিত্সক দেখলেই সামনে গিয়ে বলেছি, ‘মুঝে সিট চাহিয়ে’। সিট পেলাম। ২৪ তারিখে আমার এটিজি শুরু হলো। তার আগে ক্যানোলা পরানো হলো। ডান হাতের মাঝখান থেকে গলার কাছ দিয়ে ডান বুকের কাছাকাছি। কষ্ট পেয়েছি, সহ্য করেছি। আমাকে চিকিত্সক, সিস্টার সবাই সাহসী মেয়ে বলে ডাকতেন। তাঁরা অসম্ভব ভালোবাসা দিয়েছেন আমাকে। এটিজি প্রথম দিন দেওয়ার পর সারা শরীরে ফুসকুড়ি বের হলো। সঙ্গে বমি ও জ্বর। এটিজি বন্ধ রেখে আমাকে ওষুধ দেওয়া হলো। আমি ওষুধ খেতে পারি না। বাবা-মা তরল খাওয়াতে চাইলে চিকিত্সক রেগে বললেন, ‘তোমরা পিকনিক করতে এসেছ? ওপরওয়ালা আমাকে সাহস দিলেন। আমি ওষুধ খেলাম। টানা ছয় মাস দুই বেলা ওষুধ খাচ্ছি। মাদ্রাজ থেকে ফিরেছি আগস্ট মাসে। অক্টোবরে আবার যেতে হবে। আগস্টের মাঝামাঝি ইনফেকশন হলো। প্রচণ্ড জ্বর। ভর্তি হলাম ধানমন্ডি প্যান কেয়ারে। সুস্থ হলাম। পাঁচ দিন পর ফিরলাম বাসায়। প্রতি মাসে দুবার করে রক্ত ও প্ল্যাটিলেট দিতে হয়। অসুস্থ হওয়ার পর থেকে অনেকে আমাকে রক্ত দিয়েছেন বা দিচ্ছেন, তাদের কাছে আমি চিরঋণী। অক্টোবরে যেতে পারিনি আর্থিক অসুবিধার কারণে। বাবার চাকরি নেই, এক মহাসমুদ্রে পড়েছি আমরা। নিকটাত্মীয়রা পাশে আছেন, তাঁরাই দেখাশোনা করছেন আমাদের। চিকিত্সক মোমেন চণ্ডী আবার দেখবেন এ মাসের ৮ তারিখে। আমরা যাব। কিছু টাকা জোগাড় হয়েছে। আমি জানি না, আমার কষ্টের দিন, কষ্টের রাত কবে শেষ হবে? আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। মা রাত-দিন চোখের পানি ফেলেন, ঘুমাতে পারেন না, খেতে পারেন না। আল্লাহ, তুমি আমাকে রোগমুক্ত করো। আমার দুখিনী মাকে সুখী করো। আমার মন চায় দৌড়ে স্কুলে যেতে, সহপাঠীদের সঙ্গে খেলতে, প্রজাপতির মতো উড়ে বেড়াতে।সুমাইয়া আযমবায়তুল আমান, ঢাকা