কষ্টের মুহূর্তে গানের কাছেই আশ্রয় খুঁজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী

আমার গান শোনার শুরুটা শৈশব থেকেই। তখন স্কুলে পড়ি। বাড়িতে রেডিও ছিল, সেটায় গান শুনতাম। তবে গান শোনার আলাদা কোনো ব্যবস্থা ছিল না। তাই পাশের বাড়িতে গিয়ে ক্যাসেট প্লেয়ারে গান শুনতাম। তখন গ্রামে বিদ্যুৎ ছিল না, তাই ব্যাটারি দিয়ে প্লেয়ার চালানো হতো। সেই ব্যাটারিও খুব দ্রুত ফুরিয়ে যেত। যা-ই হোক, তখন জগন্ময় মিত্র, মান্না দে, সতীনাথ মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, সাগর সেনের গান শুনতাম। ভীষণ ভালো লাগত সেসব গান। সে সময়ের আধুনিক গান যেমন শুনতাম, তেমনি প্রিয় ছিল রবীন্দ্রসংগীত। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নজলরুলগীতি অনেক প্রিয়। ভূপেন হাজারিকার গানে জীবনদর্শন খুঁজে পাই। মানুষ মানুষের জন্য, বিস্তীর্ণ দুপারে—এই গানগুলো ভীষণ প্রিয় আমার। আর প্রিয় ছিল পুরোনো ক্লাসিক হিন্দি গানগুলো। সেগুলো আকাশ বাণীতে শুনতাম।

আমার মেজো ভাই রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিল। সে তার বৃত্তির টাকা দিয়ে একটা ক্যাসেট প্লেয়ার কিনল। সেটাও ব্যাটারি দিয়ে চালাতে হতো। মাসে হয়তো একবার বা দুই মাসে একবার ব্যাটারি কেনা হতো। তাই তৃপ্তি মিটিয়ে গান শোনা হতো না। আমার মনের মধ্যে স্বপ্ন ছিল একটাই—নিজের টাকায় একটা ক্যাসেট প্লেয়ার কিনব। মনে আছে, ছাত্র পড়িয়ে যে কটা টাকা পেয়েছিলাম সেখান থেকে তিন হাজার ৫০০ টাকা দিয়ে একটা ক্যাসেট প্লেয়ার কিনেছিলাম। নিজের টাকায় কেনা যন্ত্রে মনের আনন্দে গান শুনতাম।

ভালো লাগে মান্না দের গান
ভালো লাগে মান্না দের গান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে যখন ভর্তি হলাম, তখন অভ্যাসটা এ রকম হয়ে দাঁড়াল যে সারা দিন গান শুনতাম। রাতে ঘুমানোর আগ পর্যন্ত শুনতাম। এমন হতো, ঘুমিয়ে পড়েছি, তবু ক্যাসেট প্লেয়ারে গান বেজেই চলেছে। আবার ঘুম থেকে উঠেই গান শোনার যন্ত্রটা চালু করে দিতাম। আমার সংগ্রহে তিন-চার শ অডিও ক্যাসেট আছে। সিডিও কিনেছি দুই-তিন শ। এখন গাড়িতে গান শুনি। নেশার মধ্যে গান শোনাটাই আমার প্রিয় নেশা। গান শুনতে শুনতে নস্টালজিক হয়ে পড়ি। যেমন হয়তো একটা গান শুনছি, মনে পড়ে গেল সেই গানটা প্রথম কোথায় শুনেছিলাম। তার সঙ্গে সঙ্গে সেই সময়কার সব মনের জানালায় ভেসে ওঠে।

কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ গানটি খুব প্রিয় আমার। আরেকটি গান ভালো লাগে—‘আমারে তুমি অশেষ করেছ’। উত্তম কুমার আর সুচিত্রা সেন জুটির অভিনীত সিনেমার গানগুলো খুব ভালো লাগে। এর মধ্যে ‘এই পথ যদি না শেষ হয়...’ গানটি বেশ ভালো লাগে।

এখন সময় পাল্টেছে। আলাদা করে গান শোনার জন্য সময় পাই না। গাড়িতে চলতে চলতে যেটুকু সময় পাই, গান শুনি। কষ্টের মুহূর্তগুলোয় গানের কাছেই আশ্রয় খুঁজে পাই।

অনুলিখন: সুচিত্রা সরকার