
ফটিকছড়ির বংশাল গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জাকারিয়া ও সাহেদা। সরু নড়বড়ে বাঁশের সেতু পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয় তাদের। কেবল এই দুই শিক্ষার্থী নয়, উপজেলার রোসাংগিরি ইউনিয়নের হালদা নদী তীরের পাঁচ গ্রামের মানুষ এমন ঝক্কি পোহাচ্ছেন।
নড়বড়ে সাঁকো পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাতায়াত করেন রোসাংগিরি, শীলেরহাট, পূর্ব ফরহাদাবাদ, বংশাল ও ফরহাদাবাদ গ্রামের বাসিন্দারা। জনপ্রতিনিধিরা একাধিকবার শীলেরহাট ও বংশাল গ্রামের মাঝামাঝি হালদা নদীর ওপর পাকা সেতু নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি।
হালদাপারের বংশাল গ্রামের শিক্ষার্থী মো. জাকারিয়ার বাবা আক্ষেপ করে বলেন, ‘আমার ছেলে প্রতিদিন এক কিলোমিটার হেঁটে ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়ে রোসাংগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে। সন্তানকে স্কুলে পাঠিয়ে প্রতিদিন উৎকণ্ঠায় থাকি। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এলাকার সাংসদ-চেয়ারম্যানরা পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তা কখনোই বাস্তবায়িত হয়নি।’
সম্প্রতি বংশাল এলাকায় হালদাপারে গিয়ে দেখা যায়, প্রায় তিন শ ফুট চওড়া নদীর ওপর দুটি বাঁশ দিয়ে তৈরি বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছে আশপাশের এলাকার মানুষজন। এ সময় কথা হয় হয় বংশাল গ্রামের বাসিন্দা রোসাংগিরি িবদ্যালয়ের শিক্ষক জালাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘বাঁশের সাঁকো পার হতে গিয়ে বুক কাঁপে। আমারই যখন এই দশা, তখন শিক্ষার্থীদের কী অবস্থা হবে বুঝতেই পারছেন।’
প্রতিবছর বর্ষার সময় সাঁকোটি ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হয় বলে জানান রোসাংগিরি গ্রামের বাসিন্দা মো. আনোয়ার। তিনি আরও জানান, গ্রামের লোকজন একসময় নৌকায় নদী পারাপার হতেন। কয়েক বছর ধরে গ্রীষ্ম মৌসুমে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করছেন। তবে বর্ষায় নদীর স্রোতের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁকো পার হতে ভয় পায়।
ফটিকছড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী শচী দুলাল বিশ্বাস বলেন, প্রস্তাব পেলে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।