টাকার অভাবে রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় সাতটি সড়কের সংস্কারকাজ হচ্ছে না। প্রাক্কলিত ব্যয় নির্ধারণ হয়েছে, অনুমোদনও পেয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সড়ক সংস্কারের বরাদ্দ মেলেনি। ফলে এসব সড়কে চলাচলে দিনের পর দিন কষ্ট পাচ্ছে স্থানীয় লোকজন।সড়কগুলো হচ্ছে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদ সড়ক, পাঠানপাড়া সড়ক, উত্তর রাজানগর ইউনিয়নের রানীরহাট লেইঙ্গাপাড়া সড়ক, পারুয়া ইউনিয়নের রফিক সড়ক, ইসলামপুর ইউনিয়নের রাজামিয়া চৌধুরী সড়ক, স্বনির্ভর ইউনিয়নের আবদুল গণি চৌধুরী সড়ক ও মজুমদারখীল গ্রাম সড়ক।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, সাতটি সড়কের প্রায় ১৬ কিলোমিটার এলাকায় সংস্কারকাজ রয়েছে। এ জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে চার কোটি টাকারও বেশি। কিন্তু অর্থ ছাড় না পাওয়ায় সংস্কারকাজ শুরু করা যাচ্ছে না। ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজদ্দৌলা জানান, ইউনিয়নের রাজামিয়া চৌধুরী সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকা মেরামতের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়কটি মেরামতের জন্য ৬৮ লাখ ৪৪ হাজার টাকা প্রাক্বলিত ব্যয় নির্ধারণ করা হয়। ২০১২ সালের ৬ জানুয়ারি কর্তৃপক্ষ সড়কটি মেরামতের অনুমোদন দিলেও এখনো কাজ শুরু হয়নি। ফলে সড়কটি বেহাল অবস্থায় থাকায় এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। স্বনির্ভর ইউপি চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী জানান, ইউনিয়নের মজুমদারখীল গ্রামের সড়কটি মেরামতের জন্য আরও এক বছর আগে অনুমোদন মিললেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজ শুরু করতে পারেনি। ফলে চলতি বর্ষা মৌসুমে কাদা-পানিতে সড়ক বেহাল হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, মজুমদারখীল গ্রামের সড়কজুড়ে কাদাপানি। কিছু অংশে গ্রামবাসী নিজেদের উদ্যোগে মাটি ফেলে যাতায়াতের উপযুক্ত করছে। রাজামিয়া চৌধুরী সড়ক ও চন্দ্রঘোনা কদমতলী ইউপি সড়কেও খানাখন্দ। অন্য যানবাহন তো দূরের কথা, রিকশাও আটকে যাচ্ছে। পারুয়া রফিক সড়কের রফিকঘোনা এলাকায় সড়ক ভেঙে পাশের জমির সঙ্গে মিশে গেছে। ওই স্থানে দিয়ে জমির পানি চলাচল করছে। বিদ্যালয়গামী শিক্ষার্থী ও গ্রামবাসী চলাচল করছে হাঁটুপানি ডিঙিয়ে।মজুমদারখীল গ্রামের পীযূষ সাহা (৩২) বলেন, কাদার কারণে মজুমদারখীল গ্রাম সড়ক দিয়ে গাড়ি ঢোকে না। ভুলে কেউ গাড়ি নিয়ে ঢুকলেও ঠেলে নিতে হয়। পায়ে হেঁটে যেতেও অনেক কষ্ট হয় গ্রামবাসীর। উপজেলা প্রকৌশলী হাসান আলী বলেন, পর্যাপ্ত অর্থ না থাকায় সড়কগুলো মেরামত কাজের আদেশ দিতে পারছে না অধিদপ্তর। ফলে সড়কগুলো যেমন ছিল তেমনই রয়ে গেছে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কগুলো মেরামতের জন্য আদেশ চেয়ে পুনরায় প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি।এ প্রসঙ্গে জেলা নির্বাহী প্রকৌশল কর্মকর্তা তফাজ্জল হোসেন অর্থাভাবের কথা স্বীকার করে বলেন, অর্থ ছাড় পেলেই সড়কগুলোর মেরামতকাজ শুরু করার আদেশ দেওয়া হবে। অর্থ ছাড় পাওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে।