কসোভোর ভবিষ্যৎ এখনো কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর পক্ষে একটা বড় প্রণোদনা পেল কসোভো। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানির মতো বড় শক্তিগুলোর স্বীকৃতি সত্ত্বেও এখনো ইউরোপের বলকান অঞ্চলের এ নবীন দেশটি প্রয়োজনীয়সংখ্যক দেশের সমর্থন পায়নি। সার্বিয়ার এ বিদ্রোহী প্রদেশটির স্বাধীনতা ঘোষণা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়নি—আন্তর্জাতিক আদালতের এই ঘোষণা অন্তত নৈতিক দিক থেকে তাদের জন্য একটি বড় বিজয়।জাতিগত বিরোধের কারণে ১৯৯১ সাল থেকে ভেঙে পড়তে থাকে সাবেক যুগোস্লাভিয়া। অঞ্চলজুড়ে রক্তক্ষয়ী সংঘাত, হত্যাযজ্ঞ আর জাতিগত শোধনের প্রেক্ষাপটে সার্বিয়ার বিরুদ্ধে ন্যাটোর ১৯৯৯-এর শাস্তিমূলক অভিযানের পর থেকে জাতিসংঘের হেফাজতে ছিল কসোভো। তখন থেকে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল কসোভো। কিন্তু ওই দিনটিতেই কসোভোর পার্লামেন্ট সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে একটি প্রস্তাব অনুমোদন করে এবং স্বাধীনতার ঘোষণা দেয়। এর চার মাস পর নিজেদের নতুন সংবিধানও রচনা করে তারা। এভাবেই স্বায়ত্তশাসিত একটি অঞ্চল থেকে স্বাধীন কসোভো রাষ্ট্রের জন্ম। কিন্তু অনেক রাষ্ট্রই এখনো কসোভোর এই স্বাধীনতার স্বীকৃতি দেয়নি। সবচেয়ে বড় বিরোধিতাকারী সার্বিয়ার সরকার কসোভোর স্বাধীনতা ঘোষণা মেনে নেয়নি। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি বড় শক্তি কসোভোর পক্ষে থাকায় দেশটির বিরুদ্ধে নতুন কোনো সামরিক ব্যবস্থা নিতে পারেনি সার্বিয়া। তবে জাতিসংঘের সাধারণ পরিষদে কসোভোর স্বাধীনতা ঘোষণার বৈধতার বিষয়টির সুরাহা করার অনুরোধ করে তারা। এরই পরিপ্রেক্ষিতে সাধারণ পরিষদ আন্তর্জাতিক আদালতের (আইসিজে) কাছে এ ব্যাপারে একটি ব্যাখ্যা চায়। ২২ জুলাই আইসিজের বিচারকেরা রায় দেন, কসোভোর স্বাধীনতার ঘোষণা প্রচলিত আন্তর্জাতিক আইনের কোনো অংশের পরিপন্থী নয়। তাই ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তারা স্বাধীনতার যে ঘোষণা দিয়েছে, তা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি। অর্থাৎ কিনা কসোভোর স্বাধীনতার ঘোষণা বৈধ। রায় ঘোষণার পরপরই কসোভোর রাজধানী প্রিস্টিনায় লোকজন আনন্দ-উল্লাস শুরু করে। অন্যদিকে সার্বিয়া জানিয়ে দেয়, তারা কখনোই কসোভোকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না, সেটি তাদের অবিচ্ছেদ্য অংশ। কসোভো প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ও দুই অংশে বিভক্ত হয়ে পড়েছে।আইসিজের এই রায় সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র মধ্য এশিয়ার জর্জিয়ার ভেঙে যাওয়া অংশ দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়ার স্বাধীনতা ঘোষণার পক্ষে ইতিবাচক। রাশিয়া স্বাধীন দেশ হিসেবে ইতিমধ্যেই জর্জিয়ার ওই অংশটিকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু তার পরও রাশিয়া আইসিজের রায়কে সমর্থন করতে রাজি নয়। কারণ, এতে রাশিয়ার সরকার নিজেও স্বাধীনতাকামী স্বায়ত্তশাসিত অঞ্চল চেচনিয়াকে নিয়ে বিপদে পড়বে। আর সার্বরা রাশিয়ার ঐতিহ্যগত মিত্রও।স্বাধীন রাষ্ট্র হিসেবে কসোভোর প্রস্তুতি কিন্তু জোরেশোরেই চলছে। প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে তাদের পার্লামেন্ট। ২০০৮ সালের এপ্রিলেই একটি নতুন সংবিধান প্রণয়ন করে তারা। দুই মাস পর সেটি কার্যকর করা হয়। এর মাধ্যমে নয় বছর জাতিসংঘের অধীনে থাকার পর নিজেদের নিয়ন্ত্রণ পায় কসোভোর সরকার। কিন্তু স্বাধীন দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ পেতে ১০০টি দেশের স্বীকৃতি পেতে হবে তাদের। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও তুরস্কসহ ৬৯টি দেশ কসোভোকে স্বীকৃতি দিয়েছে। এদের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যদেশের মধ্যে ২০টি। সার্বিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও কমিউনিস্ট শাসনাধীন চীন নতুন এই দেশকে স্বীকৃতি দেয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কসোভোকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার প্রস্তাবও আটকে দেয় এই দুই দেশ। কসোভোর স্বাধীনতা নিয়ে ইউরোপীয় ইউনিয়নেও বিভক্তি রয়েছে। আইসিজের রায় ঘোষণার পরই এ ব্যাপারে প্রতিক্রিয়ায় সার্বিয়া ও রাশিয়া বলেছে, এই রায় স্বাধীন দেশ হিসেবে কসোভোর আইনি বৈধতা নিশ্চিত করে না, বরং এটি এক ধরনের নির্দেশনামূলক রায় মাত্র।আশির দশকের প্রায় পুরো সময়ই কমবেশি জাতিগত সহিংসতার শিকার ছিল কসোভো। যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর ১৯৮৯ সালে সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে কসোভোর মর্যাদা অনেকখানি হ্রাস করেন। শুরু হয় জাতিগত আলবেনীয়দের বিরুদ্ধে সার্বদের শোষণ-নিপীড়ন। এর পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালে কসোভোর জাতিগত আলবেনীয়রা স্বাধীনতা ঘোষণা করে এবং পার্লামেন্ট গঠন করে। ওই সময় শুধু প্রতিবেশী আলবেনিয়া তাদের স্বীকৃতি দিয়েছিল। কিন্তু সেই স্বাধীনতার ঘোষণা টেকেনি। বসনিয়া যুদ্ধের সময় ১৯৯৫ সালে ডেটন (যুক্তরাষ্ট্র) চুক্তির মাধ্যমে কসোভোবাসী আশা করেছিল, তাদের সমস্যারও সমাধান হবে, কিন্তু তা হয়নি। এরপর সেখানকার স্থানীয় গেরিলা গোষ্ঠী কসোভো লিবারেশন আর্মি (কেএলএ) সার্বিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে। ১৯৯৯ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব পাসের মাধ্যমে কসোভো জাতিসংঘ শাসিত একটি অঞ্চলে পরিণত হয়। ন্যাটো বাহিনীর শান্তিরক্ষী মোতায়েন করা হয় সেখানে। শান্তিরক্ষী বাহিনীর অভিযানের মুখে কসোভোকে শায়েস্তা করতে পাঠানো সেনাবাহিনী প্রত্যাহার করতে বাধ্য হয় সার্বিয়া। এখন ন্যাটো নেতৃত্বাধীন ১০ হাজার সেনার একটি বাহিনী কসোভোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এ ছাড়া আড়াই হাজার সদস্যের একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে। এর নাম কসোভো নিরাপত্তা বাহিনী (কেএসএফ)। একটি স্বাধীন দেশের মর্যাদা নিয়ে টিকে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছে কসোভো। কিন্তু তার চলার পথ খুব মসৃণ হবে না বলেই ধারণা বিশ্লেষকদের। রায় ঘোষণার পর খোদ আইসিজের এক মুখপাত্র বলেন, ‘এই রায় কোনো আইনি বাধ্যবাধকতা নয়, বরং এক ধরনের পরামর্শমূলক মতামত। জাতিসংঘের সাধারণ পরিষদ এ ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে স্বাধীন।’ সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিচ তো বলেই দিয়েছেন, তাঁর দেশ কখনোই কসোভোকে স্বীকৃতি দেবে না। তিনি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে আবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে এই সংকট সমাধানে একটি টেকসই সমঝোতার আবেদন জানাবে সার্বিয়া। সুতরাং আইসিজে কসোভোর স্বাধীনতার ঘোষণাকে বৈধতা দিলেও খুব সহজে বিষয়টির মীমাংসা হচ্ছে না, তা নিশ্চিত।একনজরে কসোভোজনসংখ্যা : ১৮ লাখ থেকে ২৪ লাখরাজধানী : প্রিস্টিনাপ্রধান ভাষা : আলবেনীয়, সার্বীয়প্রধান ধর্ম : ইসলাম, খ্রিষ্টপ্রাকৃতিক সম্পদ : কয়লা, সিসা, দস্তা, ক্রোমিয়াম, রুপা