কহলিল জিবরানের ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহড়ের পেটের ভেতরের এই বাড়িই জিবরান জাদুঘর। ছবি: লেখক
পাহড়ের পেটের ভেতরের এই বাড়িই জিবরান জাদুঘর। ছবি: লেখক

পাহাড়ের গা বেয়ে ওপরে উঠে গেছে সিঁড়ির ধাপগুলো। সিঁড়িতে পা ফেলতেই স্বাগত জানাল বিখ্যাত লেবানিজ কবি কহলিল জিবরানের পাথুরে ভাস্কর্য। আমরা সিঁড়ি ভেঙে উঠতে থাকি ওপরের দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৩০০ ফুট ওপরের বাড়িটা পাহাড়ের ঠিক পেটের ভেতরে। এটিই কহলিল জিবরানের (১৮৮৩-১৯৩১) বাড়ি। এখন জাদুঘর।

তিনতলা বাড়ির সামনে আটপৌরে আঙিনা। পাথরের বেঞ্চে সুন্দর বসার জায়গা। বেঞ্চে বসতেই স্বাগত জানাল চার-পাঁচটি বিড়াল। অবলা প্রাণীদের অতিথি সমাদর দেখে মনে হলো, আমরা তাদের কত চেনা!

লেবাননে বছর তিনেকের প্রবাসজীবন। মাসের পর মাস পেরিয়ে গেছে যাব যাব করে। কোনোভাবেই কহলিল জিবরানের বাস্তুভিটায় যাওয়া হয়ে উঠছিল না। অবশেষে সেই সুযোগ হলো ১৮ নভেম্বর। কহলিল জিবরানের জন্মস্থান লেবাননের বিশারি এলাকায়। রাজধানী বৈরুত থেকে বিশারি প্রায় ১১০ কিলোমিটারের পথ। যাওয়ার পথটাও রোমাঞ্চকর। বাঁয়ে ভূমধ্যসাগর, ডানে পাহাড়। পাহাড়ের গা ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা এগিয়ে গেছে সাপের মতো। এই পথ ধরে আমরা যখন লেখকের বাড়ির নিচে দাঁড়ালাম, তখন মধ্য দুপুর।

বাড়ির সামনের বসার জায়গার পাশেই টিকিটঘর। ৫ ডলারের টিকিটে ভেতরে যাওয়ার অনুমতি মিলল। টিকিটের সঙ্গে ফেরত শর্তে একটি বইও ধরিয়ে দিল আমাদের। ইংরেজি ভাষায় কবি সম্পর্কে সব তথ্য রয়েছে এ বইয়ে, আছে জাদুঘরে ঘুরে দেখার কিছু নির্দেশনাও। সেই নির্দেশনা মেনেই আমরা ঢুকে পড়ি প্রথম কক্ষে। এই কক্ষে রাখা হয়েছে লেখকের সব বই। দেখলাম, তাঁর বিখ্যাত বই দ্য প্রফেট-এর অনুবাদ গ্রন্থ। বইটি সম্পর্কে আগেই কিছুটা তথ্য জানা ছিল। পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রীত বইয়ের তালিকায় দ্য প্রফেট একটি।

জাদুঘরের প্রবেশপথের সামনে লেখক
জাদুঘরের প্রবেশপথের সামনে লেখক

বিবিসির তথ্যমতে, জিবরানের এই বই প্রায় ৫০টি ভাষায় অনুবাদ হয়েছে। পৃথিবীর নানা ভাষায় অনূদিত সেই বইগুলো এখানে রাখা হয়েছে। কৌতূহল নিয়ে চোখ বুলালাম, বাংলা ভাষার কোনো বই আছে কি না। নেই। হয়তো তাদের হাতে পৌঁছায়নি।

জিবরান জাদুঘরটি পরিচালনার জন্য রয়েছে একটি জাতীয় কমিটি। জিবরান ন্যাশনাল কমিটির ওয়েবসাইটে ঢুঁ মেরে জানা গেল কিছু তথ্য। কহলিল জিবরান মারা যান ১৯৩১ সালে, নিউইয়র্কে। এরপর ১৯৩২ সালে যুক্তরাষ্ট্র থেকে লেখকের ব্যবহৃত আসবাব, ব্যক্তিগত জিনিসপত্র ছাড়াও পাণ্ডুলিপি, ৪৪০টি চিত্রকর্ম ও তাঁর সংগৃহীত বই আনা হয় লেখকের জন্মস্থান লেবাননে। এই সংগ্রহগুলো নিয়েই পরে গড়ে তোলা হয় এই জাদুঘর।

ততক্ষণে সুড়ঙ্গের মতো পথ দিয়ে আমরা চলে এসেছি পাশের কক্ষে। এখানে কবির ব্যবহৃত বিভিন্ন জিনিস রাখা হয়েছে। কবির নিজের হাতে লেখা একটি চিঠি দেখলাম। আরবি ও ইংরেজিতে লেখা। আরবি ভাষা রপ্ত না করতে পারলেও বুঝতে অসুবিধা হলো না যে হাতের লেখা বেশ সুন্দর। কবির ব্যবহৃত একটি চামড়ার ব্যাগ চোখে পড়ল। জগদ্বিখ্যাত কবি একদিন এই ব্যাগ নিয়েই ঘুরতেন, কল্পনায় সেই চিত্রও আঁকলাম একবার। দীর্ঘদিন অব্যবহৃত ব্যাগটি কিছুটা ক্ষয়ে গেছে।

তিনতলা বাড়িটির ছোট-বড় ১২টি কক্ষ। প্রায় প্রতিটি কক্ষেই সাজানো আছে জিবরানের শিল্পকর্ম। কী যে সুন্দর সব শিল্পকর্ম। খলিল জিবরান তাঁর চিত্রকর্মের জন্যও বিখ্যাত ছিলেন। তাঁর ব্যবহৃত রংপেনসিল দেখলাম। কাটার, কলম সবই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। কবির বিছানা-বালিশ, চেয়ার-টেবিল—সবই রয়েছে জাদুঘরে। তিনি যে টেবিলে লিখতেন, যে চেয়ারে বসে লিখতেন, সেটিও সুন্দর করে সাজানো। হুক্কা খাওয়ার সেই হুক্কার পাত্রটিও আছে। কবির কফিনটা সাজানো আছে শেষ কক্ষটিতে। অন্ধকার কক্ষ।

সব কক্ষ ঘুরতে ঘুরতে আমরা চলে আসি একদম নিচে। এবার বিদায় নেওয়ার পালা। কিন্তু বিদায় বলতে ইচ্ছে করে না। কবি, সাহিত্যিক, দার্শনিক ও চিত্রশিল্পী কহলিল জিবরান ভর করে আমাদের ভেতরে। গাড়িতে বসে ভাবি, প্রাপ্তি তো এটুকুই।