কহে বীরাঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যায়ভাবে কৌরবেরা অর্জুনপুত্র অভিমন্যুকে বধ করলে পুত্রশোকে উন্মাদপ্রায় অর্জুন প্রতিজ্ঞা করেন, অভিমন্যুর হত্যাকারী জয়দ্রথকে নিজ হাতে বিনাশ করবেন। এ খবর জেনে জয়দ্রথের পত্নী দুঃশলা ভয় পেয়ে পতির কাছে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে একদিকে প্রকাশ পায় স্বামীর প্রতি তাঁর গভীর ভালোবাসা, অপর দিকে স্বামীকে যুদ্ধক্ষেত্র থেকে ফেরানোর জন্য তিনি যুদ্ধের বিরুদ্ধে অসংখ্য যুক্তি হাজির করেন। দুঃশলা হয়ে ওঠেন রাজনৈতিক প্রজ্ঞাসম্পন্ন এক নারী। সবকিছুর পরেও তিনি স্বপ্ন দেখেন শান্তি, প্রেম ও এক স্বপ্নময় জীবনের, যেখানে আত্মার মুক্তি আছে।দরিদ্র থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে থ্যালাসেমিয়া সেবাকেন্দ্রের আয়োজনে ও মণিপুরী থিয়েটারের (সিলেট) প্রযোজনায় নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে নাট্যকাব্য কহে বীরাঙ্গনা মঞ্চস্থ হলো ২৩ ও ২৪ এপ্রিল। মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বীরাঙ্গনা কাব্যের দ্রৌপদী, শকুন্তলা, দুঃশলা ও জনার কাহিনি অবলম্বনে নির্মিত মনোমুগ্ধকর এ নাট্যকাব্যের পরিকল্পনা, সুর সংযোজনা ও নির্দেশনায় ছিলেন শুভাশিস সিনহা।এক ঘণ্টার এ নাটকে মহাভারত-এর ওই চরিত্রগুলো মাইকেল মধুসূদন দত্তের নাটকে এসেছে নানা আবহে। কহে বীরাঙ্গনা নাটকের মূল উপজীব্য চার নারীর চারটি চিঠি। নাটকের কাহিনি, মেধাবী নির্দেশনা, পরিপাটি মঞ্চসজ্জা, অভিনেতাদের সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয় মঞ্চকে পরিপূর্ণ করে তুলেছিল। দর্শকের করতালিতে মিলনায়তন ছিল মুখর।শুভাশিস সিনহা বলেন, ‘নাটক নিয়ে টানা তিন মাস বিভিন্ন পর্যায়ে কাজ করেছি। এটিকে যতদূর সম্ভব উপভোগ্য করে তোলার চেষ্টা করেছি। তারপরও ত্রুটির সীমা থাকে না।’ থ্যালাসেমিয়া সোসাইটির সহসভাপতি চন্দনা মজুমদার বলেন, ‘পুরো নাটকটাই চমৎকার হয়েছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে জ্যোতি সিনহার অভিনয়। আমার ছেলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। অসুস্থ ছেলের মায়ের কষ্টের সঙ্গে নাটকের চারটা চরিত্রের নারীর কষ্ট যেন মিলেমিশে একাকার হয়ে গেছে।’ চকরিয়া গ্রামার স্কুলের ছাত্র মোহাম্মদ রুবায়েত আলভী জানায়, ‘মঞ্চসজ্জা সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রতিটি চরিত্রের সঙ্গে মণিপুরী পোশাক ছিল মনকাড়া। সাবলীল অভিনয় দেখে আমি মুগ্ধ।’ চান্দগাঁও আবাসিক এলাকার মো. রসুল মিঞা বলেন, ‘নাটক দেখতে ভালো লেগেছে। তবে মিলনায়তনের ভেতরে বিদ্যুৎ চলে গেলে প্রচণ্ড গরম এবং পোকার উপদ্রব খুবই বিরক্তিকর ছিল। এ ব্যাপারে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।’ নাটকের কলাকুশলীদের মধ্যে মঞ্চে দ্রৌপদী, শকুন্তলা, দুঃশলা ও জনার ভূমিকায় অভিনয় করেন জ্যোতি সিনহা। ভাব-মুদ্রা রূপায়ণে ছিলেন স্মৃতি সিনহা, শুক্লা সিনহা, সুনন্দা সিনহা ও ভাগ্যলক্ষ্মী সিনহা। সংগীতে ছিলেন শর্মিলা সিনহা ও বাদ্যে বিধানচন্দ্র সিংহ ও লক্ষণ সিংহ। নেপথ্য শিল্পীদের মধ্যে ছিলেন আলোক পরিকল্পনায় মোহাম্মদ জসীম উদ্দীন, মো. শাহজাহান এবং দৃশ্যসজ্জায় ছিলেন আলী আহমেদ ও সজল কান্তি সিংহ।