কহেন কবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন দশম শ্রেণীতে পড়ি। সবে আমাদের এদিকে মুঠোফোন জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের ঘরেও মুঠোফোন এল। নতুন অবস্থায় মুঠোফোনের প্রতি আমার ঝোঁকটা একটু বেশিই ছিল। আমাদের মুঠোফোন নম্বরের আশপাশের নম্বরের প্রতি আমার আগ্রহের কমতি নেই। মিস কল দিয়ে খুব জ্বালাতন করতাম।একদিন আমাদের নম্বরের কয়েক ডিজিট পরের নম্বরে একটি এসএমএস পাঠাই (একটি ছবি দেখে অনুপ্রাণিত হয়ে)। সেটা ছিল জয় গোস্বামীর একটি কবিতার লাইন। অনেকটা এ রকম—‘তুমিই কি সেই? মেঘবালিকা তুমি কি সেই?’উত্তর আসবে আশা করিনি, কিন্তু আমাকে অবাক করে দিয়ে একটা জবাব আসে;‘মনে তো নেই, আমার ওসব মনে তো নেই’যা ছিল আমার পাঠানো কবিতার পরের লাইন।আমি আবার লিখলাম, ‘তুমি আমায় লেখার কথা বলেছিলে?’উত্তর আসে, ‘সঙ্গে আছে? ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে!’আমার উৎসাহ গেল কয়েক গুণ বেড়ে। অনেক ঘাঁটাঘাঁটি করে আরও কবিতা পাঠাতে থাকলাম। উত্তরও আসতে থাকল। মুঠোফোন-আসক্তি অনেক বেড়ে গেল। দিনে নিদেনপক্ষে দুটি এসএমএস পাঠাতাম। জবাবও আসত সঙ্গে সঙ্গে।যা-ই হোক, আস্তে আস্তে আমার কাব্যপ্রতিভা বিকশিত হতে থাকে। কত আর অন্যের কবিতা পাঠাব বলুন? অপর প্রান্ত থেকেও মৌলিক কবিতা আসতে শুরু করে।তখন কল একটু ব্যয়বহুল ছিল। তাই কল করা হতো না। এর চেয়েও বড় কারণ ছিল, যদি অপর প্রান্তের প্রেরক কোনো ছেলে হয়। অথবা দেখা গেল আমার চেয়ে অনেক বড় কেউ। তখন দ্বিতীয় বার দেবদাস সাজতে হবে। তার চেয়ে বরং আমার কাব্যপ্রতিভা আরেকটু বিকশিত হোক।সামনে আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা আবৃত্তি, গান, নাচ, বক্তৃতা—অনেক বিষয়েই প্রতিযোগিতা হয়। আমি ঠিক করি, কবিতা আবৃত্তিতে নাম দেব। এবার নিজের একটি কবিতা আবৃত্তি করব। স্বরচিত কবিতা হিসেবে আমি অবশ্যই অগ্রাধিকার পাব।কবিতায় আমরা ১০ থেকে ১২ জন প্রতিযোগী ছিলাম। আমি আমার লেখা সবচেয়ে প্রিয় কবিতাটা আবৃত্তি করব। প্রথমজন করলেন, এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ...। আমার পালা ছিল সপ্তম। পঞ্চম যে ছিল, আমাদের সহপাঠিনী, সে আসতেই আমি একটু নড়েচড়ে বসলাম। এবার আর তোমাকে প্রথম হতে দেব না।ওর প্রতি অভিমান আমার একটু বেশিই ছিল। সেটা শুধু এ জন্য নয় যে, সে সব সময় প্রথম হয়। বরং আমার প্রথম এবং একমাত্র প্রেমপত্রখানা ওর হাতেই টুকরো টুকরো হয়ে রাস্তার মধ্যে গড়াগড়ি খেয়েছিল, সে জন্যও।ও আবৃত্তি শুরু করল।‘আমি যে কবিতা পাঠ করব, সেটা আমার এক বন্ধুর লেখা, যিনি নিজেকে ‘কাককবি’ বলে পরিচয় দেন। কবিতার নাম...’আকাশ থেকে পড়লাম আমি। যে কবিতা আমি আজকে আবৃত্তি করব বলে ঠিক করেছি, সেটার-ই আবৃত্তি চলছে এখন। কবিতাটা এর আগে শুধু একজনের সঙ্গেই শেয়ার করেছিলাম কেবল, খুদেবার্তায়। এককথায় তখন আমি ‘বাকরুদ্ধ’।আমার পালা আসছিল। কোনো রকমে নিজেকে সামলে ঠিক করলাম, আমার কবিতার যে উত্তর এসেছিল, সেটাই আবৃত্তি করব। কবিতাটা মুখস্থই ছিল।বলা বাহুল্য, আমি সেদিনও প্রথম হতে পারিনি। তবে প্রথমবার, প্রথম না হয়েও প্রথম হওয়ার চেয়ে বেশি আনন্দ ছিল সেদিন। দিব্যেন্দুইংরেজি বিভাগ,এমসি কলেজ, সিলেট