কা
তাবিনা রুশপা। আমার একমাত্র ভাতিজি। বয়স সবে তিন মাস। আমার একমাত্র ভাইয়ের কলিজার টুকরো। জুনের কোনো এক রৌদ্রস্নাত দিনে ওর জন্ম, যেদিন আমি কঠোর সামরিক প্রশিক্ষণে ব্যস্ত। প্রথম যেদিন ওকে কোলে নিলাম, কুঁতকুঁতে চোখ দুটি মেলে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিল আমার দিকে। সদ্য সামরিক প্রশিক্ষণ নিয়ে আসা এই আমাকে দেখে ওই অতটুকুন বাচ্চার পিলে চমকে যাওয়ারই কথা। রোদে পুড়ে আমার চেহারার অবস্থাও যা-তা। যা-ই হোক, কিছুক্ষণ ভ্রু কুঁচকে আমাকে দেখে রুশপা যখন নিশ্চিত হলো, এ জীব (আমি!) ক্ষতিকর নয়, তখন অপূর্ব একটা হাসি দিল। হাসিটা দেখে কেন জানি চোখে পানি চলে এল আমার। আহা রে! আমি যখন ওতটুকুন ছিলাম, আমাকে কোলে নিয়ে আমার মা, চাচার না জানি কী অনুভূতি হতো? ওর অমন সুন্দর হাসিটা ওর দাদি দেখে যেতে পারলেন না। প্রাণপ্রিয় মা যে আমাদের ছেড়ে চলে গেছেন সেই কবে।প্রচণ্ড অবাক লাগল। এই তো সেদিন স্কুল থেকে হাত ধরাধরি করে বাড়ি ফিরতাম দুই ভাই। আমার ক্লাস শেষ হয়ে যেত দুইটায়। পাক্কা দুই ঘণ্টা অপেক্ষা করতাম ভাইয়ার জন্য। কখনো স্কুলসংলগ্ন পার্কে খেলে, আড্ডা মেরে কাটিয়ে দিতাম সময়। মনে মনে ভাবতাম, ইস! কবে নিজে বাড়ি ফিরতে পারব? হতচ্ছাড়া ভাইটির জন্য বসে বসে অপেক্ষা করতে হবে না। আর আজ সেই ভাইয়ের বাচ্চাকে কোলে নিয়ে আছি। সময় কত দ্রুত বয়ে যায়। রুশপার প্রথম শেখা ধ্বনি ‘কা’। হঠাৎ বলে উঠল ‘কা’। আহা! বুকটা তত্ক্ষণাৎ ভরে গেল। মনে হলো, যেন বলছে কাকা। আপনাআপনি চোখ ঝাপসা হয়ে উঠল। ওকে কোলে নিয়ে ঘুম পাড়ালাম। ফিরে আসব, একি! দেখি চোখ দুটো অপলক মেলে তাকিয়ে আছে আমার দিকে। যেন নীরব ভাষায় বলছে, ‘চাচ্চু, আমাকে ফেলে যেয়ো না।’তৃতীয়বারের মতো চোখ ঝাপসা হয়ে উঠল। রক্তের টান বোধ হয় একেই বলে। প্রতিনিয়ত বেড়ে উঠছে রুশপা। চোখে-মুখে অবিকল ভাইয়ার প্রতিচ্ছবি। দোয়া করি, অনেক বড় হোক জীবনে, যেন কোনো কষ্ট কখনো না ছুঁতে পারে ওকে।এ এস এম ফারহান, উত্তরা, ঢাকা।