কাঁচা মরিচ ও পেঁয়াজ এখনো নাগালের বাইরে
লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিযোগিতায় পেঁয়াজ ও কাঁচা মরিচ এখনো শীর্ষে রয়েছে। গতকাল বুধবার নগরের পাহাড়তলী, চৌমুহনী কর্ণফুলী, কাজীর দেউড়িসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা দরে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকায়। পাহাড়তলী বাজারের ব্যবসায়ী মো. জসিম জানান, গত শনিবার থেকে পেঁয়াজের দাম বেড়ে গেছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে এর প্রভাব পড়েছে বলে তিনি জানান। পাইকারি বাজারে প্রতিকেজি ৩৮ থেকে ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। রসুন বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৮ থেকে ৫০ টাকায়। আদা ৪৫ থেকে ৫০ এবং আলু ১৫ থেকে ১৭ টাকা কেজি দামে। চিনির দাম স্থিতিশীল রয়েছে বেশ কিছুদিন ধরে। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৬৮ টাকা কেজি দরে গত সপ্তাহের মতোই।কাঁচা মরিচের ঝাঁজ কমেনি এখনো: ১৫০ টাকার কাঁচা মরিচ ৭০ থেকে ৮০ টাকায় নেমে এলেও একে সহনীয় ভাবছে না ক্রেতারা। বাজারে কাঁচা মরিচের এই দামে ক্রেতারা ক্ষুব্ধ। বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতার মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটিও হতে দেখা গেছে। গতকাল কাজীর দেউড়ি বাজারে শফিক আলম নামে এক ক্রেতা বলেন, ‘বুঝলাম না, বিভিন্ন অজুহাতে কাঁচা মরিচের দাম বাড়ানোর কী মানে রয়েছে? এ ব্যাপারে বিক্রেতাদের বক্তব্য, সরবরাহ স্বাভাবিক থাকলে দাম কম রাখতে তাঁদের কোনো সমস্যা নেই।’সবজির বাজারেও আগুন: শীত এখনো নামেনি। এর আগেই শীতের সবজি এসেছে বাজারে। এর মধ্যে বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, মুলা ৪০ থেকে ৬০ টাকা এবং টমেটো ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। যদিও অনেকেরই মন্তব্য, এগুলো সবই কোল্ডস্টোরেজের পণ্য। এদিকে বরবটি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দামে। কাকরোল ৪৫ থেকে ৫০, পটল ৩৬ থেকে ৪০, ঝিঙা ৩৫ থেকে ৪০, বেগুন (গোল) ৩৬ থেকে ৪৫, বেগুন (লম্বা) ৪৫ থেকে ৫০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।বেড়েছে গুঁড়ো ও ঘন দুধের দাম: গত কয়েক দিনে গুঁড়ো দুধের দাম কার্টনপ্রতি ১২০ টাকা করে বেড়ে গেছে বলে ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে। ১২ পিসের এক কেজি কার্টন পাঁচ হাজার ৪০০ টাকা থেকে বেড়ে পাঁচ হাজার ৫২০ টাকা হয়েছে। ২৪ পিসের আধা কেজির কার্টনের দাম পাঁচ হাজার ৬৪০ টাকা থেকে বেড়ে পাঁচ হাজার ৭৬০ টাকা হয়েছে। ঘন (কনডেনসড) দুধের দাম বেড়েছে প্রতি কার্টনে ১০০ টাকা। বর্তমানে ৪৮টি কার্টনের দাম পড়ছে দুই হাজার ৫৯৬ টাকা। আগের দাম ছিল দুই হাজার ৪৯৬ টাকা।চাল বাজারের হালচাল: চালের বাজারে গত এক সপ্তাহে দামের তেমন কোনো হেরফের হয়নি বলে জানা গেছে। বর্তমানে পাইজাম আতপ ৪৩ থেকে ৪৫ টাকা, মিনিকেট ৩৫ থেকে ৩৮ টাকা, বেতি আতপ ৩০ থেকে ৩২ টাকা, বর্মা আতপ ২৯ থেকে ৩১ টাকা, চিনিগুঁড়া ৬২ থেকে ৬৫, কাটারিভোগ ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।অন্যদিকে সেদ্ধ চালের মধ্যে জিরাশাইল ৪৩ থেকে ৪৫, মিনিকেট ৩৮ থেকে ৪০, ছটার পারি ৩৬ থেকে ৩৮, পারি সেদ্ধ ৩৪ থেকে ৩৬ এবং মোটা সেদ্ধ ৩০ থেকে ৩২ টাকা রাখা হচ্ছে। মাছ-মাংসের দাম: এক কেজি ওজনের প্রতিটি ইলিশ বাজার ভেদে ৫০০ থেকে ৬০০ টাকা, রুই মাছ ২৫০ থেকে ৩৫০, কাতল ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি গরুর মাংস হাড়সহ ২৮০ থেকে ৩০০, হাড় ছাড়া ৩৪০ থেকে ৪০০ এবং ভারতীয় গরুর মাংস হাড়সহ ২৫০ থেকে ৩০০, হাড় ছাড়া ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। ছাগলের মাংসের কেজি ৩৮০ থেকে ৪৮০ টাকা। ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না বলে দাবি করেন পাহাড়তলী বাজারে গরুর মাংস ব্যবসায়ী মো. আবু বক্কর ছিদ্দিক ওরফে দুলাল সওদাগর। তিনি জানান, চামড়ার দাম কমে গেছে। বর্তমানে দুই হাজার ৪০০ টাকার চামড়া বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকায়। চামড়া ব্যবসায়ীদের হাতে টাকা না থাকায় এমন অবস্থা হয়েছে বলে তিনি মনে করেন।