কাঁচা মরিচ নিয়ে কারসাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজা শুরু হতে এখনো ১২-১৩ দিন বাকি। রোজাকে পুঁজি করে বাজারে এখনই অস্থির হয়ে উঠছে কাঁচা মরিচের দাম। সরবরাহ সংকটের কথা বলে লাফিয়ে লাফিয়ে ওঠা-নামা করছে কাঁচা মরিচের দাম।বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাস আগে কেজিপ্রতি কাঁচা মরিচ বিক্রি হয় ২৫-৩০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয় কেজিপ্রতি ৪০-৫০ টাকা। এ সপ্তাহের শুরুতে দাম ওঠে কেজিপ্রতি ৮০ টাকা। গতকাল বুধবার আবার কেজিপ্রতি ৬০ টাকায় নেমেছে কাঁচা মরিচের দাম। কৃত্রিম সংকট সৃষ্টি করে কাঁচা মরিচের দাম এভাবে ওঠা-নামা করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন খোদ ব্যবসায়ীরাই।জানা গেছে, রোজার সময় কাঁচা মরিচের চাহিদা বাড়ে। কিন্তু চাহিদা বাড়ার আগেই সরবরাহ কম-বেশি দেখিয়ে দাম বাড়াচ্ছিলেন বিক্রেতারা। এ প্রসঙ্গে জেলা প্রশাসনের বাজার তদারকি কমিটির সদস্য ও কাজীর দেউড়ি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘এক সপ্তাহ আগে পাইকারি বাজারে যে মরিচ কেজিপ্রতি ৪০ টাকায় বিক্রি হয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে সেই মরিচ আড়তদারেরা এখন বিক্রি করছেন ৮০ টাকায়। বাজার তদারকি শুরুর পর এখন ৬০ টাকায় নেমেছে। তিনি বলেন, ‘কাঁচা মরিচের বাজারে এখন যা চলছে, তা কৃত্রিম সংকট ছাড়া কিছুই নয়।’জানা গেছে, চট্টগ্রামে কাঁচা মরিচ সরবরাহ হয় রিয়াজউদ্দিন বাজার থেকে। আড়তদারেরা উত্তরাঞ্চল থেকে মরিচ কিনে কমিশন নিয়ে বিক্রি করেন পাইকারি ও খুচরা ক্রেতাদের কাছে। খুচরা ক্রেতারা পরিবহন খরচ যোগ করে পাইকারি দামের চেয়ে কেজিপ্রতি ১০ টাকা বাড়তি দাম যোগ করে বিক্রি করেন।এ প্রসঙ্গে রিয়াজউদ্দিন বাজারের সদস্য বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী নুর ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন, গত মঙ্গলবার আড়ত থেকে কেজিপ্রতি কাঁচা মরিচ বিক্রি হয় ৫৫ টাকায়। সরবরাহ বাড়ায় গতকাল বুধবার দাম কমে যায়। কেজিপ্রতি কাঁচা মরিচ আড়ত থেকে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়। তিনি দাবি করেন, কাঁচা মরিচের সরবরাহের ওপর দামও ওঠা-নামা করে। খুচরা বাজার ঘুরে দেখা গেছে, একেক বাজারে একেক দামে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। কাজীর দেউড়ি বাজারে গত মঙ্গলবার কাঁচা মরিচ বিক্রি হয় কেজিপ্রতি ১০০ টাকায়। গতকাল বুধবার বিক্রি হয় ৬৫-৭০ টাকায়। রিয়াজউদ্দিন বাজারে গতকাল কাঁচা মরিচ বিক্রি হয় কেজিপ্রতি ৬০ টাকায়। এই বাজারের একজন খুচরা বিক্রেতা প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি করেছি। আড়তে দাম কমায় এখন ৬০ টাকায় বিক্রি করছি।’কাজীর দেউড়ি বাজারের খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজার থেকে কেনার পর প্রতিকেজিতে বেশ কিছু পরিমাণ কাঁচা মরিচ ফেলে শুধু ভালো মানেরগুলো তাঁরা বিক্রি করেন। এ কারণে অন্যান্য বাজার থেকে তাঁদের বাজারে কাঁচা মরিচের দাম একটু বেশি। তবে পাইকারি বাজারের ওপর নির্ভর করে কাঁচা মরিচের দাম। পাইকারি বাজারে কমলে খুচরা বাজারেও কমতে বাধ্য।