কাঁচাবাজার থেকে সুপারশপ

সুপারশপে স্বাস্থ্যবিধি মেনে দরকারি সব বাজারসদাই করা যাবে। মডেল: আরিয়ানা, কৃতজ্ঞতা: স্বপ্নছবি: কবির হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদের রান্নাবান্নায় বেড়ে যায় কাঁচাবাজার ও মসলাপাতির প্রয়োজন। বিশেষ করে রান্নায় তেল, আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ, টমেটো, শসা থেকে শুরু করে দরকার কতশত কাঁচাবাজার। আবার শুকনা বাজারের প্রয়োজনও কম নয়। পোলাওর চাল, সেমাই, চিনি, দুধ, বাদাম, লবণ ছাড়া ঈদের রান্নায় আয়োজন অসম্পূর্ণ। তবে করোনাকালে বাজার করতে স্বাস্থ্য সুরক্ষা নিয়েও ভাবতে হবে সবার আগে।

সুপারশপ হোক বা কাঁচাবাজার, ঘুরে ঘুরে প্রয়োজনীয় বাজারটুকু সেরে নেওয়ার জন্য বাড়তি সময় তেমন নেই। তাই আগে থেকেই বাজার করা গেলে পাওয়া যাবে একটু আরাম। এ ছাড়া তড়িঘড়ি করে বাজারে না গিয়ে বাজারের তালিকার পাশে দাম বসিয়ে নিলে হিসাবও সহজ হবে।

রাজধানীর কারওয়ান বাজার, রায়ের বাজার, মোহাম্মদপুর বাজার ছাড়াও রাজধানীতে বড় বড় বেশ কয়েকটি বাজার বসে। একসঙ্গে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, তেল কিনতে চাইলে কাঁচাবাজারই অনেকের ভরসা। এ ছাড়া পাইকারি বা খুচরা দুই মূল্যেই করা যাবে কোরবানি ঈদের বাজার।

করোনাভাইরাস সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় অনেকেই সুপারশপ থেকে বাজার করাকে প্রাধান্য দিচ্ছেন। আলু, পেঁয়াজের মতো কাঁচা পণ্যের পাশাপাশি ঈদের অতিপ্রয়োজনীয় শুকনা বাজার চাল, চিনি, লবণ, দুধ, সেমাই এখানে সহজেই পাওয়া যাবে। থাকছে বিভিন্ন সাপ্তাহিক ছাড় ও বিনা মূল্যে ঘরে বাজার পৌঁছে দেওয়ার সুবিধা।

সুপারশপ ঘুরে দেখা গেল, মীনা বাজারে দেশি পেঁয়াজ একসঙ্গে পাঁচ কেজি ২৮৫ টাকা, দেশি আদা প্রতি কেজি ১৩০ টাকা ও চীনা আদা ২২০ টাকা। এ ছাড়া দেশি রসুন ৮৫ টাকা ও ভারতীয় রসুন পাওয়া যাচ্ছে ১৭০ টাকা করে। আর আলু প্রতি কেজি ২৮ টাকা করে বিক্রি হচ্ছে। ১০০ গ্রাম কাঁচা মরিচ ৭ টাকা, দেশি টমেটো প্রতি কেজি ৬০ টাকা ও শসা প্রতি কেজি ৬০ টাকা।

সুপারশপ স্বপ্নে বিভিন্ন প্রতিষ্ঠানের ১ কেজি গুঁড়া দুধ পাওয়া যাচ্ছে ৫৫০ থেকে ৬৩০ টাকার মধ্যে। খুচরা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৪ টাকা করে। কালিজিরা চাল খুচরা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০ টাকা করে। চিনিগুঁড়া চাল প্রতি কেজি খুচরা ৯৫ টাকা। বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেটজাত সেমাই পাওয়া যাচ্ছে ১২৩ থেকে ৩৪ টাকার মধ্যে। প্যাকেটজাত লবণ প্রতি কেজি ৩২ টাকা। প্যাকেটজাত ১০০ গ্রাম কাঠবাদাম ১১৪ টাকা, ১০০ গ্রাম পেস্তা ২২৮ টাকা ও ৫০ গ্রাম কাজুবাদাম ৮৫ টাকা।