পাঠ্যবই ও নির্বাচনী কাগজপত্র ছাপানোর কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা
কাঁচামালের সংকটে কর্ণফুলী কাগজকল
কর্ণফুলী কাগজকলে (কেপিএম) উৎপাদনের মূল কাঁচামাল বাঁশের সংকট দেখা দিয়েছে। কাঁচামালের অভাবে গত কয়েকদিন কারখানার উৎপাদন স্বাভাবিকের চেয়ে প্রায় অর্ধেকে নেমে এসেছে। সংকট অব্যাহত থাকলে বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছেন। উৎপাদন কম হলে আগামী বছরের পাঠ্যবই ছাপানো এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপার মুদ্রণসহ নির্বাচনীকাজ বিঘ্নিত হবারও আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। জানা যায়, পার্বত্য এলাকার বিভিন্ন জায়গায় প্রচুর বাঁশ মজুদ থাকলেও ব্যবসায়ীরা তা বেশি দামে বাইরে বিক্রির চেষ্টা করছেন। এদিকে, সংকট কাটিয়ে ওঠার জন্য রাঙামাটির জেলা প্রশাসক জেলার বাইরে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের বাঁশ পরিবহন বন্ধ ঘোষণা করেছেন। ১ অক্টোবর থেকে ওই ঘোষণা কার্যকর হয়েছে।জানা গেছে, বাঁশ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বাঁশ ব্যবসায়ীদের মধ্যে এক সভায় ব্যবসায়ীরা বাঁশ সরবরাহের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তাঁরা গড়িমসি করছেন। ব্যবসায়ীদের দাবির মুখে কর্তৃপক্ষ বাঁশের দাম প্রায় ৩০ ভাগ বাড়ালেও তাঁরা (ব্যবসায়ীরা) তা ৫০ ভাগ করার প্রস্তাব দিয়েছেন। এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন ৫ অক্টোবর কাপ্তাই জেটিঘাটে বাঁশ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে জাতীয় স্বার্থে কেপিএমে বাঁশ সরবরাহ করার অনুরোধ জানান। তিনি বলেন, কোথাও বাঁশ মজুদ করা যাবে না। কেপিএমের কাঁচামাল সংগ্রহ বিভাগের মহাব্যবস্থাপক মানিক আলোয় বড়ুয়া কাঁচামাল সংকটের কথা স্বীকার করে বলেন, ‘প্রতিদিন প্রায় ১০০ মেট্রিক টন কাগজ উৎপাদনের জন্য ১৭০ টন মুলি ও মিতিঙ্গা জাতীয় বাঁশ প্রয়োজন হয়। ওই পরিমাণ বাঁশের সঙ্গে প্রয়োজনীয় নরম কাঠও (ফায়ারউড্) মেশাতে হয়। বর্তমানে প্রয়োজনীয় ফায়ারউড মজুদ থাকলেও সংকট রয়েছে বাঁশের। বাঁশ না থাকায় দৈনিক কাগজ উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ সংকট চলতে থাকলে কেপিএম বড় অঙ্কের আর্থিক লোকসানের মুখে পড়বে।’সূত্র জানায়, এ ব্যাপারে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক গত ২২ সেপ্টেম্বর রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠকে সেনাবাহিনী, বন বিভাগ, বিডিআর, পুলিশ, বাঁশ ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী বছর জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চাহিদা পূরণ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যবহারের জন্য প্রয়োজনীয় কাগজ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে যেকোনো উপায়ে কেপিএমে বাঁশ সংগ্রহ অব্যাহত রাখতে সবাই একমত পোষণ করেন। এজন্য প্রতিদিন সড়ক ও নৌপথে জেলার বাইরে বাঁশ সরবরাহ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত কার্যকর করার জন্য কাপ্তাই-চট্টগ্রাম ও রাঙামাটি-চট্টগ্রাম সড়কপথে বন বিভাগের বিভিন্ন তল্লাশিকেন্দ্রে (চেকপোস্ট) নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কাপ্তাই বাঁশ ব্যবসায়ী সমিতির এক কর্মকর্তা জানান, আগে প্রতিদিন বিপুল পরিমাণ বাঁশ ট্রাকে করে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। বিভিন্ন স্থান থেকে ক্রেতারা বাঁশের জন্য ইতিমধ্যে অগ্রিম টাকাও জমা দিয়েছেন। এখন চাহিদা অনুযায়ী বাঁশ পরিবহন করতে না পারায় অনেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তা সত্ত্বেও কিছু ব্যবসায়ী জাতীয় স্বার্থে জেলা প্রশাসকের সিদ্ধান্ত মেনে নিলেও কেউ কেউ এতে সায় দিতে চাইছেন না। কেপিএমের কাঁচামাল সংগ্রহ বিভাগের মহাব্যবস্থাপক মানিক আলোয় বড়ুয়া জানান, দেশে মোট উৎপাদিত বাঁশের ৮০ ভাগ উৎপাদন হয় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। আর বাঁশের প্রাপ্যতার ব্যাপারে নিশ্চিত হয়েই ১৯৫৩ সালে পার্বত্য চট্টগ্রামের কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজকল প্রতিষ্ঠা করা হয়। তিনি জানান, মূলত গত দু-তিন বছর আগে বাঁশে ফুল আসার কারণে বাগানে বাঁশের উৎপাদন কমে যায়। প্রাকৃতিক নিয়মে ফুল এলে বাগানে বাঁশের মড়ক সৃষ্টি হয়। ব্যাপকহারে মড়ক দেখা দেওয়ায় গত কয়েক বছর ধরে বাঁশের উৎপাদন কমে যায়। তার ওপর ইউএনডিপি পার্বত্য এলাকার জুমিয়াদের মাঝে কলা, আনারস, আদা, হলুদ, কচু, মরিচসহ বিভিন্ন সবজি আবাদ করার জন্য আর্থিক অনুদান দিয়ে আসছে। এ অনুদান পেয়ে অনেকে বাঁশ সৃজন বাদ দিয়ে সবজি উৎপাদনের দিকে ঝুঁকে পড়েন। এতেও বাঁশের উৎপাদন কমে যাচ্ছে। তারপরেও এখানে উৎপাদিত বাঁশ কেপিএমের চাহিদা পূরণে সক্ষম।৩ অক্টোবর কেপিএম পরিদর্শন করে দেখা গেছে, ২০টির মতো ট্রাক কেপিএমে বাঁশ নিয়ে এসেছে। কিন্তু পরদিন থেকে ট্রাকের সংখ্যা পাঁচ-ছয়টিতে নেমে এসেছে। সূত্র জানায়, চাহিদা অনুযায়ী বাঁশ সরবরাহ পাওয়ার লক্ষ্যে ব্যবসায়ীদের দাবির মুখে কেপিএম কর্তৃপক্ষ বাঁশের দাম প্রায় ৩৩ শতাংশ বাড়িয়ে দিতে রাজি হয়েছেন। তারপরও ব্যবসায়ীরা বেশি লাভের আশায় কেপিএমে বাঁশ না দিয়ে বাইরে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় মজুদ করে রেখেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, ব্যবসায়ীরা কেপিএমে সরবরাহ করা বাঁশের দাম দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন।